
অভিনেতা সোহেল খানের মরদেহ ঢাকা আনা হচ্ছে। ছবি : সংগৃহীত
অভিনেতা সোহেল খানের মরদেহ ঢাকা আনা হচ্ছে। ছবি : সংগৃহীতপর্দায় হাস্যরসাত্মক অভিনয়ে দর্শকের মন জয় করেছিলেন অভিনেতা সোহেল খান। তার অভিব্যক্তি, সংলাপ আর সাবলীল অভিনয়ে বছরের পর বছর বিনোদিত হয়েছেন দর্শক। ব্যক্তিজীবনেও ছিলেন হাসিখুশি ও প্রাণবন্ত। অথচ সেই মানুষটিই এবার ফিরছেন নিথর দেহে।
বগুড়া থেকে সোহেল খানের মরদেহ ঢাকায় আনা হচ্ছে। পরে ধামরাইয়ের রাজাপুরে গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে। এ তথ্য জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
হাসপাতালের দেওয়া মৃত্যুসনদ অনুযায়ী, মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুর কারণ হিসেবে সনদে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। দুই ভাই ও চার বোনের মধ্যে সোহেল খান ছিলেন সবার বড়।
অভিনয়ের কাজে কয়েক দিন আগে বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। সেখানে মো. ইকবালের পরিচালনায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তিনি। সহকর্মীদের সঙ্গে হাসি-আনন্দেই সময় কাটছিল তার। তবে মঙ্গলবার সকালে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির সময়ই ঘটে বিপত্তি। অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। বুধবার তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন তিনি। পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। সেখানে গিয়ে বিছানায় তাকে পড়ে থাকতে দেখেন ওই সদস্য। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অন্যদের খবর দেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সিনেমাটির পরিচালক মো. ইকবাল সোহেল খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিনেতার মৃত্যুর পর সিনেমাটির শুটিং বন্ধ রাখা হয়েছে।
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় সোহেল খানের। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।
নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন সোহেল খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘প্রজাপতি’ (২০১১), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘কেমনে কী!’ (২০২১), ‘প্রিয় কমলা’ (২০২১), ‘শান’ (২০২২) ও ‘জংলি’ (২০২৫)।
দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছিলেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সময়ের আলো/এসএকে