প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:২১ পিএম আপডেট: ১৫.১১.২০২৬ ২:২১ পিএম
গোপালগঞ্জে প্রকাশ্যে আ. লীগের বিক্ষোভ মিছিল, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন। ছবি : সময়ের আলো গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিজিবি হেড কোয়ার্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করবেন।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছে। এতে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর গোপালগঞ্জে এটিই প্রথম সংগঠনটির প্রকাশ্য বিক্ষোভ মিছিল।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় শহরের আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা লোগি বৈঠা সহ দেশীয় অস্ত্র নিয়ে শহরে প্রবেশ করে। এ সময় তারা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু'সহ একাধিক স্লোগান দেন।
বিক্ষোভকালে মিছিলকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজ গেটে 'সরকারি বঙ্গবন্ধু কলেজ' নাম সংবলিত ব্যানার টানিয়ে দেয়। পরে তারা মিছিল নিয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেয়।
এক পর্যায়ে মিছিলকারীরা গোপালগঞ্জ শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙে আগুন ধরিয়ে দেয়। পৌরসভার সামনে বিএনপি'র ব্যানার ফেস্টুন ছিঁড়ে রাস্তায় জড়ো করে আগুন ধরিয়ে দেয়।
এছাড়া, লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজ, প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
সময়ের আলো/আতা