বরখাস্ত বিচারক আরিফুলের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব‍্যবস্থা গ্রহণের দাবি

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

বরখাস্ত বিচারক আরিফুল ইসলাম সোহেলের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন গাজীপুর চৌরাস্তার হাজী হোসেন মার্কেটের ব্যবসায়ীরা। একই সঙ্গে

2026-11-15T15:40:36+00:00
2026-11-15T15:43:09+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
বরখাস্ত বিচারক আরিফুলের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব‍্যবস্থা গ্রহণের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩:৪০ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ৩:৪৩ পিএম
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বরখাস্ত বিচারক আরিফুল ইসলাম সোহেলের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন ব্যবসায়ীরা । ছবি : সংগৃহীত
বরখাস্ত বিচারক আরিফুল ইসলাম সোহেলের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন গাজীপুর চৌরাস্তার হাজী হোসেন মার্কেটের ব্যবসায়ীরা। একই সঙ্গে মার্কেটের মালিকানা বিরোধকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে হয়রানি, হামলা, ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলেছেন তারা।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ব্যবসায়ীরা। তাদের পক্ষে বক্তব্য দেন জ্যেষ্ঠ ব্যবসায়ী আবুল কালাম আজাদ।

সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ অভিযোগ করেন, হাজী হোসেন মার্কেটের মালিকানা বিরোধকে কেন্দ্র করে ব্যবসায়ীদের বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। তাদের ভয়ভীতি দেখানোর পাশাপাশি মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। এসব ঘটনার পেছনে বরখাস্ত বিচারক আরিফুল ইসলাম সোহেলের ভূমিকা রয়েছে বলে দাবি করেন তিনি।

আবুল কালাম আজাদ বলেন, যশোরের কোতোয়ালি থানায় গত ৫ জুলাই ২০২৬ তারিখে করা একটি ধর্ষণ মামলার পেছনেও আরিফুল ইসলাম সোহেলের ভূমিকা রয়েছে। মামলাটিতে তাকে প্রধান আসামি করা হয়েছে। অথচ মামলার দিন স্থানীয় সংসদ সদস্য মুজিবর রহমানের উপস্থিতিতে মার্কেটের বিরোধ মীমাংসার জন্য তারা বৈঠকে বসেছিলেন। সেখানে শত শত মানুষ উপস্থিত ছিলেন এবং ওই বৈঠকের সিসিটিভি ফুটেজও রয়েছে বলে দাবি করেন তিনি।

তার অভিযোগ, অজ্ঞাতপরিচয় এক তরুণীকে দিয়ে ওই ধর্ষণ মামলা করানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বাদীকে খুঁজে না পাওয়ার কথা জানিয়েছেন। জমিজমার বিরোধকে কেন্দ্র করে মামলাটি করা হয়েছে বলেও তদন্ত কর্মকর্তা সাংবাদিককে জানিয়েছেন বলে দাবি করেন আবুল কালাম আজাদ।

তিনি আরও অভিযোগ করেন, ব্যবসায়ীদের বিরুদ্ধে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন জেলার আদালতে চাঁদাবাজি ও মানবপাচারের মামলা করা হয়েছে। এসব মামলার বেশির ভাগই মিথ্যা বলে আদালতের রায় এসেছে বলে দাবি করেন তিনি।

মার্কেটের একাংশ দখল এবং ব্যবসায়ীদের ওপর হামলার অভিযোগ তুলে আবুল কালাম আজাদ বলেন, আরিফুল ইসলাম তার লোকজন দিয়ে মার্কেটের একটি অংশ দখলে নিয়েছেন। এতে বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়ে কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন। পরে ব্যবসায়ীরা আরিফুল ইসলাম ও তার ভাই কনস্টেবল মেহেদীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে বিচারক পরিচয় ব্যবহার করে তারা ছাড়া পেয়ে যান বলে অভিযোগ করেন তিনি।


সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আরিফুল ইসলাম ও তার স্ত্রী মোশাররফা রীমের বিরুদ্ধে এক নারী ব্যবসায়ীকে জোর করে মার্কেট থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনার একটি মুঠোফোনে ধারণ করা ভিডিও ফুটেজও তাদের কাছে রয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। এ ছাড়া আরিফুল ইসলাম নিজেই রক্তের গঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন আবুল কালাম আজাদ।

তিনি বলেন, সম্প্রতি আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার পর তার আচরণ আরও বেপরোয়া হয়েছে। সর্বশেষ গত ৯ নভেম্বর নম্বরপ্লেটবিহীন একটি সাদা মাইক্রোবাসে করে কয়েকজন ব্যক্তি মার্কেটের মালিক তৌহিদুল ইসলাম মুজিবকে তুলে নিতে যান। তাকে না পেয়ে বাসার এক কেয়ারটেকারকে গাড়িতে তুলে নেওয়া হয়। কয়েক ঘণ্টা ঘোরানোর পর রাতের অন্ধকারে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরিফুল ইসলামের স্ত্রী মোশাররফা রীমের মালিকানাধীন ‘আলোকিত স্বদেশ’ নামের একটি পত্রিকার ভূমিকা নিয়েও অভিযোগ তোলেন ব্যবসায়ীরা। আবুল কালাম আজাদ দাবি করেন, পত্রিকাটি ব্যবহার করে তাদের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। ভুয়া সাংবাদিকতার সনদ ব্যবহার করে মোশাররফা রীম পত্রিকাটির মালিক হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

তার দাবি, পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হয় না। লাইসেন্স টিকিয়ে রাখতে পুরোনো তারিখে এক দিনে কয়েকটি পত্রিকা ছাপানো হয়। যারা আরিফুল ইসলামের কর্মকাণ্ডের প্রতিবাদ করেন, তাদের বিরুদ্ধে পত্রিকাটির মাধ্যমে একের পর এক মিথ্যা সংবাদ ও অপপ্রচার চালানো হয়।

আবুল কালাম আজাদ বলেন, সম্প্রতি চ্যানেল ২৪ হাজী হোসেন মার্কেটের ব্যবসায়ীদের হয়রানি নিয়ে প্রতিবেদন প্রচার করার পর চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদকে নিয়েও অপপ্রচার চালানো হয়েছে। তিনি ওই মার্কেটে ব্যবসা করবেন বলে প্রচার করা হলেও ব্যবসায়ীরা তাকে কখনো দেখেননি। এমনকি চ্যানেলটির সাংবাদিকদের বিরুদ্ধেও কুৎসা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, এত দিন নানা ধরনের হয়রানি ও হুমকির কারণে তারা আইনগত পদক্ষেপ নিতে সাহস পাননি। এখন আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত হওয়ার পরও তার কর্মকাণ্ড নিয়ে তারা শঙ্কিত। যেকোনো সময় আবারও হামলা বা মিথ্যা মামলায় হয়রানির শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন তারা। এ পরিস্থিতিতে আরিফুল ইসলাম সোহেলের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা।

সময়ের আলো/এসকে
  বিষয়:   বরখাস্ত  বিচারক  আরিফুল ইসলাম সোহেল  বিরুদ্ধে  দ্রুত  আইনানুগ ব‍্যবস্থা  গ্রহণ  দাবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: