প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম

কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খান একজন হৃদরোগ বিশেষজ্ঞ । ছবি : সংগৃহীত
কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খান একজন হৃদরোগ বিশেষজ্ঞ । ছবি : সংগৃহীতকিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খানকে ঘিরেই এগোচ্ছে দলটির নির্বাচনী প্রস্তুতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এই চিকিৎসককে আবারও প্রার্থী করার বিষয়ে দলটির নেতারা ইতিবাচক অবস্থান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি সামনে আনেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জিহাদ খানের প্রার্থিতার বিষয়ে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক বলেন, ‘হ্যাঁ, জিহাদ ভাই-ই প্রার্থী থাকবেন। আমরা এখন তাকে নিয়েই এগোচ্ছি, ইনশাআল্লাহ। আগামীকাল ঢাকায় প্রোগ্রাম আছে। সেখান থেকে আরও নির্দেশনা আসবে, ইনশাআল্লাহ।’
কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খান একজন হৃদরোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালে কর্মরত আছেন। এর আগে দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদরোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জামায়াতের রাজনীতিতে দীর্ঘদিন ধরে যুক্ত জিহাদ খান ১৯৮৮ সালে দলটির রোকন হন। বর্তমানে তিনি দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য। তিনি জামায়াতের সাবেক সংসদ সদস্য ও মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি মরহুমা হাফেজা আসমা খাতুনের ভাগনে। এ ছাড়া, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্যালক তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জিহাদ খান। ওই নির্বাচনে তিনি ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট পেয়েছিলেন। তবে ৯ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে পরাজিত হন।
এ দিকে, সংসদ সদস্য ড. এম ওসমান ফারুক পদত্যাগ করায় কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়। গত ২৫ নভেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণার পর থেকেই করিমগঞ্জ ও তাড়াইল উপজেলায় উপনির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা ও আলোচনা শুরু হয়েছে। জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে জিহাদ খানের নাম সামনে আসায় আসনটিতে দলটির নির্বাচনী প্রস্তুতি নতুন করে গুরুত্ব পাচ্ছে।
সময়ের আলো/এসকে