প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:২৫ এএম

নগরের জাদুঘর মোড় এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। ছবি : সংগৃহীত
নগরের জাদুঘর মোড় এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। ছবি : সংগৃহীতনিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড় এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। থেমে থেমে প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং কয়েক রাউন্ড গুলিবর্ষণের অভিযোগও উঠেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে। তবে এরপরও দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমনের অভিযোগ, রাজপাড়া থানায় নিষিদ্ধ ছাত্রলীগের শাহিনুর নামের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাঁরা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নার নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়।
লিমন দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে এ হামলা চালানো হয়। একপর্যায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীও সংঘর্ষে যোগ দেন। তাঁরা তাঁদের লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটান বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দাবি জানিয়েছেন লিমন।
তবে অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা সাফায়েত হোসেন মান্নার তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারিকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। ফলে পুলিশের বক্তব্য জানা সম্ভব হয়নি।
সময়ের আলো/এনএন