মা-বাবার খোঁজে ৬ বার আসেন বাংলাদেশে, পথে পথে বিলান লিফলেট

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

নেদারল্যান্ডসে তার ঘর, সেখানেই বেড়ে ওঠা। জীবনের প্রায় পুরোটা সময় কেটেছে ইউরোপে। তবু মনের ভেতর রয়ে গেছে এক অজানা অধ্যায়—জন্মদাতা

2026-11-14T11:59:46+00:00
2026-11-14T11:59:46+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
মা-বাবার খোঁজে ৬ বার আসেন বাংলাদেশে, পথে পথে বিলান লিফলেট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৯ এএম 
কুমিল্লার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মা-বাবার খোঁজে রাজীব। ছবি : সংগৃহীত
নেদারল্যান্ডসে তার ঘর, সেখানেই বেড়ে ওঠা। জীবনের প্রায় পুরোটা সময় কেটেছে ইউরোপে। তবু মনের ভেতর রয়ে গেছে এক অজানা অধ্যায়—জন্মদাতা মা-বাবা কারা, কোথায় তাদের ঠিকানা? সেই উত্তর খুঁজতেই ছয়বার বাংলাদেশে এসেছেন রাজীব উদ্দিন। এবার কুমিল্লার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের হাতে তুলে দিচ্ছেন নিজের ছবি সংবলিত লিফলেট। যদি কেউ চিনতে পারেন, যদি কেউ দিতে পারেন তার জন্মপরিচয়ের সূত্র!

রাজীবের পাসপোর্ট ও পরিচয়পত্রে নাম হ্যারল্ড ডেভিড রাজীব। নেদারল্যান্ডসের নাগরিক এই ব্যক্তি ১৯৮০ সালে প্রায় তিন বছর বয়সে দত্তক হিসেবে দেশটিতে যান। এরপর সেখানেই বড় হয়েছেন। কিন্তু শৈশবে হারিয়ে যাওয়া জন্মদাতা মা-বাবার পরিচয় জানার আকাঙ্ক্ষা কখনো ফুরায়নি।

রাজীবের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৭৭ সালে তার জন্ম। জন্মস্থান হিসেবে নথিতে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেয়ারাকান্দির নাম। তবে এই ঠিকানা সঠিক কি না, তা নিয়ে তার সন্দেহ রয়েছে। দত্তক নেওয়ার সময় ভুল কিংবা ভুয়া পরিচয় ব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তিনি।

নিজের অনুভূতির কথা বলতে গিয়ে রাজীব জানান, নেদারল্যান্ডসে তার জীবন ভালো কাটছে। কিন্তু জন্মদাতা পরিবারের পরিচয় না জানার কষ্ট তাকে তাড়া করে বেড়ায়। আয়নায় নিজের মুখ দেখলেও মনে প্রশ্ন জাগে—তিনি আসলে কে, তার শেকড় কোথায়?

২০১৫ সাল থেকে জন্মদাতা মা-বাবার খোঁজে বাংলাদেশে আসছেন রাজীব। এ পর্যন্ত ছয়বার কুমিল্লা ও আশপাশের এলাকায় ঘুরেছেন। সর্বশেষ গত মঙ্গলবার দেশে এসে আবারও শুরু করেছেন অনুসন্ধান।

এবার তার খোঁজের অন্যতম মাধ্যম লিফলেট। শৈশবের সাদাকালো ছবি ও বর্তমানের ছবি ছাপিয়ে সেগুলো বিলি করছেন বিভিন্ন এলাকায়। তাতে দেওয়া রয়েছে তার ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা। বৃহস্পতিবার ঝাউতলা ও পুলিশ লাইনস এলাকায় পথচারীদের হাতে লিফলেট তুলে দিয়ে মানুষের কাছে জানতে চেয়েছেন, কেউ তার পরিবার সম্পর্কে কিছু জানেন কি না।

এই দীর্ঘ অনুসন্ধানে একবার আশার আলোও দেখেছিলেন রাজীব। এক ব্যক্তি তাকে জানিয়েছিলেন, তিনি হয়তো তার জন্মদাতা বাবা। ওই ব্যক্তিরও বিদেশে থাকার সময় একটি সন্তান হারিয়ে যাওয়ার ঘটনা ছিল। বিষয়টি যাচাই করতে রাজীব তার সঙ্গে দেখা করেন এবং ডিএনএ পরীক্ষাও করান। কিন্তু পরীক্ষায় বাবা-সন্তানের সম্পর্কের প্রমাণ মেলেনি।

