সেতু আছে, পাটাতন নেই, জনভোগান্তির শেষ নেই!

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের মিয়ারচর খালের ওপর নির্মিত লোহার সেতুটি প্রায় তিন বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। পাটাতন

2026-11-25T10:27:07+00:00
2026-11-25T10:27:07+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
সেতু আছে, পাটাতন নেই, জনভোগান্তির শেষ নেই!
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:২৭ এএম 
জীবনের ঝুঁকি নিয়েই এর ওপর দিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। ছবি : সময়ের আলো
জীবনের ঝুঁকি নিয়েই এর ওপর দিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। ছবি : সময়ের আলো
বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের মিয়ারচর খালের ওপর নির্মিত লোহার সেতুটি প্রায় তিন বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। পাটাতন খুলে পড়ে যাওয়ায় সেতুটির কেবল লোহার কাঠামো ও রড অবশিষ্ট রয়েছে। জীবনের ঝুঁকি নিয়েই এর ওপর দিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, নারী, অসুস্থ রোগী ও বয়োজ্যেষ্ঠরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ইউনিয়ন পরিষদের অর্থায়নে মিয়ারচর খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। খালের পানির প্রবল স্রোতে কয়েক বছর আগে সেতুর খুঁটি দেবে যায়। এতে পাটাতনে ফাটল দেখা দেয়। একপর্যায়ে কংক্রিটের অংশ খুলে পড়তে শুরু করে। বর্তমানে সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন এলাকাবাসী।

মুলাদী ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী মিয়ারচর গ্রামের পাশের খালটি আড়িয়াল খাঁ নদ থেকে এসেছে। সেতুটি দিয়ে প্রতিদিন নাজিরপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ, মিয়ারচর মাধ্যমিক বিদ্যালয়, মিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিয়ারচর দাখিল মাদরাসা ও নুরানি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা যাতায়াত করে। পাটাতন না থাকায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুরা।

স্থানীয় বাসিন্দা রাসেল মুক্তাদির বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। পাটাতন খুলে যাওয়ায় লোহার কাঠামোর ওপর দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। দ্রুত নতুন সেতু নির্মাণের পাশাপাশি আপাতত অস্থায়ী পারাপারের ব্যবস্থা করা জরুরি।

মিয়ারচর গ্রামের আলী আশ্রাফ ব্যাপারী বলেন, নির্মাণের কয়েক বছরের মধ্যেই সেতুর খুঁটি দেবে যায়। এরপর কংক্রিটের পাটাতনও খসে পড়তে শুরু করে। নতুন করে নির্মাণের উদ্যোগে সেতুটি ভাঙা হলেও পরবর্তী সময়ে কাজ আর এগোয়নি। এখন শুধু লোহার কাঠামো অবশিষ্ট রয়েছে। সেটির ওপর দিয়েই মানুষ চলাচল করছে।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. মুসা সিকদার বলেন, সেতুটি দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় এলাকার মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সংস্কার কিংবা নতুন সেতু নির্মাণ করা হলে স্থানীয়দের ভোগান্তি কমবে।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান বলেন, সেতুটি উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও বরাদ্দের অভাবে কাজ করা সম্ভব হয়নি।

নাজিরপুর ইউনিয়নের প্রশাসক ও মুলাদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, নথি অনুযায়ী, ২০১৯ সালে ইউনিয়ন পরিষদের অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছিল। খালের স্রোতে কয়েক বছর আগে খুঁটি দেবে যাওয়ায় পাটাতন ক্ষতিগ্রস্ত হয়। পরে সেতুটি ভেঙে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শেষ করা হবে।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার বলেন, শিগ্‌গিরই সেতুটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   সেতু আছে  পাটাতন নেই  জনভোগান্তি  বরিশাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: