‘এক দেশ, এক রেট’ দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ

ঢাবি প্রতিনিধি

জাতীয়

স্বাস্থ্যসেবায় বৈষম্য দূরীকরণ ও দেশে ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষার অভিন্ন মূল্য নির্ধারণের দাবিতে ঢাকার শাহবাগে ‘এক দেশ, এক রেট’ শীর্ষক বিক্ষোভ সমাবেশ

2026-11-15T01:29:30+00:00
2026-11-15T01:29:30+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
জাতীয়
স্বাস্থ্য খাতে বৈষম্য
‘এক দেশ, এক রেট’ দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:২৯ এএম 
ছবি : সংগৃহীত
স্বাস্থ্যসেবায় বৈষম্য দূরীকরণ ও দেশে ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষার অভিন্ন মূল্য নির্ধারণের দাবিতে ঢাকার শাহবাগে ‘এক দেশ, এক রেট’ শীর্ষক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বেলা ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জনতার দল ও বাংলাদেশ মঞ্চের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ মঞ্চের মুখপাত্র মীর তামিম বলেন, ‘এক দেশে এক রেট’ বাস্তবায়ন হলে চিকিৎসাসেবায় প্রতিযোগিতা বাড়বে এবং খেটে খাওয়া মানুষ উপকৃত হবেন। গ্রামাঞ্চলে ব্যাঙের ছাতার মতো ক্লিনিক গড়ে উঠলেও এর যথাযথ তদারকি নেই। ঢাকায় একটি ওষুধ যে দামে পাওয়া যায়, প্রান্তিক অঞ্চলের মানুষও যেন সেই দামে কিনতে পারেন। 

তা হলে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পরীক্ষা-নিরীক্ষার জন্য অভিন্ন মূল্য নির্ধারণ করা যাবে না কেন? তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবা নিয়ে সরকারের খুব একটা মাথাব্যথা নেই। কারণ মন্ত্রী-আমলারা দেশে চিকিৎসা না করিয়ে বিদেশে চিকিৎসা করাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ফলে সাধারণ মানুষের ভোগান্তি তারা উপলব্ধি করতে পারেন না। 

চিকিৎসাসেবার নামে যা হচ্ছে, তা ডাকাতিকেও হার মানায়। সরকার আমাদের দাবি মেনে নিয়ে স্বাস্থ্য খাতের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করবে বলে আশা করি।


সমাবেশে জনতার দলের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী সোহানী শিফা বলেন, দেশে পর্যাপ্ত চিকিৎসক ও সরকারি হাসপাতাল না থাকায় সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো প্রতিষ্ঠানে সিঁড়ি থেকে শুরু করে টয়লেটের সামনেও রোগীদের শুয়ে থাকতে দেখা যায়। এমনকি অনেক সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিজের টাকায় রক্তচাপ মাপার যন্ত্র কিনে রোগীদের সেবা দিতে হচ্ছে। তাই স্বাস্থ্য খাতের অবকাঠামোগত সংকট দূর করতে হবে।

তিনি আরও বলেন, চিকিৎসকরা রোগীদের যেসব সাধারণ পরীক্ষা-নিরীক্ষা নিয়মিত করতে দেন, সেগুলোর একটি অভিন্ন মূল্য নির্ধারণ করা উচিত। এতে চিকিৎসাসেবায় বৈষম্য কমবে এবং সাধারণ মানুষের আর্থিক চাপ হ্রাস পাবে। 

হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের কারণে রোগীরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এসব অনিয়ম বন্ধে সরকারের একটি বিশেষ পর্যবেক্ষণ দল গঠন করা উচিত। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সারা দেশে প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষার অভিন্ন মূল্য নির্ধারণ করতে হবে।

এদিকে সমাবেশ থেকে দাবি আদায়ে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করেন আয়োজকরা। তারা জানান, ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষার অভিন্ন মূল্য নির্ধারণসহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট দাবিগুলো সরকারের কাছে তুলে ধরতে আজ রোববার দুপুর ১২টায় সচিবালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেওয়া হবে।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   ‘এক দেশ  এক রেট’ দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: