‘বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো’

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

লক্ষ্মীপুরের সাবেক আলোচিত মেয়র প্রয়াত এম এ তাহেরের ছেলে এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি আফতাব উদ্দিন বিপ্লবের একটি কথিত

2026-11-27T17:52:12+00:00
2026-11-27T17:52:12+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
আ. লীগ নেতার ফোনকল ফাঁস
‘বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের সাবেক আলোচিত মেয়র প্রয়াত এম এ তাহেরের ছেলে এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি আফতাব উদ্দিন বিপ্লবের একটি কথিত কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রায় তিন মিনিটের ওই রেকর্ডিংয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হত্যার পরিকল্পনা, গেরিলা দল গঠন এবং মিছিল আয়োজন নিয়ে কথা বলতে শোনা যায় তাকে। তবে রেকর্ডিংটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছেন বিপ্লব।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রেকর্ডিংটিতে মামুন নামে এক ব্যক্তির সঙ্গে কথোপকথনে বিপ্লবকে বলতে শোনা যায়, ‘৫-৬টা গেরিলা হলে রাখবি, যারা বিশ্বস্ত। তাদের এলাকায় প্রতিষ্ঠিত করে দেব। তাদের কাজ হবে শুধু বিএনপি-জামায়াতের মূল ৮-১০ জনকে মেরে ফেলা।’

কথোপকথনে আরও শোনা যায়, বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার কথা বলা হচ্ছে। তবে এ সময় কোরআন শরিফ, জায়নামাজ ও টুপি সরিয়ে নেওয়ার এবং নারী, শিশু ও বয়স্কদের ক্ষতি না করার কথাও বলতে শোনা যায় তাকে। কথোপকথনের একপর্যায়ে বিপ্লব বলেন, ‘গোটা দশেক ধরতে হবে, তাদের মারতে হবে।’ পাশাপাশি কয়েকজনকে হত্যা করে বাকিদের ভয় দেখানোর কথাও শোনা যায় রেকর্ডিংয়ে।

রেকর্ডিংয়ে বিপ্লবকে আরও বলতে শোনা যায়, তার ভাইয়ের পক্ষে একটি মিছিল আয়োজন করা যেতে পারে। মিছিলে তার নিজের ব্যানার ও শেখ হাসিনার ব্যানার থাকবে। সেখানে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান লেখা থাকবে। ব্যানারের এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং অন্য পাশে তাদের বাবার ছবি রাখার কথাও বলেন তিনি।

এর আগে কথোপকথনের শুরুতে বিপ্লবকে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, জেলা যুবলীগের সভাপতি পদে প্রার্থী হয়েছেন। তার ভাই একেএম সালাহ উদ্দিন টিপুকে সহায়তা করতে আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেশের পরিস্থিতি বিবেচনায় সামনে গেরিলা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

কথোপকথনের আরেক অংশে বিপ্লবকে দুই-তিনটি ইউনিয়ন থেকে দেড় শতাধিক তরুণকে জড়ো করার কথা বলতে শোনা যায়। তাদের দিয়ে একটি নির্দিষ্ট স্থানে ব্যানার নিয়ে সংক্ষিপ্ত মিছিল করিয়ে ভিডিও ধারণের পরিকল্পনার কথাও বলেন তিনি। পরে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার জন্য যোগাযোগ করতে বলেন।

রেকর্ডিংয়ের শেষ দিকে পাঁচ-ছয়জনকে নিয়ে একটি গেরিলা দল গঠন এবং তাদের এলাকায় সক্রিয় করার কথা বলেন বিপ্লব। পরিস্থিতি অনুকূলে এলে সংকেত দিয়ে ৮-১০ জনকে হত্যার পরিকল্পনার কথাও শোনা যায়। একই সঙ্গে বিষয়টি যেন অন্য কেউ জানতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে বলেন তিনি।

এ বিষয়ে আফতাব উদ্দিন বিপ্লব বলেন, রেকর্ডিংটি তার নজরেও এসেছে। এটি এআই দিয়ে তৈরি করা হয়েছে। তার পরিবারের বিরুদ্ধে আগেও ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে।


লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, রেকর্ডিংটি পুলিশের নজরে এসেছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। গোপনে থেকে নাশকতা করার সুযোগ নেই। এ ধরনের বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।

আফতাব উদ্দিন বিপ্লব লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এম এ তাহেরের বড় ছেলে। তিনি জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর ছোট ভাই।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলামকে লক্ষ্মীপুর শহরের বাসা থেকে অপহরণের পর হত্যা করা হয়। বহুল আলোচিত এ হত্যা মামলায় ২০০৩ সালে বিচারিক আদালত বিপ্লবসহ পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

বিপ্লব ২০১১ সালের ৪ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন। পরে তার বাবা আবু তাহের ছেলের প্রাণভিক্ষা চেয়ে তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে আবেদন করেন। ওই বছরের ১৪ জুলাই রাষ্ট্রপতি তার সাজা মওকুফ করেন।

পরের বছর কামাল ও মহসিন হত্যা মামলায় বিপ্লবের যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করা হয়। এ ছাড়া ২০১২ সালে রাজনৈতিক বিবেচনায় ফিরোজ হত্যা মামলা থেকেও তার নাম প্রত্যাহার করা হয়। ২০১৪ সালের ১ আগস্ট কারাগারে থাকা অবস্থায় বিয়ে করে আবার আলোচনায় আসেন তিনি। ২০১৮ সালের ৯ অক্টোবর কারামুক্ত হন বিপ্লব।

২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় লক্ষ্মীপুরে বিপ্লবদের বাড়ির সামনে তমিজ মার্কেট ও শহরের মাদাম ব্রিজ এলাকায় চার শিক্ষার্থীসহ ১২ জন নিহত হন। নিহত অন্য আটজন যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন।

শিক্ষার্থীদের হত্যার ঘটনায় করা পৃথক দুটি মামলায় বিপ্লবসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আসামি করা হয়। পুলিশ ওই মামলাগুলোর অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে বলে জানা গেছে।

২০২৪ সালের ৪ আগস্টের পর থেকে বিপ্লব এবং তার দুই ভাই টিপু ও শিবলু পরিবারের সদস্যদের নিয়ে পলাতক রয়েছেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বিএনপি  জামায়াত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: