
চট্টগ্রাম নগরীতে দুর্বল কাঠামোর ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে ভূমিকম্পে ভবন ধসে পড়ার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম নগরীতে দুর্বল কাঠামোর ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে ভূমিকম্পে ভবন ধসে পড়ার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। ছবি : সময়ের আলোচট্টগ্রাম নগরীর অলিগলিতে গড়ে উঠেছে নকশাবহির্ভূত ভবন। ছোট-বড় লক্ষাধিক ভবনের ৭০ শতাংশের নকশা অনুমোদন নেই। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তদারকি নিয়ে আছে নানা প্রশ্ন। বিস্তর অভিযোগ আছে নকশা অনুমোদনে নয়ছয়ের। সংস্থার সীমিত লোকবল দিয়ে নামেমাত্র চলে শত শত ভবনের নকশা যাচাই। এতে নগরীতে দুর্বল কাঠামোর ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে ভূমিকম্পে ভবন ধসে পড়ার ঝুঁকিও বাড়ছে।
সিডিএর প্রধান হিসেবে দায়িত্বে আছেন চেয়ারম্যান। রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তন হয় চেয়ারম্যানও। ঘন ঘন পরিবর্তন আসে চেয়ারম্যান পদে। প্রতিষ্ঠানের প্রধান পরিবর্তন হলেও সেবার মান পরিবর্তন হয় না, এমন অভিযোগ নগরবাসীর। প্লট বরাদ্দ থেকে নকশা অনুমোদন সব ক্ষেত্রেই অভিযোগের যেন শেষ নেই। সংখ্যার হিসাবে অনুমোদিত ভবনের চেয়ে অনুমোদনহীন ভবনই বেশি।
হাসপাতাল, ক্লিনিক, মার্কেট থেকে সরকারি ভবন নির্মাণেও আছে নকশার প্রশ্ন। পাঁচ তলার অনুমোদন নিয়ে দিব্যি গড়ে তোলা হচ্ছে আট-দশতলা ভবন। স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে নকশাবহির্ভূত ভবন নির্মাণ। মাঝেমধ্যে সিডিএর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সিলগালা কিংবা ভবন ভাঙা শুরু করেন। নিয়ম এড়িয়ে থামেনি ভবন নির্মাণ। নকশাবহির্ভূত ভবন চিহ্নিত করতে আছে একটি কমিটি। বাস্তবে কমিটির তদারকির দৃশ্যমান তৎপরতা নেই বললেই চলে।
অভিযোগ আছে, নকশা অনুমোদন করা হয় প্রকৃত তথ্য গোপন করে। আবার কোনো কোনো ক্ষেত্রে কর্মকর্তাদের ম্যানেজ করে নির্মাণ করা হয় নকশাবহির্ভূত ভবন। আটতলার অনুমোদন নিয়ে ১০ তলা ভবন নির্মাণ নিয়মিত হচ্ছে। আবার এক জায়গার ড্রয়িং-ডিজাইন দেখিয়ে নির্মাণ হচ্ছে অন্য জায়গায়। নকশায় পাশাপাশি যেটুকু দূরত্ব থাকার কথা বাস্তবে তা নেই। নকশার বাইরে আরেকজনের জমি গ্রাস করে ভবন নির্মাণেরও বিস্তর অভিযোগ আছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম নগরীজুড়ে ছোট-বড় ভবনের সংখ্যা এক লাখের বেশি। অভিযোগ আছে এসব ভবনের ৭০ শতাংশই নকশাবহির্ভূত। বছরে প্রায় আড়াই হাজার ভবনের অনুমোদন দিয়ে থাকে সিডিএ। একটি প্ল্যান অনুমোদন নেওয়ার পর তিন বছর পর্যন্ত মেয়াদ থাকে। তিন বছরের মধ্যে যেকোনো সময়ে ওই ভবনের কাজ শুরু করা যাবে। কিন্তু ভবন নির্মাণ শুরু এবং শেষ করার কোনো তথ্য সিডিএকে জানানো হয় না।
