হঠাৎ স্থগিত মজুরি বোর্ডের বৈঠক, ক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা

এসএম আলমগীর

জাতীয়

৯ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকেই শ্রমিকপক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব দেওয়া হয়। গতকাল সোমবার তৃতীয় বৈঠকে

2026-11-17T01:48:08+00:00
2026-11-17T01:48:08+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
জাতীয়
হঠাৎ স্থগিত মজুরি বোর্ডের বৈঠক, ক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা
এসএম আলমগীর
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:৪৮ এএম 
গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ। ছবি : সময়ের আলো
৯ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকেই শ্রমিকপক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব দেওয়া হয়। গতকাল সোমবার তৃতীয় বৈঠকে মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা ছিল। গার্মেন্টস মালিকরা কত মজুরি প্রস্তাব দেন সেটি জানার জন্য সবার নজর ছিল মজুরি বোর্ডের দিকে। গতকাল বেলা ১১টায় মজুরি বোর্ডের বৈঠক শুরু হওয়ার কথা ছিল; কিন্তু এর ঘণ্টাখানেক আগে মজুরি বোর্ডের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, অনিবার্য কারণে বৈঠক স্থগিত করা হয়েছে। এভাবে হুট করে বৈঠক স্থগিত করায় ক্ষুব্ধ হন গার্মেন্টস শ্রমিক ও শ্রমিক নেতারা।

বৈঠক স্থগিতের সংবাদ শুনেই অনেকগুলো শ্রমিক সংগঠন অবস্থান নেয় রাজধানীর সেগুনবাগিচার মজুরি বোর্ড কার্যালয়ের সামনে। ব্যানার-ফেস্টুন নিয়ে শ্রমিক নেতারা বৈঠক স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তারা বলেন, ‘মালিকদের কূটকৌশলে’ মজুরি বোর্ডের সভা স্থগিত করা হয়েছে। পরে অবশ্য জানানো হয়, মজুরি বোর্ডের স্থায়ী শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, সে কারণে সভা স্থগিত করা হয়েছে।

এদিকে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের পর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছদ্মনামে ফেসবুক আইডি খুলে শ্রমিকদের কারখানা ছেড়ে আন্দোলনে নামতে রাজপথে আসতে উসকানি দেওয়া হচ্ছে। যেমন ‘লগে আছি ডটকম’ নামে এক ফেসবুক আইডি থেকে শ্রমিকদের উদ্দেশে বলা হয়েছে— ‘ব্রেকিং নিউজ : ১৭ নভেম্বর (আজ মঙ্গলবার) পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়া, সাভার, গাজীপুর, মিরপুর, নারায়ণগঞ্জসহ সারা দেশে আন্দোলনের ডাক দিয়েছেন শ্রমিক নেতারা।’

একই আইডির আরেক পোস্টে বলা হয়েছে— ‘পোশাক শ্রমিকের মজুরি বোর্ড স্থগিত করা হয়েছে, বেতন বাড়াতে চান না মালিকরা।’

আবার এই আইডির পোস্টের নিচে মোহাম্মদ মনরি নামের আরেকজন মন্তব্য করেছেন— ‘মিরপুরে সবাই আসেন, বিজিএমইএর সভাপতির ফ্যাক্টরির সামনে সবাই আসবেন-রাইজিং গ্রুপ।’

এর প্রেক্ষিতে মোহাম্মদ মিরাজ নামের আরেকজন লিখেছেন— ‘আলহামদুলিল্লাহ, ভালো সিদ্ধান্ত।’

ফেসবুকে এ ধরনের অপপ্রচার শ্রমিকদের উসকে দেওয়ার মতো বলে মনে করছেন শ্রমিক নেতা এবং গার্মেন্টস মালিকরা। এ বিষয়ে শ্রমিক নেতা তৌহিদুর রহমান সময়ের আলোকে বলেন, ‘আমরা চাই মজুরি বোর্ডের বৈঠকে মালিক-শ্রমিক প্রতিনিধিসহ সব পক্ষের আলাপ-আলোচনার মাধ্যমে সুন্দরভাবে গার্মেন্টস শ্রমিকদের মানসম্পন্ন মজুরি চূড়ান্ত হোক। যখন বৈঠক শুরু হয়েছে এবং ইতিমধ্যে দুটি বৈঠক হয়েছে, তৃতীয়টা সোমবার হওয়ার কথা ছিল। তখন একটি গ্রুপ ফেসবুকে নানাভাবে শ্রমিকদের উসকানি দিচ্ছে রাজপথে নামার জন্য। আমরা এসব সমর্থন করি না। আমরা চাই শিল্পের সুন্দর পরিবেশ বজায় থাকুক এবং শ্রমিকদের মর্যাদার সঙ্গে বেঁচে থাকার মতো মজুরি চূড়ান্ত হোক।’

এ বিষয়ে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম সময়ের আলোকে বলেন, ‘মজুরি ইস্যুকে ঘিরে একটি পক্ষ নানারকম ষড়যন্ত্র করছে। তারা শ্রমিকদের উসকে দিয়ে কারখানায় হামলা-ভাঙচুর চালাচ্ছে, রাস্তা অবরোধ করছে। এভাবে ভাঙচুর করে কখনো মজুরি আদায় করা যায় না। এর মধ্যেই আবার একটি গ্রুপ ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিচ্ছে শ্রমিককে আন্দোলনে নামার জন্য। এগুলো বাড়াবাড়ি ছাড়া আর কিছু না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আমরা অনুরোধ জানাব, তারা যেন এদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনেন।’

হঠাৎ কেন স্থগিত হলো বৈঠক

তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল সোমবার বেলা ১১টায়। কিন্তু সভা শুরু হওয়ার মাত্র ঘণ্টাখানেক আগে হঠাৎ সভা স্থগিত করা হয়। গতকালের সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। মালিকরা প্রস্তাব জমা দিলে এরপর মজুরি পুনর্নির্ধারণের মূল আলোচনা শুরু হতো।

মালিকপক্ষের প্রস্তাব জমার আগে সভাটি স্থগিতের কারণ হিসেবে মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে, ‘তৃতীয় সভাটি অনিবার্য কারণবশত আদিষ্ট হয়ে স্থগিত করা হলো।’ 

পোশাক শিল্পের শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন শুরু করেছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।

গতকালের তৃতীয় সভাটি স্থগিত করতে মালিকপক্ষ কোনো অনুরোধ করেছে কি না জানতে চাইলে মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন বলেন, ‘মজুরি বোর্ড সরকারি প্রতিষ্ঠান। সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সভায় মজুরি প্রস্তাব দেওয়ার জন্য আমরা শতভাগ প্রস্তুত ছিলাম। আমরা মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত শেষ করতে আগ্রহী। আমাদের আগ্রহের কমতি নেই।’

বৈঠক স্থগিত হওয়ার খবর কখন জানতে পেরেছেন এমন প্রশ্নের উত্তরে মালিকপক্ষের প্রতিনিধি বলেন, ‘মজুরি বোর্ডের সদস্যদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানে সোয়া ৯টার দিকে সভা স্থগিতের বার্তাটি দেওয়া হয়। তখন জানতে পেরেছি।’ কেন স্থগিত হলো— এ বিষয়ে তিনি বলেন, ‘মজুরি বোর্ডের স্থায়ী শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সে কারণে সভা স্থগিত হয়েছে শুনেছি। এর বাইরে আর কোনো কারণ আছে কি না তা আমার জানা নেই।’

অবশ্য আনোয়ার হোসাইন অসুস্থ হওয়া ছাড়া সভা স্থগিতের আরও দুটি কারণ রয়েছে বলে জানান মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার। তিনি জানান, আজ (গতকাল) সকাল ৮টার দিকে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী তাকে ফোনে সভা স্থগিতের বিষয়টি অবহিত করেন। আনোয়ার হোসাইনের অসুস্থতা ছাড়াও চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রম অসন্তোষের কারণে সভাটি স্থগিত করা হয়েছে বলে চেয়ারম্যান জানান।

সভা স্থগিতের পেছনের ঘটনা

এদিকে পোশাক শিল্প মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মালিকপক্ষ গত সপ্তাহেই তাদের মজুরি প্রস্তাব চূড়ান্ত করেছে। বিকল্প প্রস্তাবও তৈরি করেছে তারা। গত বুধবার বিজিএমইএর সাবেক কয়েকজন সভাপতির সঙ্গে বৈঠক করে মজুরি প্রস্তাবের বিষয়টি অবহিত করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। পরে গত শনিবার যৌথ সভায় বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা সাধারণ মালিকদের কাছ থেকে ন্যূনতম মজুরি হার নিয়ে মতামত নেন।

বিজিএমইএর একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, শেষ পর্যন্ত বিজিএমইএ তথা মালিকপক্ষ যে মজুরি প্রস্তাব করতে যাচ্ছে তা ১৫ হাজার টাকার আশপাশে থাকবে। পরে দরকষাকষিতে প্রয়োজনে তা বাড়ানো হতে পারে। সে জন্য বিকল্প প্রস্তাবও তারা তৈরি করে রেখেছে।

বিজিএমইএর একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার মতবিনিময় সভার পর কয়েকজন শিল্পমালিক অনানুষ্ঠানিক বৈঠকে বিজিএমইএর সভাপতিকে বলেছেন পরিস্থিতির উন্নতি না হলে যেন মজুরি প্রস্তাব জমা দেওয়া না হয়। কারণ তাদের শঙ্কা, মালিকরা মজুরি প্রস্তাব দিলে সেটিকে কেন্দ্র করে আবারও নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। তখন পরিস্থিতি সামলানো কঠিন হবে। এ জন্য বৈঠকে অংশ নেওয়া শিল্পমালিকরা প্রয়োজনে সরকারের ওপর মহলের সঙ্গে এ নিয়ে কথা বলতে বিজিএমইএ সভাপতিকে অনুরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পর মজুরি প্রস্তাব জমা দেওয়ার পরামর্শ দেন তারা।

শিল্পমালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লগি-বৈঠা, লাঠিসোটা ও দেশি অস্ত্রসহ বিক্ষোভের কারণে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে গত রোববার একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, মালিকরা মজুরি প্রস্তাব দিলে পরিস্থিতি আরও নাজুক হতে পারে। তখন সেটি নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। ওই গোয়েন্দা প্রতিবেদনের পর রোববার রাত ৯টার দিকে সরকারের ওপর মহলে মজুরি বোর্ডের গতকালের সভাটি স্থগিতের সিদ্ধান্ত হয়। তবে সেটি গোপন রাখা হয়। পরে গতকাল সকালে মজুরি বোর্ডের পক্ষ থেকে সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘মালিকদের কূটকৌশলে’র অভিযোগ শ্রমিকদের

তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের পেছনে সরকার ও মালিকপক্ষের ‘কূটকৌশল’ রয়েছে বলে অভিযোগ করছেন শ্রমিকরা। শ্রমিক নেতারা বলছেন, সোমবারের ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল, কিন্তু মজুরি বোর্ড ‘মালিকদের চাপের মুখে’ বৈঠক স্থগিত করেছে। তবে মালিকপক্ষ বলছে, নিম্নতম মজুরি ঘোষণার ব্যাপারে তারাও ‘আন্তরিক’। শিগগিরই তারা স্থগিত হওয়া বৈঠকে বসতে আর নিম্নতম মজুরি ঘোষণা দিতে চান।

বৈঠক স্থগিত হওয়ার কথা শুনে বিভিন্ন শ্রমিক সংগঠন অবস্থান নেয় মজুরি বোর্ডের সামনে। এখানে মালিকপক্ষের প্রস্তাব গ্রহণের দিন শ্রমিক প্রতিনিধির অনুপস্থিতিকে ‘খোঁড়া যুক্তি’ বলে দাবি করেন শ্রমিক নেত্রী মোশরেফা মিশু।

তিনি বলেন, ‘মজুরি বোর্ডের কোনো এক সদস্য অসুস্থ, বিশেষ করে আনোয়ার হোসাইন। মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা ছিল। মজুরি বোর্ড তো নিজের থেকে এটা স্থগিত করেনি, করেছে মালিকদের চাপের মুখে। মালিকদের চাপেই আজকের বৈঠক স্থগিত হয়ে গেল। এখানে মালিকপক্ষ প্রস্তাব দেবে বোর্ডের কাছে। এখানে শ্রমিকপক্ষের প্রতিনিধি না থাকলে মালিকপক্ষের প্রস্তাব গ্রহণে সমস্যা দেখছি না। এটা বোর্ডের কূটকৌশল।’

