
তাজরীন ফ্যাশনস কারখানার সামনে মানববন্ধন করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, আহত শ্রমিক ও নিহতদের স্বজনরা। ছবি : সময়ের আলো
তাজরীন ফ্যাশনস কারখানার সামনে মানববন্ধন করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, আহত শ্রমিক ও নিহতদের স্বজনরা। ছবি : সময়ের আলো ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১২ জন শ্রমিক। ওই ঘটনায় আহত হন আরও অনেকে। তাদের কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, কেউবা এখনও বয়ে বেড়াচ্ছেন শারীরিক ও মানসিক ক্ষত। দুর্ঘটনার ১৪ বছর পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত শ্রমিক ও নিহতদের স্বজনদের অনেকেই পাননি কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ। চিকিৎসা ও পুনর্বাসনের প্রতিশ্রুতিও বাস্তবায়িত না হওয়ায় মানবেতর জীবন কাটছে তাদের।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস কারখানার সামনে মানববন্ধন করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, আহত শ্রমিক ও নিহতদের স্বজনরা। এর আগে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের স্মরণে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পাশাপাশি নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
মানববন্ধন থেকে আহত শ্রমিক ও নিহত ১১২ জনের পরিবারের পুনর্বাসন এবং সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়। পরিত্যক্ত কারখানা ভবনটি ভেঙে সেখানে আহত শ্রমিকদের জন্য স্থায়ী আবাসন এবং শ্রমজীবী মানুষের চিকিৎসায় একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের আহ্বান জানান ভুক্তভোগীরা।
এ ছাড়া নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে তাদের এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়া, আহতদের দীর্ঘমেয়াদি চিকিৎসা, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা এবং অগ্নিকাণ্ডের জন্য দায়ী কারখানার মালিকসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।
তাজরীন ফ্যাশনসের সুইং বিভাগের আহত শ্রমিক নাছিমা আক্তার অগ্নিকাণ্ডের সময় ভবনের চতুর্থ তলায় ছিলেন। তার অভিযোগ, আগুন লাগার আগে ফায়ার অ্যালার্ম বাজলেও সুপারভাইজাররা শ্রমিকদের নিচে নামতে দেননি। পরে স্যাম্পল রুমের লোহার টুল দিয়ে জানালা ভেঙে সেখান থেকে লাফিয়ে বাইরে বের হন তিনি।
সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে আহত শ্রমিক মুক্তা বানু বলেন, ঘটনার দিন তারা ওয়ালমার্টের ক্রেতার জন্য পণ্য সরবরাহের কাজ করছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। শ্রমিকরা বের হওয়ার চেষ্টা করলে কারখানার ব্যবস্থাপক তাদের বকাঝকা করেন। অ্যালার্মটি যন্ত্র মেরামতের সময় ভুল করে বেজেছে বলে দাবি করে সবাইকে আবার কাজে বসতে বাধ্য করা হয়।
মুক্তা বানু বলেন, কিছুক্ষণ পর চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। বের হওয়ার পথ না পেয়ে তারা তিনতলার স্যাম্পল রুমে আশ্রয় নেন। পরে জানালা ভেঙে লাফিয়ে নিচে নামতে গিয়ে তার বাম হাত ভেঙে যায়। ডান হাতের মাংসও ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া মেরুদণ্ড ও কাঁধে আঘাত পান তিনি।
তাজরীনের আরেক আহত শ্রমিক ও সুইং অপারেটর সবিতা রানী বলেন, ১৪ বছর ধরে দেশের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন মহলে ঘুরেছেন তারা। কিন্তু এখনো ন্যায়বিচার পাননি। দীর্ঘ সময় ধরে দাবি জানিয়ে গেলেও তাদের দুর্ভোগের অবসান হয়নি।
বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল বলেন, কর্মস্থলে এতসংখ্যক শ্রমিক পুড়িয়ে হত্যার ঘটনায় প্রচলিত আইনে এত বছরেও বিচার নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ধরনের ঘটনার বিচার নিশ্চিতে বিশেষ আইন প্রণয়ন করা প্রয়োজন।
তিনি বলেন, অপরাধীদের বিচার না হওয়ায় কর্মস্থলে একের পর এক এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তাই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ারসহ দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় শ্রমিকদের নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে।
শ্রমিক নেতা অরবিন্দু ব্যাপারী বলেন, ২০১২ সালে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিকের মৃত্যু হলেও আজ পর্যন্ত নিহতদের স্বজনরা যথাযথ ক্ষতিপূরণ পাননি। আহত শ্রমিকরাও প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছেন।
তিনি অভিযোগ করেন, আগের সরকারের আমলে কারখানার মালিককে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। এরপর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি হিসেবে প্রভাব বিস্তার করে চলাফেরা করেছেন। বর্তমান সরকারের কাছে তার দাবি, আগের সরকারের আমলে বিচার না হওয়া শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা হোক।
শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পরিত্যক্ত তাজরীন কারখানার জমিতে শ্রমজীবী মানুষের জন্য হাসপাতাল নির্মাণের প্রস্তাবও দেন অরবিন্দু ব্যাপারী। তিনি বলেন, সরকারের অর্থায়নে সেখানে একটি শ্রমজীবী হাসপাতাল প্রতিষ্ঠা করে শ্রমিকদের বিনা মূল্যে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে।
সময়ের আলো/এনএন