এভাবে গড়ে উঠছে শত শত নকশাবহির্ভূত ভবন। দুর্বল তদারকির কারণে একের পর ঝুঁকিপূর্ণ ভবন তৈরি হচ্ছে। নির্মাণকারী ডেভেলপার প্রতিষ্ঠানকে কখনো জবাবদিহিতার আওতায় আনা হয় না। সিডিএর কর্মকর্তারা স্বীকার করেছেন দুর্বল তদারকির কারণে নগরজুড়ে নকশাবহির্ভূত ভবনের সংখ্যা বেড়েছে। মাঝেমধ্যে ভবন ভেঙে ফেলা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে। বাস্তবে কিছুই হয় না।
অনুসন্ধানে দেখা গেছে, অনুমোদিত নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণের কারণে কারও জমি বেদখল হয়ে গেছে। কোথাও সড়কের পরিসর ছোট হয়ে গেছে। পাঁচতলার অনুমোদন নিয়ে আটতলা কিংবা আটতলার অনুমোদন নিয়ে ১০ তলা তৈরির অভিযোগ সবখানে। স্থায়ী ও ভাসমান মিলে প্রায় কোটির কাছাকাছি বাসিন্দা এই নগরীতে। হাজারো ভবন তদারতিকে সিডিএর শতাধিক পরিদর্শক প্রয়োজন।
বর্তমানে মাত্র ১৪ জন পরিদর্শন নামেমাত্র তদারকির কাজ পরিচালনা করেন। বিশাল নগরীতে নকশা তদারকি করা শতভাগ করতে পারছে না সিডিএ। কিন্তু তদারকি এবং শাস্তির আওতা বাড়াতে অনেক বিকল্প অনেক পথ আছে। নিবিড় তদারকি না থাকায় ইচ্ছামতো ভবন তৈরি হচ্ছে। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ঝুঁকিপূর্ণ শহর তৈরি হচ্ছে।
নগর পরিকল্পনাবিদদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুমোদিত নকশা মেনে ভবন নির্মাণ হলে নিরাপত্তা শঙ্কা থাকে না। ভূমিকম্প প্রতিরোধী হয়। বাসিন্দারা বাড়তি নিরাপত্তা পান। নকশা অনুমোদনের সময় বিভিন্ন বিষয় নিশ্চয়তা নেওয়া হয়। বিশেষ করে অনুমোদনের সময় ভবনের সামনে, পেছনে ও পাশে নির্ধারিত ফাঁকা জায়গা রাখার শর্ত দেওয়া হয়। পাহাড় কাটা কিংবা ড্রেন ও নালার ওপর ভবন নির্মাণ হচ্ছে কি না তাও যাচাই করা হয়।
মূলত পরিকল্পিত ও নিরাপদ নগরী গড়ে তুলতেই নকশা অনুমোদনের আগে কঠোরভাবে তা মেনে চলা হয়। কিন্তু নকশা অনুমোদনের পর ভবন নির্মাণের সময় বেমালুম ভুলে যান ভবন মালিকরা। ডেভেলপার কোম্পানিগুলোও নকশা অনুসরণ করে না এমন অভিযোগ আছে। আর নকশার নিয়ম ভঙের তুলনায় শাস্তি একেবারেই কম। সিলগালা জরিমানার মতো লঘু শাস্তির কারণে বেপরোয়া ভবন নির্মাণ অব্যাহত আছে।