এ ঘটনায় হতাশ হলেও অনুসন্ধান বন্ধ করেননি তিনি। রাজীবের ভাষ্য, প্রতি দুই বছর পরপর বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করেছেন। যত দিন জন্মদাতা মা-বাবার সন্ধান না পাবেন, তত দিন এই চেষ্টা চালিয়ে যাবেন।

রাজীব আরও জানান, ১৯৭৪ থেকে ১৯৮০ সালের মধ্যে বাংলাদেশ থেকে অনেক শিশুকে দত্তক হিসেবে ইউরোপের বিভিন্ন দেশে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে প্রায় ৪৮৭ জন নেদারল্যান্ডসে গিয়েছিলেন বলে তিনি জানতে পেরেছেন। তবে তাদের সবাই সরকারি নথিতে নিবন্ধিত ছিলেন না বলে তার দাবি।

রাজীবের পোশাকেও রয়েছে জন্মভূমির প্রতি টানের প্রকাশ। তার পরনে ছিল লুঙ্গি ও কালো টি-শার্ট। নেদারল্যান্ডসে বসবাস করলেও বাড়িতে নিয়মিত লুঙ্গি পরেন তিনি। কেন এই পোশাকের প্রতি এত ভালোবাসা, জানতে চাইলে রাজীব বলেন, লুঙ্গি বাংলাদেশের সংস্কৃতির অংশ। এটি পরলে তার দেশের মানুষ ও ঐতিহ্যের কথা মনে পড়ে। মনে হয়, নিজের শেকড়ের আরও কাছাকাছি আছেন।

জন্মভূমির স্মৃতি তার মনে নেই। তবু বাংলাদেশের সংস্কৃতি ও মানুষের সঙ্গে একধরনের আত্মিক বন্ধন অনুভব করেন তিনি। জন্মদাতা মা-বাবাকে খুঁজে পাওয়ার পাশাপাশি নিজের অতীত ও পরিচয়ের অজানা অংশগুলো জানতে চান রাজীব।

সেলিনারও একই আকুতি

রাজীবের সঙ্গে বাংলাদেশে এসেছেন সেলিনা গোমেজ। তার জীবনেও রয়েছে প্রায় একই রকম বিচ্ছেদের গল্প। ছোটবেলায় দত্তক হিসেবে নেদারল্যান্ডসে নেওয়া হয়েছিল তাকে। তার কাগজপত্রে জন্মস্থান হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটের নাম রয়েছে। তবে এই তথ্য কতটা নির্ভরযোগ্য, তা নিয়ে তিনিও নিশ্চিত নন।

জন্মদাতা মা-বাবার সঙ্গে আবার দেখা করার আকাঙ্ক্ষার কথা জানিয়ে সেলিনা বলেন, তাদের কাছ থেকে দূরে থাকাটা তাকে প্রতিদিন কষ্ট দেয়। তিনি চান, তার মা-বাবা জানুন, তাদের মেয়ে কীভাবে বড় হয়েছেন, এখন কেমন আছেন। আবারও পরিবারের সঙ্গে এক হওয়ার স্বপ্ন দেখেন তিনি।

বাংলাদেশে প্রথম আসার স্মৃতিও তার মনে গভীর ছাপ ফেলেছে। সেলিনা জানান, দেশের কোনো স্মৃতি তার মনে ছিল না। কিন্তু প্রথমবার বিমানবন্দর থেকে বের হয়ে বাতাস ও চারপাশের শব্দ অনুভব করার পরই তাঁর মনে হয়েছিল, তিনি নিজের বাড়িতে ফিরেছেন। বাংলাদেশকে তিনি সত্যিই ভালোবাসেন।


জন্মদাতা পরিবারের সন্ধানে সহযোগিতা চেয়ে বৃহস্পতিবার দুপুরে রাজীব ও সেলিনা কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজীব মাহমুদের সঙ্গে কথা বলেন।

রাজীবের কাগজপত্রে জন্মস্থান হিসেবে নবীনগরের পেয়ারাকান্দির উল্লেখ দেখে অতিরিক্ত জেলা প্রশাসক সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন।

আলী রাজীব মাহমুদ জানান, রাজীবের পরিবারের সন্ধান পেতে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন তিনি। তাকে সহযোগিতার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মা-বাবা  খোঁজ  বাংলাদেশ  লিফলেট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: