প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২:৫৪ পিএম আপডেট: ১১.১১.২০২৬ ২:৫৪ পিএম
তালাবদ্ধ সাব-রেজিস্ট্রার কার্যালয়। ছবি : সময়ের আলো মাদারীপুরের শিবচরে সাব-রেজিস্ট্রার ও দলিল লেখকদের বিরোধের জেরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুস গ্রহণ, দলিল আটকে রাখা ও হয়রানির অভিযোগ তুলে তার কার্যালয়ের সামনে আন্দোলন করেন দলিল লেখকেরা। এ সময় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভেতর থেকে দরজায় তালা লাগিয়ে দেন। পরে আন্দোলনরত দলিল লেখকেরা শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের কাছে লিখিত অভিযোগ দেন। একই সঙ্গে ওই সাব-রেজিস্ট্রারের দ্রুত অপসারণ দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে দলিল লেখকদের বিরুদ্ধে সরকারি অফিস ভাঙচুরের অভিযোগ তুলেছেন সাব-রেজিস্ট্রার।
দলিল লেখকদের অভিযোগ, গত ৮ নভেম্বর শিবচর সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন আববারার ইবনে রহমান। যোগদানের পর থেকেই বিভিন্ন কারণ দেখিয়ে দলিল নিবন্ধন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছেন তিনি। বিভিন্ন আইনের অজুহাতে দলিল আটকে রেখে পরে নিবন্ধনের জন্য লাখ লাখ টাকা ঘুস দাবি করা হয়। ঘুস দিলে দলিল নিবন্ধন করে দেওয়া হয় বলেও অভিযোগ তাদের।
শিবচর দলিল লেখক সমিতির সভাপতি ইব্রাহিম মুন্সী বলেন, আমরা দীর্ঘদিন ধরে এখানে কাজ করছি। এমন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা এর আগে এই অফিসে আসেননি। তিনি বিভিন্ন আইনের অজুহাতে আমাদের দলিল আটকে দেন। পরে লাখ লাখ টাকা ঘুস দাবি করেন। ঘুস দিলে কাজ করে দেন।
দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. আশিক বলেন, তিনি গত সপ্তাহে এই অফিসে যোগদান করার পর থেকে ঘুস ছাড়া কোনো কাজই করতে চান না। বিভিন্নভাবে দলিল লেখকদের হয়রানি করছেন। আমরা তার দ্রুত অপসারণ চাই।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সাব-রেজিস্ট্রার আবরার ইবনে রহমান বলেন, আমি অল্প কয়েক দিন হলো এখানে যোগদান করেছি। সরকারি বিধিমালা অনুসারেই দলিল নিবন্ধনের কাজ করছি। কিন্তু দলিল লেখকেরা অনেক ত্রুটিযুক্ত দলিল নিয়ে আসেন। সেগুলো নিবন্ধনের অনুমতি না দেওয়ায় তারা আমার ওপর ক্ষুব্ধ হয়েছেন এবং সরকারি অফিস ভাঙচুর করেছেন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, সকালেই দলিল লেখকেরা আমার কাছে সাব-রেজিস্ট্রার কর্মকর্তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। আবার সাব-রেজিস্ট্রার কর্মকর্তাও দলিল লেখকদের বিষয়ে কিছু অভিযোগ করছেন। তবে সরকারি অফিস ভাঙচুরের বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিগ্গিরই দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে শিবচর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে।
সময়ের আলো/এনএন