৫ দিন বাংলাবান্ধা বন্দরে পাথর লোডিং বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

শ্রমিক সংগঠনগুলোর বিরোধে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে টানা পাঁচদিন ধরে বন্ধ রয়েছে আমদানি করা এলসি পাথর লোডিং কার্যক্রম। এতে বিপাকে পড়েছেন

2026-11-25T14:45:11+00:00
2026-11-25T14:45:11+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
৫ দিন বাংলাবান্ধা বন্দরে পাথর লোডিং বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:৪৫ পিএম 
বিভিন্ন জেলা থেকে আসা ট্রাকও বন্দরের ভেতরে আটকা পড়ে আছে। ছবি : সময়ের আলো
বিভিন্ন জেলা থেকে আসা ট্রাকও বন্দরের ভেতরে আটকা পড়ে আছে। ছবি : সময়ের আলো
শ্রমিক সংগঠনগুলোর বিরোধে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে টানা পাঁচদিন ধরে বন্ধ রয়েছে আমদানি করা এলসি পাথর লোডিং কার্যক্রম। এতে বিপাকে পড়েছেন পাথর ব্যবসায়ী ও সরবরাহকারীরা। কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। পাথর নিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা অনেক ট্রাকও বন্দরের ভেতরে ও আশপাশের এলাকায় আটকা পড়ে আছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে তিরনই অফিস লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়নের সদস্যদের দাবির পক্ষে বিক্ষোভ করতে দেখা যায়। দ্রুত তাদের দাবি মেনে নিয়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান শ্রমিকেরা।

সরেজমিনে বন্দরে গিয়ে দেখা যায়, পাথর লোডিং কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আমদানি-রফতানিসহ বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাংলাবান্ধা স্থলবন্দরে পণ্য লোড-আনলোডের কাজ করে আসছে স্থলবন্দর শ্রমিক সংগঠন। সম্প্রতি পাথর লোডিংয়ের পদ্ধতি ও কাজের নিয়ন্ত্রণ নিয়ে এ সংগঠন এবং তিরনই অফিস লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ দেখা দেয়। দুই পক্ষের বাধা ও পাল্টাপাল্টি অবস্থানের কারণে একপর্যায়ে এলসির মাধ্যমে আমদানি করা পাথর লোডিং বন্ধ হয়ে যায়।

বাংলাবান্ধা স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিক সংগঠনের সভাপতি আখতারুল ইসলাম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাদের সংগঠনের শ্রমিকেরা বন্দরের লোড-আনলোড কার্যক্রম পরিচালনা করছেন। কিন্তু কয়েকদিন ধরে তিরনই লেবার অফিসের লোকজন পাথরবাহী গাড়ি আটকে দিচ্ছেন। এতে লোডিং বন্ধ রয়েছে। আটকা পড়েছে অনেক গাড়ি, কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকেরা।

তিনি বলেন, বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করে আসছেন। এখন একটি পক্ষ বন্দরের কার্যক্রম নিজেদের নিয়ন্ত্রণে নিতে বিভেদ সৃষ্টি করছে।

অন্যদিকে বাংলাবান্ধা ইউনিয়নের তিরনই অফিস লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়নের সচিব শাকিল হোসেন বলেন, এখানে কোনো দ্বন্দ্ব নেই। দীর্ঘদিন ধরে একটি সংগঠন লোড-আনলোডের কাজ করছে। তবে ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী পেলুডা গাড়ির মাধ্যমে পাথর লোড করার উদ্যোগ নেওয়া হলে তারা শ্রমিকদের নিয়ে বাধা দেন।


তিনি আরও বলেন, কুলি শ্রমিকদের কাজ ও পাথর লোডিংয়ের কাজ আলাদা। এ বিষয়টি নিয়েই বিরোধের সৃষ্টি হয়েছে। কুলি শ্রমিকদের বাধার কারণে তাদের সংগঠনের অনেক সাধারণ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

পাথর আমদানিকারক আব্দুল আল মামুন বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে এলসির মাধ্যমে পাথর আমদানি করা হয়। বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকলেও শ্রমিক সংগঠনগুলোর বিরোধে ক্রাশিং করা পাথর লোড করা যাচ্ছে না। ফলে আমদানি করা পাথর আটকে রয়েছে। এ অবস্থা দীর্ঘায়িত হলে দেশের বিভিন্ন স্থানে পাথর সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি আমদানি কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের মধ্যে তৈরি হওয়া অসন্তোষ বন্দর এলাকার বাইরের বিষয়। এখন পর্যন্ত এর কোনো প্রভাব বন্দরের মূল কার্যক্রমে পড়েনি। তবে আমদানি করা এলসি পাথর বিক্রি ও সরবরাহ বন্ধ থাকলে ব্যবসায়িক কার্যক্রমে কিছুটা প্রভাব পড়তে পারে।

তিনি জানান, শ্রমিক সংগঠন দুটির পক্ষ থেকে এখন পর্যন্ত বন্দর কর্তৃপক্ষের কাছে কোনো লিখিত বা আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয়নি।

এদিকে শ্রমিক সংগঠন দুটির বিরোধ নিরসনে উদ্যোগ নিয়েছেন সরকারের প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতারা। বুধবার তারা উভয় পক্ষের নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন। দ্রুত সমস্যা সমাধান করে পাথর লোডিং কার্যক্রম স্বাভাবিক করতে আলোচনা চলছে।

স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের দাবি, দ্রুত দুই পক্ষের বিরোধ নিষ্পত্তি করে পাথর লোডিং কার্যক্রম চালু করা হোক। অন্যথায় ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি কর্মহীন শ্রমিকদের দুর্ভোগ আরও বাড়বে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   বাংলাবান্ধা  পাথর লোডিং বন্ধ  বিপাকে ব্যবসায়ীরা  পঞ্চগড়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: