ছয় বছরেও চালু হয়নি, বেড়েছে ব্যয়

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

দক্ষিণাঞ্চলের ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য বরিশালে ৪৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ছয় বছর আগে। কিন্তু দুই দফায়

2026-11-11T15:32:12+00:00
2026-11-11T15:32:12+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
বরিশাল ক্যানসার হাসপাতাল
ছয় বছরেও চালু হয়নি, বেড়েছে ব্যয়
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৩২ পিএম 
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে প্রায় তিন একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে ৪৬০ শয্যার চিকিৎসাকেন্দ্রটি। ছবি : সময়ের আলো
দক্ষিণাঞ্চলের ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য বরিশালে ৪৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ছয় বছর আগে। কিন্তু দুই দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়েও হাসপাতালটি চালু করা যায়নি। উল্টো বেড়েছে নির্মাণ ব্যয়। ফলে ক্যানসারের চিকিৎসায় এখনো রাজধানীমুখী হতে হচ্ছে দক্ষিণাঞ্চলের রোগীদের।

ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগের চিকিৎসাসেবা বিভাগীয় পর্যায়ে নিশ্চিত করতে ২০২০ সালে দেশের আটটি বিভাগীয় শহরে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এর আওতায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে প্রায় তিন একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে ৪৬০ শয্যার চিকিৎসাকেন্দ্রটি। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় এখনো চালু করা সম্ভব হয়নি এটি।

বারবার বাড়ছে প্রকল্পের মেয়াদ ও ব্যয়

বরিশালের ৪৬০ শয্যার বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের জন্য ১৪ হাজার বর্গফুট আয়তনের ১৫ তলা ভবন নির্মাণের কাজ শুরু হয় ২০২০ সালের নভেম্বরে। নির্মাণকাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান বিল্ডার্স। চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের জুনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল।

বরিশাল গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ২৩৮ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার টাকা। এর মধ্যে ৯৯ কোটি ৫১ লাখ ৪৫ হাজার টাকা চুক্তিমূল্যে বেজমেন্টসহ ১৫ তলা ভবনের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তিন দফায় প্রকল্পের ব্যয় সমন্বয়ের পর তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৩৯ কোটি টাকা। তবে ব্যয় আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বাস্তবায়নকারী প্রতিষ্ঠান গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানান, চিকিৎসা সরঞ্জাম, আসবাব ও অন্যান্য কাজের জন্য বরাদ্দ ২০২২ সালে একবার বাড়ানো হয়েছিল। কিন্তু এরপর এসব সরঞ্জামের দাম কয়েক গুণ বেড়েছে। এ কারণে বরাদ্দ আরও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানোর প্রস্তাবও পাঠানো হয়েছে। প্রস্তাবটি এখন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

গত ৪ নভেম্বর আটটি বিভাগীয় শহরে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক হাসান ফিরোজের সঙ্গে এ বিষয়ে কথা হয়। বরাদ্দ কত টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, অনুমোদনের আগে এ বিষয়ে বলা যাবে না।

অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে ২০২৩ সালে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। তবে ওই সময়ের মধ্যেও কাজ শেষ হয়নি। প্রথম দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় ২০২৫ সালের জুন পর্যন্ত করা হয়। এরপরও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় তৃতীয় দফায় আরও এক বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় দফার মেয়াদ শেষে অবকাঠামোর নির্মাণকাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছিল।

তবে কাজের ধীরগতির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন মেসার্স খান বিল্ডার্সের ব্যবস্থাপক রিপন তালুকদার। তিনি বলেন, আমাদের গাফিলতি নয়; বরং সময়মতো বরাদ্দ না পাওয়াসহ নানা সীমাবদ্ধতার কারণে চুক্তি অনুযায়ী কাজ শেষ করা যায়নি।

প্রকল্পের ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম বলেন, সময়ের সঙ্গে সবকিছুর দাম বাড়ে। সে অনুযায়ী প্রকল্পের ব্যয়ও বাড়বে। এটি স্বাভাবিক। তবে বরিশালের এই প্রকল্পে সেই তুলনায় ব্যয় খুব বেশি বাড়েনি।

বাড়ছে ক্যানসার রোগী, চিকিৎসাসেবা অপ্রতুল

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ সূত্রে জানা যায়, বরিশালসহ দক্ষিণাঞ্চলে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু প্রয়োজনের তুলনায় চিকিৎসার ব্যবস্থা ও সরঞ্জাম অপ্রতুল। বিভাগটিতে আগে ২৭টি শয্যা থাকলেও বছরখানেক আগে তা কমিয়ে ২১টি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, প্রতিনিয়ত রোগীর চাপ বাড়লেও শয্যাসংখ্যা ও চিকিৎসা সরঞ্জাম বাড়েনি। বরং শয্যা কমেছে। ফলে অনেক রোগী ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন না। বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪০ জন রোগী চিকিৎসা নেন।

এ ছাড়া ২০১৫ সাল থেকে বিভাগটির রেডিওথেরাপি যন্ত্রটি নষ্ট। রেডিওলজি, রেডিও টেলিথেরাপি ও ব্র্যাকিথেরাপির যন্ত্রগুলোও প্রায় এক দশক ধরে অচল ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ফলে রোগীদের চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় যেতে হচ্ছে। এতে বাড়ছে চিকিৎসার খরচ, যাতায়াতের ভোগান্তি ও সময়ের অপচয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের প্রধান আ ন ম মঈনুল ইসলাম বলেন, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রটি চালু হলে দক্ষিণাঞ্চলে ক্যানসার চিকিৎসার সংকট অনেকটাই কমবে। তাই যত দ্রুত সম্ভব হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ক্যানসারে নিঃস্ব পরিবার

ক্যানসারের চিকিৎসা করাতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহানের পরিবার। কোলন ক্যানসার শনাক্ত হওয়ার পর থেকে চিকিৎসার জন্য তাকে বারবার ঢাকায় যেতে হচ্ছে। রোগের শারীরিক ও মানসিক যন্ত্রণার পাশাপাশি পরিবারের ওপর চেপেছে চিকিৎসার বাড়তি ব্যয় ও যাতায়াতের দুর্ভোগ।

ইসরাতের বাবা আবদুল খালেক ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে দারোয়ানের চাকরি করেন। পাঁচ মেয়েকে নিয়ে সংসার চালাতেই তাকে হিমশিম খেতে হয়। এর মধ্যে মেয়ের ক্যানসার শনাক্ত হওয়ায় পুরো পরিবারে নেমে এসেছে চরম দুর্দশা। বরিশালে বিশেষায়িত হাসপাতালটি চালু থাকলে ইসরাতের মতো দক্ষিণাঞ্চলের বহু রোগীর চিকিৎসার ভোগান্তি কমত।

ঝালকাঠির রাজাপুরের বাসিন্দা আবদুল খালেক বলেন, এরই মধ্যে বাড়িতে সামান্য কৃষিজমি ছিল, তা বিক্রি করে দিয়েছি। এরপর আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা, ঋণ এনে ১২ লাখ টাকা ব্যয় করেছি মেয়ের চিকিৎসায়। চিকিৎসায় আরও অনেক টাকার দরকার। কিন্তু অর্থাভাবে এখন আর চিকিৎসা করাতে পারছি না। জানি না কী হবে?

সময়ের আলো/এনএন
  বিষয়:   বরিশাল ক্যানসার হাসপাতাল  ছয় বছর  চালু হয়নি  ব্যয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: