প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:০১ পিএম

হাসপাতালে ভর্তিরত আহতরা। ছবি : সংগৃহীত
হাসপাতালে ভর্তিরত আহতরা। ছবি : সংগৃহীতমাগুরার শালিখা উপজেলায় ডিম কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের ছান্দড়া গ্রামের বেড়াবাড়ি পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন এক পক্ষের নাসির শেখ (৩৫), মজনু মোল্লা (৩৫), শফিক মোল্লা (৫৫) ও আব্দুল মোল্লা (৭২)। অপর পক্ষের সিদ্দিক মুন্সি (৬০) ও শাহিনুর (৩০)।
আহত নাসির শেখ অভিযোগ করেন, সিদ্দিক মুন্সির স্ত্রীর সঙ্গে ডিম কেনাবেচার বিষয় নিয়ে কথা-কাটাকাটির পর সিদ্দিকের ছেলে জহুরুলসহ কয়েকজন তার দোকানে এসে লাঠি, রড ও হাতুড়ি দিয়ে হামলা করেন। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার মামাতো ভাই মজনু ও মামা আব্দুল মোল্লাও আহত হন।
অন্যদিকে সিদ্দিক মুন্সির দাবি, নাসির তার স্ত্রীকে গালিগালাজ করেন। এর প্রতিবাদ জানাতে গেলে নাসির ও তার লোকজনের হামলায় তিনি আহত হন। তার হাতের আঙুল ও কপালে আঘাত লাগে বলেও জানান তিনি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
শালিখা থানা অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন এলাকায় পুলিশ মোতায়ন আছে।
সময়ের আলো/এনএন