প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:৪৪ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতমানিকগঞ্জ সদর উপজেলার একটি গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নিরাপত্তাকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কেউ হতাহতও হননি।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে সদর উপজেলার দিঘী ইউনিয়নের মূলজান এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দুর্বৃত্তরা কার্যালয়ের জানালা ও সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মীরা বিষয়টি টের পেয়ে বাইরে বেরিয়ে আসেন। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
এ ঘটনায় কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সময়ের আলো/এসএকে