
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতকোরিয়ান খাবারের জনপ্রিয়তা এখন বাংলাদেশেও বাড়ছে। রামেন ও কিমচির পাশাপাশি বেশ পরিচিত হয়ে উঠেছে বিবিমবাপ। চাল, মাংস, ডিম ও বিভিন্ন সবজির সমন্বয়ে তৈরি এই খাবার দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন সুস্বাদু। অনেকটা ফ্রাইড রাইসের মতো হলেও বিবিমবাপ তৈরির পদ্ধতি কিছুটা আলাদা। কোরিয়ান গোচুজাং সস ও তিলের তেল খাবারটিতে এনে দেয় বিশেষ স্বাদ।
পুষ্টিকর এই খাবার তৈরি করতেও খুব বেশি সময় লাগে না। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণের সঙ্গে কয়েকটি বিশেষ উপাদান যোগ করেই তৈরি করতে পারেন কোরিয়ান বিবিমবাপ। জেনে নিন রেসিপি।
উপকরণ
রান্না করা ভাত ২ কাপগাজর ১টিশসা ১টিপালং শাক ১ কাপমাশরুম আধা কাপডিম ২টিমুরগির মাংস আধা কাপসয়াসস ১ টেবিল চামচরসুন কুচি ১ চা চামচগোলমরিচ গুঁড়া সামান্যকোরিয়ান গোচুজাং (লাল মরিচের পেস্ট) ২ টেবিল চামচতিলের তেল ৩ চা চামচভিনেগার ১ চা চামচচিনি আধা চা চামচভাজা তিল ১ টেবিল চামচলবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে গাজর, শসা ও মাশরুম ধুয়ে লম্বা করে কেটে নিন। প্রতিটি সবজি আলাদাভাবে হালকা সেদ্ধ করে সামান্য তেলে ভেজে তুলে রাখুন।
পালং শাক অল্প সেদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। এরপর ভালোভাবে পানি ঝরিয়ে সামান্য তিলের তেল ও লবণ মিশিয়ে রাখুন। ডিম দুটি আলাদাভাবে পোচ করে নিন।
এবার একটি প্যানে সামান্য তেল গরম করে রসুন কুচি দিন। এর সঙ্গে মুরগির মাংস, সয়াসস, চিনি, তিলের তেল ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে ভালোভাবে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে ভাজা ভাজা হলে নামিয়ে রাখুন।
অন্য একটি বাটিতে গোচুজাং, তিলের তেল, ভিনেগার, সামান্য রসুন ও মধু মিশিয়ে সস তৈরি করুন।
সব উপকরণ তৈরি হয়ে গেলে একটি বাটিতে গরম ভাত নিন। এবার ভাতের চারপাশে আলাদা আলাদা করে সাজিয়ে দিন রান্না করা মাংস ও সবজিগুলো। মাঝখানে বা ওপরে একটি ডিম পোচ রাখুন। সবশেষে মাঝখানে গোচুজাং সস দিয়ে ভাজা তিল ছড়িয়ে দিন।
এভাবেই তৈরি হয়ে যাবে কোরিয়ান বিবিমবাপ। খাওয়ার আগে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।
কিছু টিপস
দেশের বিভিন্ন সুপারশপে কোরিয়ান গোচুজাং পাওয়া যায়। এটি না পেলে বিকল্প হিসেবে চিলি সস, টমেটো পেস্ট ও সামান্য ভিনেগার মিশিয়ে ব্যবহার করতে পারেন। তবে, স্বাদে কিছুটা পার্থক্য থাকবে।বিবিমবাপের নিজস্ব স্বাদ আনতে তিলের তেল ব্যবহার করা ভালো। এটি খাবারের সুগন্ধ ও স্বাদ বাড়ায়।সবজি আলাদা করে রান্না ও সাজিয়ে পরিবেশন করলে খাবারটি দেখতে আরও আকর্ষণীয় হবে।
সময়ের আলো/এসএকে