প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:১৮ পিএম

পুলিশ লাইন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। ছবি : সময়ের আলো
পুলিশ লাইন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। ছবি : সময়ের আলোনরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বাংলাদেশ তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদফতরের অধীনে স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আরো কঠোর আন্দোলন এবং প্রয়োজনে মহাসড়ক স্থায়ীভাবে অবরোধের হুঁশিয়ারি দেন তারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নরসিংদী পুলিশ লাইন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেন। প্রায় ১ঘণ্টা ধরে চলা এ কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি ও প্রতিবাদ জানান। এতে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বাংলাদেশ তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদফতরের অধীনে স্থানান্তরের পরিকল্পনা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা ও ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা না করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ গ্রহণযোগ্য নয়। তাই স্থানান্তরের আলোচনা ও উদ্যোগ স্থগিতের দাবি জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আন্দোলনের মাত্রা আরো বাড়ানো হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক স্থায়ীভাবে অবরোধের হুঁশিয়ারিও দেন তারা।
এদিকে, বিক্ষোভ চলাকালে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন শিক্ষার্থীদের আশ্বাস দেন। তার আশ্বাসের পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যান এবং অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।
তবে সংসদ সদস্যের আশ্বাসের পরও শিক্ষার্থীদের মূল দাবি কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। আগামী ২৪ ঘণ্টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সময়ের আলো/এনএন