সিডিএর সাবেক বোর্ড সদস্য স্থপতি আশিক ইমরান সময়ের আলোকে বলেন, নগরীতে প্রতিদিন নতুন নতুন ভবন নির্মাণকাজ শুরু হচ্ছে। বর্তমানে ছোট-বড় মিলিয়ে লক্ষাধিক ভবন আছে নগরীতে। এসব ভবনের ৭০ শতাংশের অনুমোদন নেই বা নকশাবহির্ভূত। মাত্র ১৪ জন ইন্সপেক্টর আছেন ভবনের নকশাসহ ডকুমেন্টস পরিদর্শনে। তাদের পক্ষে বিশাল নগরীতে ঘুরে ঘুরে ভবনের কাগজপত্র যাচাই করা কঠিন।
বিকল্প ব্যবস্থা হিসেবে অনুমোদনহীন ভবন চিহ্নিত করে দেওয়া যায় কি না এ প্রশ্নে তিনি বলেন, এটা একটা ভালো উদ্যোগ হতে পারে। লাল চিহ্ন বা অন্য কোন রং দিয়ে সিডিএ ভবনের সামনে টাঙিয়ে দিতে পারে। যেখানে লেখা থাকবে ভবনটির অনুমোদন নেই বা নকশা অনুসরণ করে তৈরি হয়নি। এটা করলে ডেভেলপার কোম্পানির ভবন কিনতে ক্রেতা চিন্তাভাবনা করবে। আবার ভাড়া বাসা নিতে গেলে লোকজন ভয়ে নেবে না। মনে করবে এই ভবন ভাড়া নিলে ঝুঁকি আছে। একসময় ভবন মালিক বাধ্য হয়ে অনুমোদনের বাইরের অংশ ভেঙে ফেলবে। অন্যরা নকশা মেনে চলার ব্যাপারে নিজ থেকেই উদ্যোগী হবেন।
সিডিএর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত সময়ের আলোকে বলেন, নকশা মেনে যারা ভবন তৈরি করেনি তারা নানাভাবে শাস্তির আওতায় আছেন। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অনুমোদনহীন অংশ ভেঙে ফেলার নোটিস দিচ্ছেন। আবার কোনো কোনো ভবনে গিয়ে আদালত সিলগালা কিংবা জরিমানাও করছেন।
ভবনের অনুমোদন কিংবা নকশা যাচাই নিয়মিত হয় কি না এ প্রশ্নে তিনি বলেন, অভিযোগ পেলে নকশা যাচাই করা হয়। তবে সিডিএর তদারকি করার মতো লোকবল কম। তাই হয়তো তদারকিটা সেভাবে হয় না। তারপরও বেআইনিভাবে নির্মাণ করা ভবন বা নিয়ম না মেনে গড়ে ওঠা স্থাপনার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যা আছে ইমারত বিধিমালায় : সিডিএর একটি ইমারত নির্মাণ বিধিমালা আছে। এই বিধি অনুসরণ করেই ভবন নির্মাণ করতে হয়। বিধিমালায় আছে হরেক বিধি। কিন্তু সরেজমিন তথ্য যাচাইকালে দেখা যায় বেশিরভাগ বিধি মানা হয় না। সিডিএর ২০০৮ সালের বিধিমালা অনুযায়ী নতুন ভবন নির্মাণকাজ শুরু বা স্থগিত কাজ শুরুর ১৫ দিন আগে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করতে হবে। কোনো কারিগরি ব্যক্তিকে নতুন নিয়োগ বা পরিবর্তন সম্পর্কে ১৫ দিনের মধ্যে জানাতে হবে।
বিধিমালায় আরও আছে ইমারতের দায়িত্বপ্রাপ্ত কারিগরি ব্যক্তির গাফিলতি হিসেবে গণ্য হবে, যদি তিনি কোনো যুক্তিসংগত কারণ ছাড়াই নির্ধারিত ডিজাইন ও স্পেসিফিকেশনের সঙ্গে যুক্ত এমন প্রয়োজনীয় তথ্য ও বিবরণ সম্পর্কে ভুল তথ্য প্রদান বা গোপন করেন। এ ছাড়া তিনি কাঠামো নকশা, অগ্নিনির্বাপক অথবা অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ভুল তথ্য পরিবেশন করেন এবং এড়িয়ে যান তাও গাফিলতি হিসেবে গণ্য হবে।
