প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:৩৬ পিএম

শ্রীপুরের বৈরাগীরচালা এলাকায় হামলার ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
শ্রীপুরের বৈরাগীরচালা এলাকায় হামলার ঘটনা ঘটে। ছবি : সময়ের আলোগাজীপুরের শ্রীপুরে বিভিন্ন তৈরি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের চেষ্টা চালিয়েছে একদল বহিরাগত। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে কয়েকটি কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। কোথাও কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর করা হয়, আবার কোথাও ফটকে হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অবস্থান নিলে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা বন্ধ রয়েছে।
পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে শ্রীপুরের বৈরাগীরচালা এলাকার হ্যামস গার্মেন্টস, ভিক্টোরিয়া গার্মেন্টস, ঢাকা গার্মেন্টস ও লাক্সমা ইনওয়্যার লিমিটেড এবং কেওয়া দক্ষিণখণ্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল ও নোমান হোম টেক্সটাইলে হামলার ঘটনা ঘটে।
ফখরুদ্দিন টেক্সটাইল মিলের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মাজহারুল আনোয়ার জানান, বুধবার কারখানা বন্ধ ছিল। সকালে কয়েকজন যুবক হঠাৎ কারখানার প্রধান ফটকে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। একপর্যায়ে তারা ফটক ভাঙচুরের চেষ্টা করলে কারখানার নিজস্ব নিরাপত্তাকর্মীরা বাধা দেন।
তিনি আরও জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই যুবকরা আবারও হামলা চালিয়ে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেন। এ সময় হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে একই সময়ে শ্রীপুর পৌরসভার হ্যামস গার্মেন্টসের ফটক ও কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়। ভিক্টোরিয়া গার্মেন্টসের ফটকে অবস্থান নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে হামলাকারীরা। ঢুকতে না পেরে তারা ফটকে ভাঙচুর চালায়। পাশের লাক্সমা ইনওয়্যার লিমিটেডের ভেতরেও ভাঙচুর করা হয়। এ ছাড়া নোমান হোম টেক্সটাইলের ফটকেও হামলা চালানো হয়।
হ্যামস গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মাহফুজুর রহমান জানান, কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তারা শ্রমিক নয়। বহিরাগত কয়েকজন যুবক বিভিন্ন কারখানার ফটকে গিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেনি। বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহন চলাচল করছে।
তিনি আরও জানান, শ্রমিকের ছদ্মবেশে বহিরাগতরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলে পুলিশের ধারণা।
সময়ের আলো/এনএন