
পুরোনো মালামালের আড়ালে চোরাই পণ্য কেনাবেচার অভিযোগও উঠেছে কয়েকটি দোকানের বিরুদ্ধে। ছবি : সময়ের আলো
পুরোনো মালামালের আড়ালে চোরাই পণ্য কেনাবেচার অভিযোগও উঠেছে কয়েকটি দোকানের বিরুদ্ধে। ছবি : সময়ের আলোমাগুরার শালিখায় দিন দিন বাড়ছে ভাঙারির দোকান। বিশেষ করে উপজেলার ৭ নম্বর গঙ্গারামপুর ইউনিয়নের খাটোর ও রামানন্দকাটি এলাকায় এসব দোকানের সংখ্যা বাড়ছে। পুরোনো মালামালের আড়ালে চোরাই পণ্য কেনাবেচার অভিযোগও উঠেছে কয়েকটি দোকানের বিরুদ্ধে। পাশাপাশি পুরোনো ব্যাটারি ও বৈদ্যুতিক সরঞ্জামসহ ঝুঁকিপূর্ণ বর্জ্যের অপরিকল্পিত ব্যবস্থাপনায় পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসব দোকানে টিউবওয়েল, বৈদ্যুতিক ট্রান্সফরমার ও এর যন্ত্রাংশ, সেচযন্ত্র, ভ্যান, রিকশা, সাইকেল, পানির মোটর, তামার তার, ব্যাটারি, ফ্যান, লোহার রড, জিআই পাইপ, ম্যানহোলের ঢাকনা ও সড়কের রেলিংসহ বিভিন্ন ধরনের পুরোনো মালামাল কেনাবেচা হয়। এসব পণ্যের মধ্যে চোরাই মালামালও রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
রামানন্দকাটি গ্রামের এক ভাঙারি ব্যবসায়ী মো. তোয়েব আলী বলেন, তিনি প্লাস্টিকের কারখানা নয়, ভাঙারির ব্যবসা করেন। আগে একটি প্লাস্টিক কারখানা ছিল, সেটি সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে গ্রামগঞ্জে ঘুরে যারা ভাঙারি মালামাল সংগ্রহ করেন, তাদের কাছ থেকে কিনে সপ্তাহ শেষে বিক্রি করেন তিনি।
ব্যবসার কাগজপত্র সম্পর্কে তোয়েব আলী বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে ৫৭৫ টাকা দিয়ে ট্রেড লাইসেন্স নিয়েছেন। আগে কারখানার ব্যবসার সময় প্রয়োজনীয় কাগজপত্র থাকলেও বর্তমানে আর কিছু নেই। ব্যাংক থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা ঋণ নিয়েছেন বলেও জানান তিনি। তার ভাষ্য, এভাবে চাপ দেওয়া হলে ব্যবসা বন্ধ করে দিতে হবে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, ভাঙারির ব্যবসার পাশাপাশি তোয়েব আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। গাঁজা ও ইয়াবা ব্যবসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গঙ্গারামপুর ইউনিয়নসহ মাগুরার বিভিন্ন এলাকার চোরদের সঙ্গে তার অবৈধ ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তারা।
অভিযোগকারীদের দাবি, চোরাই লোহা, ভ্যান, সাইকেল, রিকশা, স্যালো মেশিন, বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়ি থেকে চুরি হওয়া বিভিন্ন মালামাল গোপনে কেনাবেচা করা হয়। এসব মালামাল প্রতিবন্ধী পরিচয় ব্যবহার করে কৌশলে কেনাবেচার অভিযোগও উঠেছে।
অন্যদিকে পুরোনো ব্যাটারি, বৈদ্যুতিক সরঞ্জাম ও অন্যান্য ঝুঁকিপূর্ণ বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা না থাকলে মাটি, পানি ও পরিবেশ দূষণের আশঙ্কা রয়েছে। এতে স্থানীয় মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়তে পারে। এ পরিস্থিতিতে ভাঙারির দোকানগুলোর বৈধতা যাচাই, কেনাবেচা করা মালামালের উৎস অনুসন্ধান এবং চোরাই পণ্য লেনদেনের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি শুনেছেন। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এনএন