মশা মারার সংস্থায় পরিণত সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নগর উন্নয়নের পরিকল্পনা ও বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে উপেক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কেন্দ্রীয় উন্নয়ন কর্তৃপক্ষের

2026-11-15T02:11:37+00:00
2026-11-15T02:11:37+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
জাতীয়
মশা মারার সংস্থায় পরিণত সিটি করপোরেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:১১ এএম 
ছবি : সংগৃহীত
নগর উন্নয়নের পরিকল্পনা ও বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে উপেক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কেন্দ্রীয় উন্নয়ন কর্তৃপক্ষের একক সিদ্ধান্ত, আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক দলীয়করণের কারণে সিটি করপোরেশন ও পৌরসভাগুলো কার্যকারিতা হারাচ্ছে। সিটি করপোরেশনকে শুধু ময়লা পরিষ্কার ও মশা নিধনের সংস্থায় পরিণত করা হচ্ছে। এতে নগর পরিকল্পনায় নাগরিকদের অংশগ্রহণ কমার পাশাপাশি বাড়ছে অবকাঠামোগত সংকট ও নাগরিক দুর্ভোগ। 

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ (ইউডিজেএফবি) আয়োজিত ‘পরিকল্পিত ও টেকসই নগরায়ণে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক নগর সংলাপে বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইমনের সঞ্চালনায় সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ মো. নূরুল্লাহ। বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম, সাংবাদিক অমিতোষ পাল, হেলিমুল আলম, সংগঠনের সাবেক সহ-সভাপতি খালিদ সাইফুল্লাহ ও সহ-সভাপতি ফয়সাল খান।

অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, স্বাধীনতার ৫৫ বছরের বেশি সময় পার হলেও নগর ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। ২০২৬ সালের অক্সফোর্ড ইকোনমিকস গ্লোবাল সিটিজ র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক হাজার শহরের মধ্যে ঢাকার অবস্থান ৫৭৫তম। অন্যদিকে ময়মনসিংহের স্কোর একশর মধ্যে মাত্র ১৮ দশমিক ৭। 


তিনি বলেন, আগে আবাসিক এলাকায় চার-পাঁচ তলা ভবন নির্মাণের অনুমোদন থাকলেও উন্নয়ন কর্তৃপক্ষের সিদ্ধান্তে এখন ১৪ তলা পর্যন্ত ভবন নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে। ফলে আগের তুলনায় কয়েকগুণ বেশি মানুষের বসবাসের চাপ তৈরি হচ্ছে। অথচ সেই অনুপাতে পানি, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন ও সড়ক অবকাঠামোর সক্ষমতা বাড়াতে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে না।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়ের অভাব রয়েছে। শুধু মহাপরিকল্পনা প্রণয়ন করলেই হবে না, তা বাস্তবায়নে ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনাও থাকতে হবে।

শহরের সড়ক, নালা, ফুটপাথসহ অন্যান্য অবকাঠামোর তথ্য মানচিত্র ও তথ্যভান্ডারে সংরক্ষণ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। একাধিক পরিকল্পনার পরিবর্তে জনস্বার্থসংশ্লিষ্ট একটি বাস্তবভিত্তিক মহাপরিকল্পনা প্রয়োজন।

মূল প্রবন্ধে মো. নূরুল্লাহ বলেন, ১৯৬০ সালে দেশের মাত্র ৫ শতাংশ মানুষ শহরে বাস করলেও বর্তমানে নগর এলাকায় বসবাসকারীর হার প্রায় ৪২ দশমিক ৬ শতাংশ। অথচ দেশের ৫ হাজার ৪৭৯টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তদারকির দায়িত্বে স্থানীয় সরকার বিভাগের জনবল মাত্র ৯০ জন। পৌরসভাগুলোতেও অনুমোদিত পদের অর্ধেকের বেশি শূন্য রয়েছে। ফলে পরিকল্পিত নগরায়ণ বাধাগ্রস্ত হচ্ছে।

এ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় ভৌত বা স্থানিক পরিকল্পনা কাউন্সিল গঠন, আধুনিক নগর ও গ্রাম পরিকল্পনা আইন প্রণয়ন এবং পরিকল্পনাবিদ ও ভৌগোলিক তথ্যব্যবস্থা (জিআইএস) বিশেষজ্ঞদের সমন্বয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে পরিকল্পনা বিভাগ চালুর প্রস্তাব দেন তিনি।

সংলাপ শেষে পাঁচ সাংবাদিককে বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬ দেওয়া হয়। অনলাইন ও মুদ্রণ বিভাগে পুরস্কার পেয়েছেন ঢাকা মেইলের মোস্তাফিজুর রহমান, এশিয়া পোস্টের লতিফুল ইসলাম, কালের কণ্ঠের জাহিদুল ইসলাম ও ডেইলি সানের রাশেদুল হাসান। টেলিভিশন বিভাগে পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪-এর গিয়াসউদ্দিন সজিব। এ ছাড়া অনুষ্ঠানে ‘ঢাকাই’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   মশা  সিটি করপোরেশন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: