দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠক করেছে ১১ দলীয় ঐক্য। ছবি : সংগৃহীতদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠক করেছে ১১ দলীয় ঐক্য। বৈঠকে দেশবিরোধী অপতৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে প্রতিহতের ঘোষণা দিয়েছেন জোটের নেতারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নেন।
বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা ও সহানুভূতি জানানো হয়েছে। সরকার কঠোর হাতে নৈরাজ্য দমন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।
মামুনুল হক বলেন, জনগণকে সম্মিলিত গণপ্রতিরোধের মাধ্যমে অপশক্তিকে প্রতিহত করতে হবে। ১১ দল জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে রয়েছে। দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।
সরকারের আলোচনার আহ্বানে ১১ দলের সাড়া দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিরোধীদলীয় নেতা ইতিমধ্যে সরকারপ্রধানের আহ্বানে প্রাথমিক সাড়া দিয়েছেন। সরকারও ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করছে। এ ঐক্যের প্রধান ভিত্তি হতে হবে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা।
সাম্প্রতিক সহিংসতার ঘটনায় প্রশাসনের গাফিলতি বা দুর্বলতা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের আরও সচেতন ও কার্যকর ভূমিকা নেওয়া জরুরি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে বড় ধরনের পাল্টা অভিযান চালানো হয়নি।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত প্রাণহানি ও জানমালের ক্ষয়ক্ষতির ঘটনাগুলো ফ্যাসিবাদী আওয়ামী লীগের পরাজিত শক্তির সন্ত্রাসী হামলার কারণে ঘটছে। প্রশাসনের ভূমিকার প্রশংসা করলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও সতর্ক, সচেতন ও দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তবে প্রশাসনের ব্যর্থতার বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় না ১১ দল।
তারেক রহমান ও জামায়াতের আমিরের বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নে মামুনুল হক বলেন, এটি দুই শীর্ষ নেতার একান্ত বৈঠক। পরাজিত শক্তিকে মোকাবিলায় দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ করার বার্তাই এ বৈঠকের মধ্য দিয়ে এসেছে বলে মনে করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে বিরোধী মতের ব্যক্তিদের খুঁজে বের করত, এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারে তেমন তৎপরতা দেখা যাচ্ছে না—এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, এ বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।
তিনি বলেন, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে সরকারের মনোভাবের প্রতিফলন ঘটে। আগের সরকার বিরোধী মত ও পথ দমনে কঠোর অবস্থান নিয়েছিল। বর্তমান সরকার হয়তো সেই পথে ততটা কঠোর হচ্ছে না। এ কারণে তাদের কার্যক্রমে কিছুটা উদারতা দেখা যাচ্ছে বলে মনে হতে পারে। তবে পুরো পরিস্থিতি মূল্যায়নের জন্য আরও সময় প্রয়োজন।
সময়ের আলো/এসএকে