প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত বাংলাদেশের পণ্যের জন্য ২০৩২ সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক বাজারসুবিধা অব্যাহত রাখার পরিকল্পনা করছে কানাডা। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছে ঢাকা ও অটোয়া। এরই মধ্যে ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২৫ শতাংশ বেড়ে ৪০০ কোটি কানাডীয় ডলার ছাড়িয়েছে।
মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত ষষ্ঠ বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় পরামর্শ সভা শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। সভায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ যৌথভাবে সভাপতিত্ব করেন।
বিবৃতিতে বলা হয়, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণকে টেকসই করতে কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছে দুই দেশ। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্ঞান বিনিময় এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশের উন্নয়নেও কানাডার দীর্ঘদিনের সহযোগিতার বিষয়টি উঠে এসেছে সভায়। ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৬৩০ কোটি কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে দেশটি। এর ধারাবাহিকতায় গত অক্টোবরে বাংলাদেশ সফরকালে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রান্দিপ সারাই নতুন করে ৪ কোটি ৫০ লাখ কানাডীয় ডলারের সহায়তা ঘোষণা করেন। এ অর্থ অর্থনৈতিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাতের উন্নয়ন, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি উদ্ভাবনে কাজে লাগানোর কথা রয়েছে।
রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছে কানাডা। ২০১৭ সাল থেকে এ সংকট মোকাবিলায় ৭০ কোটি কানাডীয় ডলারের বেশি সহায়তা দিয়েছে দেশটি।
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে দুই দেশ। পাশাপাশি গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা।
অভিবাসন, জলবায়ু সহনশীলতা, নিরাপত্তা এবং আঞ্চলিক ও বৈশি^ক বিভিন্ন বিষয়েও সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ ও কানাডা।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে