প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:৫৩ পিএম আপডেট: ২৫.১১.২০২৬ ২:৫৯ পিএম

বৃষ্টিতে সবজির ফুল ঝরে পড়াসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ছবি : সময়ের আলো
বৃষ্টিতে সবজির ফুল ঝরে পড়াসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ছবি : সময়ের আলো ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের পরিচিত ‘সবজি গ্রাম’। গ্রামের অধিকাংশ কৃষকই বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেন। বিশেষ করে আগাম মৌসুমের সবজি উৎপাদন ও বাজারজাতকরণের জন্য এলাকাটি বেশ পরিচিত। প্রতি বছর আগাম সবজি চাষ করে ভালো লাভের আশায় থাকেন এখানকার কৃষকেরা।
এবারও ভালো ফলনের প্রত্যাশায় আগাম সবজি চাষ করেছিলেন তারা। জমিতে গাছের সতেজ বৃদ্ধি, ফুল ও ফলন দেখে লাভের স্বপ্নও বুনেছিলেন। কিন্তু কয়েক দিনের অসময়ের বৃষ্টিতে সেই স্বপ্নে ছেদ পড়েছে। বৃষ্টিতে সবজির ফুল ঝরে পড়াসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সম্ভাব্য লাভের পরিবর্তে এখন লোকসানের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
কৃষক ইউসুফ জানান, গত কয়েক বছর ধরে আগাম সবজি চাষ করে তারা ভালো লাভ করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই এবারও ভালো ফলনের আশায় চাষাবাদ করেছিলেন। কিন্তু অসময়ের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে ওঠা তাদের জন্য কঠিন হবে।
কৃষক আবু তাহের বলেন, অসময়ের বৃষ্টিতে সবজি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বছর চাষাবাদ করে লাভবান হওয়া তো দূরের কথা, উৎপাদন খরচ তুলতে পারবেন কি না, তা নিয়েই এখন দুশ্চিন্তায় আছেন। বৃষ্টিতে তাদের অনেক স্বপ্ন নষ্ট হয়ে গেছে।
আরেক কৃষক হাছনাইন জানান, এবার আগের তুলনায় বেশি জমিতে সবজি চাষ করেছেন তিনি। এ জন্য ঋণও নিতে হয়েছে। কিন্তু অসময়ের বৃষ্টিতে গাছ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন ঋণ পরিশোধ ও ঘুরে দাঁড়ানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এ অবস্থায় সরকারি সহযোগিতা পেলে কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করেন তিনি।
চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা জানান, এ বছর আগাম সবজির ফলন অত্যন্ত ভালো হয়েছিল। গত বছরের তুলনায় এবার কৃষকদের বেশি লাভবান হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু অসময়ের বৃষ্টিতে তাদের ফসলের ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে ওঠা অনেক কৃষকের জন্য কঠিন হয়ে পড়বে।
সবজি গ্রামের কৃষকদের দাবি, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি সরকারি সহযোগিতা দিতে হবে। প্রয়োজনীয় সহায়তা পেলে ঋণের বোঝা ও লোকসানের চাপ সামলে আবারও ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা তাদের।
সময়ের আলো/এনএন