প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:৫৫ পিএম
২০০৭ সালের ১৫ নভেম্বরের রাতে ঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের দক্ষিণাঞ্চল । ছবি : সংগৃহীতপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতের ১৯ বছর পেরিয়ে গেলেও উপকূলের মানুষের জীবন থেকে মুছে যায়নি সেই ভয়াল রাতের স্মৃতি। ২০০৭ সালের ১৫ নভেম্বরের রাতে ঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের দক্ষিণাঞ্চল। প্রাণ হারান হাজারো মানুষ, নিঃস্ব হয় লাখো পরিবার।
সেদিন ঘণ্টায় সর্বোচ্চ ৩০৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ের সঙ্গে উপকূলে আছড়ে পড়ে ১৫ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। ধ্বংসযজ্ঞ চলে বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, লক্ষ্মীপুর, ঝালকাঠিসহ দেশের প্রায় ৩১টি জেলায়। সরকারি হিসাবে, সিডরে ৩ হাজার ৪০৬ জন নিহত ও ১ হাজার ৩ জন নিখোঁজ হন। আহত হন প্রায় ৫৫ হাজার মানুষ। বাগেরহাট জেলাতেই প্রাণ হারান ৯০৮ জন। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট ও অসংখ্য মানুষের জীবিকার অবলম্বন।
ঝড়ের ১৯ বছর পরও স্বজন হারানোর শোক আর দুর্যোগের আতঙ্ক তাড়া করে বেড়ায় উপকূলের মানুষকে। পাশাপাশি নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে শরণখোলা ও মোরেলগঞ্জের বেড়িবাঁধের দুর্বলতা নিয়ে। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জ থেকে শরণখোলার বগী-গাবতলা পর্যন্ত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হলেও নির্মাণের তিন বছর না যেতেই বিভিন্ন স্থানে ফাটল ও ব্লক ধস দেখা দিয়েছে। অন্তত ১৫ কিলোমিটার বাঁধ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
তাদের অভিযোগ, বাঁধ নির্মাণে মাটির পরিবর্তে বালু ব্যবহার এবং কার্যকর নদীশাসনের অভাবে বলেশ্বর নদীর ভাঙনে বাঁধের গোড়া দুর্বল হয়ে পড়ছে। গাবতলা এলাকায় ৫০০ মিটার নদীশাসনের কাজ শুরু হলেও স্থানীয়দের মতে, ভাঙন ঠেকাতে এ উদ্যোগ যথেষ্ট নয়। কাজের মান নিয়েও রয়েছে অভিযোগ।
পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, বলেশ্বর নদীর ভাঙনে নদী ক্রমেই বাঁধের কাছে চলে আসছে। ভাঙন স্থায়ীভাবে বন্ধের উপায় খুঁজতে সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর নদীশাসন ও বাঁধ রক্ষায় নতুন প্রস্তাব দেওয়া হবে।
সিডরের ক্ষত থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও উপকূলের মানুষের কাছে নিরাপত্তার প্রশ্নটি এখনো বড় হয়ে আছে। তাদের দাবি, টেকসই বেড়িবাঁধ, কার্যকর নদীশাসন, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র এবং দ্রুত দুর্যোগের সতর্কবার্তা পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো পরিবারকে সিডরের মতো ভয়াবহ পরিণতির মুখে পড়তে না হয়।
সময়ের আলো/এসকে