প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩:০৪ পিএম
সাতকানিয়ায় যুবলীগের মিছিল। ছবি : ভিডিও থেকে নেওয়াচট্টগ্রামের সাতকানিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা গেলেও ঘটনাটি সাম্প্রতিক নাকি পুরোনো, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিওটি আগের। তবে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে যেকোনো সময় কেরানীহাট-বান্দরবান জাতীয় মহাসড়কের সাতকানিয়ার সত্যপীর এবি কনভেনশন এলাকার সামনে এ মিছিল হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রের দাবি, নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাতকানিয়া উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ কামাল উদ্দিনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী এ মিছিলে অংশ নেন। আকস্মিকভাবে সড়কে জড়ো হয়ে তারা কয়েক মিনিট ধরে মিছিল ও স্লোগান দেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিছিলকারীরা অল্প সময়ের জন্য মহাসড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন। পরে মিছিলের ভিডিও ধারণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিষয়ে পুলিশ সজাগ রয়েছে। যুবলীগের যে মিছিলের কথা বলা হচ্ছে, সেটি আগের ভিডিও বলে মনে হচ্ছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
এদিকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সাতকানিয়া থানায় একটি মামলা হয়েছে। গত রাতে দায়ের করা ওই মামলায় ২০ থেকে ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।
সময়ের আলো/আতা