প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:১৮ পিএম
সংগৃহীত ছবিকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনা ঘিরে দক্ষিণ কোরিয়ায় তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী চোই কিও-জিন। নকল প্রতিরোধে যথাযথ প্রস্তুতি নিতে ব্যর্থতার দায় স্বীকার করে রোববার পদত্যাগের ঘোষণা দেন তিনি।
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয় দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’। প্রায় নয় ঘণ্টার এই পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পাশাপাশি ভালো বেতনের চাকরির সুযোগ পাওয়ার ক্ষেত্রেও পরীক্ষাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়।
চলতি বছর গত বৃহস্পতিবার পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এর কয়েক দিন আগে জাতীয় কর হিসাবরক্ষণ পরীক্ষায় এআই ব্যবহার করে নকলের ঘটনা সামনে আসে। ১৫ নভেম্বর এক পরীক্ষার্থী স্বীকার করেন, সর্বোচ্চ নম্বর পাওয়ার উদ্দেশ্যে তিনি ছোট ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে নকল করেছিলেন।
ওই ঘটনার পর সুনেউং পরীক্ষায় নকল ঠেকাতে কয়েক দফা প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে পার্লামেন্টের শুনানিতে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়, তিনি নকল প্রতিরোধে আত্মবিশ্বাসী কি না। জবাবে ৭২ বছর বয়সী চোই কিও-জিন বলেন, ‘আমার বয়সের কারণে আমি আত্মবিশ্বাসী নই।’
শিক্ষামন্ত্রীর এই বক্তব্যে সমালোচনা আরও তীব্র হয়। এর মধ্যেই গত বৃহস্পতিবার সুনেউং পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চোই জানান, বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তবে যথাযথ প্রস্তুতি নিতে না পারার দায় নিয়ে তিনি পদত্যাগ করছেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, প্রেসিডেন্ট লি জে মিয়ং শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
সময়ের আলো/কেএইচও