কয়েক ধাপে অনুমোদন হয় নকশা : কয়েক ধাপে সিডিএ ভবনের নকশা অনুমোদন করে। ভূমি ব্যবহার ছাড়পত্র, নির্ধারিত নকশা ও কাগজপত্র জমা, কারিগরি অবস্থা যাচাই এবং অনুমোদন ফি পরিশোধের পরই মেলে প্রতীক্ষিত নকশা অনুমোদন। এর মধ্যে ভূমি ব্যবহার ছাড়পত্র সংগ্রহ করতে সিডিএর মহাপরিকল্পনা অনুযায়ী জমির অবস্থান ও ব্যবহারের ছাড়পত্রের জন্য আবেদন করতে হয়। পরে অনুমোদিত স্থপতি ও প্রকৌশলীর মাধ্যমে প্রস্তাবিত নকশা তৈরি করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ফাইল জমা দিতে হয়। পরের ধাপে সিডিএ জমির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র এবং বিধিমালা অনুযায়ী নকশা ও সাইট যাচাই করে। সবশেষ কোনো পর্যবেক্ষণ বা সংশোধন থাকলে তা পূরণ করার পর ফি জমা সাপেক্ষে নকশা অনুমোদন দেওয়া হয়।
নির্মাণ করা ভবন নিয়ে ক্ষোভ : চট্টগ্রাম নগরীর সিডিএ আবাসিক এলাকার বি ব্লকের ১৪ নম্বর রোডের শেষ অংশে ১০ তলা এক ভবন নিয়ে লোকজনের নানা অভিযোগ। এই ভবন নিয়ে কয়েক বছর আগে অভিযোগ গেছে সিডিএর সংশ্লিষ্ট দফতরে। অভিযোগ আছে ওই ভবনটি নকশার বাইরে আটতলার স্থলে ১০ তলা তৈরি করা হয়েছে। কিন্তু এখনও সিডিএর কোনো পরিদর্শক ভবনটি পরিদর্শনে আসেনি। ভবনটির পাশে খালি একটি প্লট পড়ে আছে অনেক দিন।
মধ্যপ্রাচ্য প্রবাসী খালি জায়গার মালিক বড় সাইনবোর্ড টাঙিয়ে পাশে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ তুলে ধরেছেন। এতে আরও লেখা হয়, এই ভবনটি নির্মাণে বেআইনিভাবে তার জমির অংশ দখল করা হয়েছে। অনুমোদনের চেয়ে বড় করা হয়েছে ভবন। এ জন্য তার পক্ষে ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না। শুধু সিডিএ আবাসিক এলাকা নয়, নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে নগরীর বিভিন্ন এলাকায় স্থানীয়দের সঙ্গে ভবন মালিকের সংঘাতের ঘটনাও ঘটেছে।
নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকার বাসিন্দা শিক্ষক লিটন দাশ গুপ্ত বলেন, নগরীতে বৈধভাবে ভবন নির্মাণ শুরু করতে সিডিএর পদে পদে হয়রানির শিকার হতে হয়। আর নকশা অনুমোদন নেই কিংবা নকশা অনুসরণ করেন না কিন্তু প্রভাবশালী তাদের কোনো সমস্যা হয় না। আমি নিজেও চকবাজার এলাকায় যৌথভাবে ভবন নির্মাণ করছি। আমার সব কাগজপত্র বৈধ। হঠাৎ সিডিএর টিম এসে ভবনের বৈধতা নিয়ে প্রশ্ন করে।
একপর্যায়ে নির্মাণাধীন ভবন এক ফুট ভাঙতে বাধ্য করে। অথচ চান্দগাঁও আবাসিক এলাকায় অনেক ভবন দেখেছি, যা নকশাবহির্ভূত এমন অভিযোগ দেওয়া আছে সিডিএর কাছে। এখনও এসব ভবন মালিক শাস্তির আওতায় আসেনি।
সময়ের আলো/প্রিন্ট/কেএইচও