খাদ্যে ভেজাল দিলে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব

সংসদ প্রতিবেদক

জাতীয়

খাদ্যে ভেজাল ও অনিয়ম রোধে নিরাপদ খাদ্য আইন কঠোর করার প্রস্তাব দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনীতে গুরুতর অনিয়মের অভিযোগ প্রমাণিত

2026-11-25T03:42:34+00:00
2026-11-25T03:42:34+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
জাতীয়
নিরাপদ খাদ্য আইনের সংশোধনী
খাদ্যে ভেজাল দিলে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব
সংসদ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:৪২ এএম 
এআই নির্মিত ছবি।
এআই নির্মিত ছবি।
খাদ্যে ভেজাল ও অনিয়ম রোধে নিরাপদ খাদ্য আইন কঠোর করার প্রস্তাব দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনীতে গুরুতর অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করার বিধান রাখার কথা বলা হয়েছে। আর আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারীকে তাৎক্ষণিক পুরস্কার হিসেবে দেওয়ার প্রস্তাব রয়েছে। তবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখার পক্ষে মত দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব প্রস্তাব ও নির্দেশনা তুলে ধরা হয়।

কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য খাদ্যমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, মো. আবু তালেব মণ্ডল, মো. আব্দুল করিম ও শামছুন্নাহার বেগম উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ সংশোধনের বিষয়ে মন্ত্রণালয়ের প্রস্তাব উপস্থাপন করা হয়। এতে বলা হয়, অভিযোগের ভিত্তিতে অথবা কর্তৃপক্ষের তদন্তে গুরুতর অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অনধিক ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা আরোপ করা যাবে। আদায় করা জরিমানার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে পুরস্কার হিসেবে দেওয়ারও প্রস্তাব রয়েছে।

আলোচনাকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন। ভোক্তাদের কাছে মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে বিদ্যমান আইন আরও কঠোর করার এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথা বলেন।

এ সময় ধান সংগ্রহের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধের ওপরও গুরুত্ব দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। 

বৈঠকে খাদ্যগুদামের ধারণক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে সারা দেশের খাদ্যগুদামগুলোর মোট ধারণক্ষমতা ২২ লাখ ৯৩ হাজার মেট্রিক টন। ২০৩০ সালের মধ্যে তা বাড়িয়ে ৩০ লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান খাদ্যগুদামগুলোর প্রকৃত অবস্থা যাচাইয়ের সুপারিশ করে কমিটি। বৈঠকে পুরোনো ও ব্যবহার অনুপযোগী গুদাম সরেজমিন পরিদর্শন করে সেগুলো বাতিল এবং প্রয়োজনে নতুন গুদাম নির্মাণের পরামর্শ দেওয়া হয়। নতুন গুদাম নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড কাঠামো ব্যবহারের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি খাদ্যশস্যের মান বজায় রাখা, পোকামাকড় নিয়ন্ত্রণ ও ছত্রাকের ঝুঁকি কমাতে গুদামে সঠিক আর্দ্রতা নিশ্চিত করা এবং মেকানিক্যাল ভেন্টিলেশন ব্যবস্থা স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়।


বৈঠকে জানানো হয়, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও বিশৃঙ্খলা এড়াতে ডিলার নিয়োগের নীতিমালা সংশোধন করা হয়েছে। নতুন নিয়মে প্রতি ২৫০ উপকারভোগীর বিপরীতে একজন করে ডিলার নিয়োগ দেওয়া হবে। আগে প্রতি ৫০০ উপকারভোগীর জন্য একজন ডিলার নিয়োগের বিধান ছিল।  তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস কর্মসূচি চালু হয়েছে। এ কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ৭৩টি পয়েন্টে ট্রাকসেলের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। প্রতি শুক্রবার একজন শ্রমিক সর্বোচ্চ ১০ কেজি চাল ৩০ টাকা কেজি দরে কিনতে পারছেন। 

এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদফতর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
 
  বিষয়:   খাদ্যে ভেজাল  জরিমানা  প্রস্তাব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: