এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট)
হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর বাজার সুপারি কেনাবেচার অন্যতম বড় কেন্দ্র। ছবি : সময়ের আলোবাগেরহাটের মোরেলগঞ্জে এ বছর সুপারির ফলন কম হলেও বাজারদর চড়া। গত বছরের তুলনায় প্রায় অর্ধেক ফলন হলেও দ্বিগুণ দাম পেয়ে খুশি কৃষকরা। উপজেলার বৌলপুর বাজারে সপ্তাহে দুইদিন বসছে সুপারির হাট। প্রতি হাটে প্রায় কোটি টাকার সুপারি বিক্রি হচ্ছে। এসব সুপারি ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন ব্যবসায়ীরা।
সরেজমিনে জানা গেছে, উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর বাজার সুপারি কেনাবেচার অন্যতম বড় কেন্দ্র। মৌসুমের শুরু থেকেই এ বাজারে বেচাকেনা জমে উঠেছে। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার এখানে হাট বসে। বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা সুপারি কিনতে আসেন। প্রতি হাটে অন্তত ২০টি চটি বসিয়ে ২০ জন ব্যবসায়ী স্থানীয় কৃষকদের কাছ থেকে সুপারি কেনেন।
হাটে সুপারি বিক্রি করতে আসা বড় হরিপুর গ্রামের দিলীপ বিশ্বাস, গোবিন্দপুর গ্রামের মোসলেম হাওলাদার ও কালিয়ামেগা গ্রামের সামছুর রহমানসহ কয়েকজন কৃষক জানান, গত বছরের তুলনায় এবার সুপারির ফলন প্রায় অর্ধেক হয়েছে। তবে দাম বেড়েছে দ্বিগুণ। গত বছর যে সুপারি প্রতি কুঁড়ি ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি করেছেন, এবার তা ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এভাবে দাম থাকলে মৌসুমের শেষদিকে আরও বাড়তে পারে বলে আশা করছেন তারা।
বৌলপুর বাজারের সুপারি ব্যবসায়ী রেজাউল শেখ, কবির শেখ, মহিত খান, শাহিন শিকদার, নাজমুল হাওলাদার ও ছিদ্দিক শেখ জানান, এ বছর ফলন কম হলেও বাজারদর বেশ ভালো। দাম বাড়ায় কৃষকরা উৎপাদন কম হওয়ার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারছেন।
ব্যবসায়ীরা জানান, প্রতি সপ্তাহে মঙ্গলবার ও শনিবার হাট থেকে সুপারি কিনে ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। এর মধ্যে উত্তরাঞ্চলের রংপুর, বগুড়া, নাটোর, কুড়িগ্রাম ও গাইবান্ধা ছাড়াও চট্টগ্রামে সুপারি যাচ্ছে। হাজার হাজার বস্তা সুপারি পাইকারি বিক্রির জন্য আড়তদারদের কাছে পাঠানো হচ্ছে। প্রতি হাটে প্রায় কোটি টাকার সুপারি সরবরাহ করছেন ব্যবসায়ীরা।
তারা আরও জানান, গত বছর ভালো মানের প্রতি কুঁড়ি সুপারি সর্বোচ্চ ৬০০ টাকায় কেনা যেত। এবার একই মানের সুপারি কিনতে হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়। মাঝারি মানের সুপারি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়। বাজারদর বেশি হওয়ায় ব্যবসায়ীদেরও বেশি পরিমাণ নগদ টাকা বিনিয়োগ করতে হচ্ছে।
মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ বছর উপজেলায় ৭৫০ হেক্টর জমিতে প্রায় ৬ হাজার ৩০০ মেট্রিক টন সুপারি উৎপাদিত হয়েছে। হোগলাপাশা, বনগ্রাম, খাউলিয়া, রামচন্দ্রপুর ও চিংড়াখালী ইউনিয়নে সবচেয়ে বেশি সুপারি উৎপাদন হয়েছে। অন্যান্য ইউনিয়নেও কমবেশি সুপারি হয়েছে।
তিনি বলেন, এ বছর ফলন কিছুটা কম হলেও বাজারদর ভালো। এতে কৃষকরা লাভবান হচ্ছেন। সুপারির ভালো দাম থাকলে আগামীতে এ ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়বে। পাশাপাশি এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও সুপারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সময়ের আলো/এনএন