‘গার্মেন্টস শিল্প মজুরি বৃদ্ধি অ্যালায়েন্স বাংলাদেশ’ ব্যানারে বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রম ভবন ও নিম্নতম মজুরি বোর্ড কার্যালয়ের সামনে জড়ো হন শ্রমিকরা।

সমাবেশ শেষে শ্রমিক নেতাদের একটি প্রতিনিধি দল নিম্নতম মজুরির প্রস্তাব ও স্মারকলিপি নিয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যানের দফতরে যান। চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী দফতরে অনুপস্থিত থাকায় বোর্ডের সদস্য ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার স্মারকলিপিটি গ্রহণ করেন।

‘দ্রুত সভা চায় মালিকপক্ষও’

শ্রমিকদের নিম্নতম মজুরি দ্রুত ঘোষণার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। দুই সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজকে (সোমবার) নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং ওই সভায় মালিকপক্ষের প্রস্তাবনা দাখিলের দিন নির্ধারিত ছিল। সভায় নিম্নতম মজুরি প্রস্তাবনা পেশ করার জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতও ছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বোর্ডের সভাটি স্থগিত করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘মালিকপক্ষ আন্তরিকভাবে আশা করছে, এ প্রক্রিয়াটি দ্রুতগতিতে সম্পন্ন হবে। যেহেতু আগামী ১ ডিসেম্বর থেকে নিম্নতম মজুরি কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, তাই দ্রুততম সময়ে নিম্নতম মজুরি ঘোষণা করা হলে মালিকপক্ষ বাড়তি মজুরি প্রদানের ক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার সময় পাবে।’ অনতিবিলম্বে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ ঘোষণার আহ্বানও জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।

মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক বৃহস্পতি বা শনিবার

এদিকে পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক স্থগিত হওয়ার পর নতুন বৈঠকের তারিখ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতি অথবা শনিবার নতুন বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ছাড়া বোর্ডের কার্যক্রমে মালিক ও শ্রমিকপক্ষের একজন করে উপদেষ্টা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। মালিকপক্ষ থেকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজুর নাম প্রস্তাব করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বৈঠকের তারিখ নির্ধারণের পাশাপাশি দুই পক্ষের প্রতিনিধিকে উপদেষ্টা হিসেবে যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মজুরি বোর্ডই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এ বিষয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘শ্রমিকপক্ষের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে তার নাম প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মজুরি বোর্ড।’

মজুরি বোর্ডের বৈঠক স্থগিত করায় প্রতিবাদ

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান এবং মহাসচিব মাহতাবউদ্দিন শহীদ এক যুক্ত বিবৃতিতে গার্মেন্টস শিল্পের মজুরি বোর্ডের নির্ধারিত সভা অনিবার্য কারণবশত স্থগিত করায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। নেতারা বলেন, সারা দেশের গার্মেন্টস শিল্পের শ্রমিকরা বুকভরা আশা নিয়ে তাকিয়ে ছিল আজ মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব পেশ করবে। অথচ তারা বৈঠক স্থগিত করে ৪০ লাখ শ্রমিককে চরম হতাশ করেছে। আমরা বিশ্বাস করি মজুরির বিষয়টি আলোচনার টেবিলে ফয়সালা হবে। শ্রমিক-মালিক তাদের নিজ নিজ প্রস্তাবের পক্ষে যুক্তি, তত্ত্ব উপস্থাপনের মাধ্যমে একটি ইতিবাচক মজুরি নির্ধারণের দিকে এগিয়ে যাবে; কিন্তু মাঝপথে সেই যাত্রা স্থগিত করে শ্রমিক-মালিক দ্বন্দ্ব বহাল রাখার নামান্তর বৈ আর কিছু নয়।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   স্থগিত  মজুরি  বোর্ড  বৈঠক  ক্ষুব্ধ  গার্মেন্টস  শ্রমিক  স্থগিত মজুরি বোর্ডের বৈঠক  ক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা  গার্মেন্টস শ্রমিক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: