পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের ১০ বিস্ময়

সময়ের আলো ডেস্ক

ফিচার

পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। বরফে ঢাকা বিশাল এই দ্বীপকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে বিশ্বজুড়ে। এর রয়েছে সাড়ে চার হাজার

2026-11-26T18:29:32+00:00
2026-11-26T18:49:23+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ফিচার
পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের ১০ বিস্ময়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম  আপডেট: ২৬.১১.২০২৬ ৬:৪৯ পিএম
বরফে ঢাকা বিশাল এই দ্বীপকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে বিশ্বজুড়ে। ছবি : সংগৃহীত
বরফে ঢাকা বিশাল এই দ্বীপকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে বিশ্বজুড়ে। ছবি : সংগৃহীত
পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। বরফে ঢাকা বিশাল এই দ্বীপকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে বিশ্বজুড়ে। এর রয়েছে সাড়ে চার হাজার বছরের মানব ইতিহাস, নিজস্ব ভাষা-সংস্কৃতি এবং বিচিত্র জীবনযাত্রা। দ্বীপটি সম্পর্কে এমন অনেক তথ্য আছে, যা অনেকেরই অজানা। ছবির গল্পে তুলে ধরা হলো গ্রিনল্যান্ডের ১০টি উল্লেখযোগ্য দিক।


পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ

আয়তনের দিক থেকে গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। এর আয়তন প্রায় ২১ লাখ ৬০ হাজার বর্গকিলোমিটার। ভূখণ্ডের প্রায় ৮০ শতাংশই বরফে ঢাকা। তবে বরফমুক্ত অংশের আয়তনও বেশ বড়, যা সুইডেনের প্রায় সমান। ২০১৭ সালের হিসাব অনুযায়ী, দ্বীপটির জনসংখ্যা ছিল প্রায় ৫৬ হাজার। বিশাল আয়তনের তুলনায় জনসংখ্যা কম হওয়ায় এটি বিশ্বের সবচেয়ে কম জনঘনত্বের অঞ্চলগুলোর একটি।


একসময় সত্যিই সবুজ ছিল গ্রিনল্যান্ড

বরফে ঢাকা গ্রিনল্যান্ডের নামের সঙ্গে ‘সবুজ’ শব্দটি কীভাবে যুক্ত হলো, তা নিয়ে কৌতূহল রয়েছে। ধারণা করা হয়, ভাইকিং নেতা এরিক দ্য রেড দ্বীপটির নাম রাখেন ‘গ্রিনল্যান্ড’। আইসল্যান্ড থেকে নির্বাসিত হয়ে সেখানে পৌঁছে নতুন বসতি গড়তে মানুষকে আকৃষ্ট করার উদ্দেশ্যে তিনি এমন নাম বেছে নিয়েছিলেন।

তবে বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, গ্রিনল্যান্ড একসময় সত্যিই সবুজ ছিল। প্রায় ২৫ লাখ বছর আগে সেখানে উদ্ভিদ ও মাটির অস্তিত্ব ছিল। সাম্প্রতিক এক গবেষণায় বরফের নিচে চাপা পড়ে থাকা লাখ লাখ বছরের পুরোনো মাটির সন্ধান পাওয়া গেছে।


ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত দেশ

ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার অংশ হলেও রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে গ্রিনল্যান্ডের সঙ্গে ইউরোপের দীর্ঘ সম্পর্ক রয়েছে। এটি ডেনমার্ক রাজ্যের অধীন একটি স্বায়ত্তশাসিত দেশ। ১৭২১ সালে ডেনমার্ক সেখানে উপনিবেশ স্থাপন করে। ১৯৫৩ সালে গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশে পরিণত হয়। পরে ১৯৭৯ সালে ‘হোম রুল’ এবং ২০০৯ সালে আরও বিস্তৃত ‘সেলফ রুল’ ব্যবস্থা চালু হয়। এর মাধ্যমে ধাপে ধাপে নিজেদের শাসন ও প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ বাড়িয়েছে গ্রিনল্যান্ড।


সাড়ে চার হাজার বছরের মানব ইতিহাস

গ্রিনল্যান্ডে মানুষের বসতি গড়ে ওঠে খ্রিষ্টপূর্ব প্রায় ২৫০০ সালে। এরপর বিভিন্ন সময়ে নানা জনগোষ্ঠী সেখানে এসেছে এবং বসতি স্থাপন করেছে। দশম শতকে আইসল্যান্ড থেকে আসা নর্সরা দ্বীপটির দক্ষিণাঞ্চলে বসতি গড়ে তোলে। তবে ১৫ শতকের শেষ দিকে তাদের বসতি বিলুপ্ত হয়ে যায়। অন্যদিকে, ১৩ শতকে এশিয়া থেকে আসা ইনুইট জনগোষ্ঠী সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। বর্তমান গ্রিনল্যান্ডের ইনুইটরা মূলত তাঁদেরই বংশধর। সব মিলিয়ে দ্বীপটিতে মানুষের বসবাসের ইতিহাস সাড়ে চার হাজার বছরেরও বেশি পুরোনো।


‘এস্কিমো’ নয়, ইনুইট

গ্রিনল্যান্ডের জনসংখ্যার প্রায় ৮৮ শতাংশ ইনুইট। তাঁদের অধিকাংশই কালাল্লিত অথবা ডেনিশ-ইনুইট মিশ্র বংশোদ্ভূত। বাকি ১২ শতাংশের বেশির ভাগই ইউরোপীয়, বিশেষ করে ডেনিশ। তবে গ্রিনল্যান্ডের অধিবাসীদের পরিচয় দিতে ‘এস্কিমো’ শব্দটি ব্যবহার করা পছন্দনীয় নয়। তাঁদের পরিচিতি ইনুইট বা কালাল্লিত হিসেবে। ‘কালাল্লিত’ শব্দের অর্থ গ্রিনল্যান্ডের মানুষ।


বহু ভাষার দেশ

গ্রিনল্যান্ডের প্রধান ভাষা গ্রিনল্যান্ডিক বা কালাল্লিসুত এবং ডেনিশ। ১৯৭৯ সালে স্বায়ত্তশাসন চালুর পর থেকে সরকারি কাজে এই দুই ভাষা ব্যবহৃত হয়ে আসছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা স্কুলে ইংরেজিও শেখে। গ্রিনল্যান্ডিক ভাষা থেকে বিশ্বের বিভিন্ন ভাষায় ছড়িয়ে পড়েছে ‘কায়াক’ ও ‘ইগলু’ শব্দ দুটি। ফলে দৈনন্দিন জীবনের বাইরেও গ্রিনল্যান্ডের ভাষার প্রভাব রয়েছে।


শহর থেকে শহরে যাওয়ার সড়ক নেই

বিশাল আয়তনের গ্রিনল্যান্ডে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার কোনো সড়ক বা রেলপথ নেই। শহরের ভেতরে কিছু সড়ক থাকলেও সেগুলো শহরের সীমানা ছাড়িয়ে অন্য জনপদে পৌঁছায় না। তাই এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের জন্য প্লেন, নৌকা, হেলিকপ্টার, স্নোমোবাইল কিংবা কুকুরের টানা স্লেজ ব্যবহার করতে হয়। গ্রীষ্মকালে নৌকা যাতায়াতের অন্যতম জনপ্রিয় মাধ্যম।


মাছ ধরা ও তিমি শিকার অর্থনীতির অংশ

গ্রিনল্যান্ডের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি মৎস্যশিল্প। মাছ ও অন্যান্য সামুদ্রিক খাবারের পাশাপাশি স্থানীয়ভাবে শিকার করা তিমি ও সিলের মতো প্রাণীও খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এসব পণ্য ছাড়া প্রয়োজনীয় প্রায় সবকিছুই আমদানি করতে হয়। অতিরিক্ত শিকার নিয়ন্ত্রণে বিভিন্ন অঞ্চলের জন্য নির্দিষ্ট কোটা নির্ধারণ করা আছে। নীল তিমির মতো কয়েকটি প্রজাতি সম্পূর্ণ সুরক্ষিত। তিমি ও সিলের মাংস রফতানির অনুমতি নেই; এগুলো শুধু স্থানীয়ভাবে খাওয়া হয়।


প্রাণবন্ত রাজধানী নুক

গ্রিনল্যান্ডের রাজধানী নুক। দ্বীপটির মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ এই শহরে বসবাস করে। আয়তনে ছোট হলেও শহরটি বেশ প্রাণবন্ত। এখানে রয়েছে জাদুঘর, আধুনিক ক্যাফে ও ফ্যাশন বুটিক। গ্রিনল্যান্ডের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে ঘুরে দেখা যায় ন্যাশনাল মিউজিয়াম, কাটুয়াক কালচারাল হাউস এবং নুক আর্ট মিউজিয়াম। চারপাশের পাহাড়, হিমবাহ ও বিশাল ফিয়র্ড শহরটির প্রাকৃতিক সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে।


মধ্যরাতেও আকাশে থাকে সূর্য

গ্রিনল্যান্ডের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক ঘটনা ‘মিডনাইট সান’ বা মধ্যরাতের সূর্য। প্রতিবছর ২৫ মে থেকে ২৫ জুলাই পর্যন্ত দ্বীপটির বিভিন্ন অঞ্চলে সূর্য অস্ত যায় না। অর্থাৎ রাতেও আকাশে দেখা যায় সূর্য। বছরের দীর্ঘতম দিন ২১ জুন গ্রিনল্যান্ডে জাতীয় ছুটি হিসেবে পালিত হয়। এ সময় স্থানীয়রা বাইরে সময় কাটান, রোদ পোহান এবং প্রকৃতির মাঝে বারবিকিউয়ের আয়োজন করেন।

সূত্র : ভিজিট গ্রিনল্যান্ড

সময়ের আলো/মহু
  বিষয়:   দ্বীপ  গ্রিনল্যান্ড  বিস্ময়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: