
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতকুয়াশা আর হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গায় এখন শীতের আমেজ স্পষ্ট। পারদ নিচে নেমে আসায় জনজীবনে শীতের প্রভাব বাড়তে শুরু করেছে। একদিকে খেজুরের রস নামানোর প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন মৌসুমি গাছিরা, অন্যদিকে শীতজনিত নানা রোগে ভুগে হাসপাতালে ভিড় করছেন শিশু ও বয়স্করা। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের রোজকার জীবনে এই শীত বাড়তি ভোগান্তি নিয়ে এসেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চলতি মৌসুমে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। তিনি বলেন, তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশা আর হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।
এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। দায়িত্বরত চিকিৎসকরা জানান, গত সপ্তাহের চেয়ে হাসপাতালের বহির্বিভাগে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। আক্রান্তদের বড় অংশই শিশু ও বয়স্ক। রোটা ভাইরাসজনিত ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের মতো সমস্যা নিয়ে তারা চিকিৎসা নিতে আসছেন।
তবে ঋতুর এই বদল নতুন কর্মচাঞ্চল্য এনে দিয়েছে মৌসুমি খেজুর গাছিদের মাঝে। গাছ থেকে রস সংগ্রহের আগাম প্রস্তুতি হিসেবে তাঁরা ইতিমধ্যে গাছে নল বসানোর কাজ শুরু করেছেন। গাছিদের আশা, আর অল্প কিছুদিনের মধ্যেই বাজারে মিলবে টাটকা খেজুরের রস ও গুড়।
চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের তরুণ চাষি সাদ্দাম হোসেন জানান, খেজুর গাছ কাটা বা তোলা তাদের বংশপরম্পরার পেশা। তার বাবা ও দাদারাও এই কাজ করতেন, এখন তিনি সেই ঐতিহ্য ধরে রেখেছেন। খুব শিগগিরই রস নামানো শুরু হবে। প্রতি বছরের মতো এবারও উৎপাদিত গুড় দেশের নানা প্রান্তের পাশাপাশি বিদেশেও পাঠানোর পরিকল্পনা আছে তার।
অন্যদিকে, শীতের এই সময়ে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। ভোরের কনকনে বাতাস উপেক্ষা করে পেটের তাগিদে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি নিয়ে সড়কে বের হতে হচ্ছে তাদের। কিন্তু ঠান্ডার কারণে রাস্তায় যাত্রী কমে যাওয়ায় তাদের আয়-রোজগারও কমে গেছে।
চুয়াডাঙ্গা শহরের রিকশাচালক জালাল উদ্দিন জানান, গত দুদিন ধরে ভোরে ঘর থেকে বের হলেই শরীরে কাঁপুনি ধরে যায়। রাস্তায় আগের মতো যাত্রীও নেই। তবু জীবন চালাতে রিকশা নিয়ে বের হতে হচ্ছে।
দিনমজুর রফিকুল ইসলাম বলেন, শীত বাড়লে কাজের সুযোগ কমে আসে। সকালে তেমন কেউ কাজে ডাকে না। দুপুরে রোদ উঠলে তবেই মাঠে কাজে যাওয়ার সুযোগ মেলে।
সময়ের আলো/আতা