প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:১৩ এএম
প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : সংগৃহীতরাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে তাদের যুক্ত করা হবে। পাশাপাশি সরকারি কোয়ার্টারে বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি থাকলে সংশ্লিষ্ট বাসিন্দাদের আবাসন বরাদ্দ বাতিল করা হতে পারে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এতে ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচি, বর্জ্য ব্যবস্থাপনা এবং এ পর্যন্ত নেওয়া উদ্যোগ নিয়ে আলোচনা হয়। নগরীর সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংবাদ সম্মেলনে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে রাজধানীর ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। তারা অভিজ্ঞতাসম্পন্ন। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে।
প্রতিমন্ত্রী জানান, ঢাকা মহানগরকে পরিচ্ছন্ন ও সবুজ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে ২০টি আঞ্চলিক কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব কমিটিতে বিভিন্ন দফতরের প্রতিনিধিরা রয়েছেন। কমিটিগুলো ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১১২টি হাসপাতালসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে।
তিনি বলেন, সরকার ঢাকাকে কানাডা বা সিঙ্গাপুরের মতো শহর বানানোর প্রতিশ্রুতি দিচ্ছে না। বরং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে কাজ করছে। এ জন্য নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
সরকারি আবাসিক এলাকার বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কঠোর অবস্থানের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকারি কোয়ার্টারে বসবাসকারীরা বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্ব পালন না করলে তাদের আবাসন বরাদ্দ বাতিল করা হতে পারে। পরিবেশসম্মতভাবে মেডিকেল বর্জ্য শোধনের জন্য আমিনবাজারে নতুন একটি উইং স্থাপনের নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী- জানান মীর শাহে আলম।
পরিচ্ছন্নতাকর্মীর সংকট দূর করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ হাজার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে এরপর ১ হাজার ৫০০ জনবল নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আব্দুল ওয়াদুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে