ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের দায় পুলিশ বাহিনী নেবে না বলে

2026-11-15T13:51:49+00:00
2026-11-15T13:53:30+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
এসপি জাহাঙ্গীর গ্রেফতার
ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৫১ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ১:৫৩ পিএম
হাসান মো. শওকত আলী। ছবি : সংগৃহীত
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড সংশ্লিষ্ট কর্মকর্তার একান্ত ব্যক্তিগত দায়।

রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, ‘তিনি ব্যক্তিগত দায় থেকেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়েছেন এবং এই ক্ষেত্রে বাহিনীর কোনো দায় নেই। এটি তার ব্যক্তিগত দায় হিসেবেই গণ্য করা হবে।’

হাসান মো. শওকত আলী জানান, শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে একটি মামলার এজাহার আসে এবং পাঁচলাইশ থানায় তা দাখিল করা হয়। যেহেতু এটি রাষ্ট্রদ্রোহের মামলা, সেহেতু আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন ছিল। সেই অনুমোদন নেওয়ার পরই পাঁচলাইশ থানায় নিয়মিত মামলাটি রুজু করা হয়।


মামলা রুজু করার পরপরই এসপি জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয় জানিয়ে কমিশনার বলেন, ‘বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। এই রাষ্ট্রদ্রোহ মামলার তদন্তও সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট করবে এবং নিয়ম অনুযায়ী আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।’

তিনি স্পষ্ট করে বলেন, ‘যে-ই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবেন, তার বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার পরিকল্পনার বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার কথাও বলা হয়েছিল।

ডিআইজি বলেন, ‘নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত ও দাফতরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দফতরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছিল। ফরেনসিক পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা মেলার পরই অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা করার প্রক্রিয়া শুরু হয়।’


পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এসপি জাহাঙ্গীর। এছাড়া, আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের এই মামলা করেন। নগরের অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। 

সময়ের আলো/মহু
  বিষয়:   এসপি  জাহাঙ্গীর  গ্রেফতার  সিএমপি কমিশনার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: