প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ এএম
ডায়াবেটিস প্রতিরোধে ৫ কিলোমিটার দৌড়ালেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। ছবি : সময়ের আলোদেশে আশঙ্কাজনক হারে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এ রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি জোরালো সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে পঞ্চগড়ে আয়োজিত এক সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। পঞ্চগড় ‘শিশু স্বর্গ ফাউন্ডেশন’-এর উদ্যোগে জেলা সরকারি অডিটোরিয়াম চত্বরে এই ব্যতিক্রমী ম্যারাথনের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ফিতা কেটে ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি প্রায় দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে নিজেও পাঁচ কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে অংশ নেন। শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে ম্যারাথনটি পুনরায় অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।
পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিস এখন আর কেবল ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা নয়, বরং এটি প্রতিটি পরিবারের জন্য এক বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে আবির্ভূত হয়েছে। এই নীরব ঘাতক থেকে বাঁচতে হলে কেবল চিকিৎসার ওপর নির্ভর করলে চলবে না, বরং আমাদের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে।
তিনি আরও বলেন, ডায়াবেটিস মোকাবিলায় সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততামূলক কর্মসূচি বাড়ানো এখন সময়ের দাবি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের প্রিয় পঞ্চগড়সহ পুরো দেশকে এই ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে পারি। প্রতিমন্ত্রী নিয়মিত শরীরচর্চা ও সুশৃঙ্খল খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল।
এ ছাড়াও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এবং শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ ও বিনামূল্যে রক্তের শর্করার পরীক্ষা করার উদ্যোগও নেওয়া হয় প্রতিমন্ত্রীর অংশগ্রহণে এই আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
সময়ের আলো/জোই