
জন্মদিনে কেক কাটার প্রচলনের সঙ্গে প্রাচীন রোমানদের নাম জড়িয়ে আছে। ছবি : সংগৃহীত
জন্মদিনে কেক কাটার প্রচলনের সঙ্গে প্রাচীন রোমানদের নাম জড়িয়ে আছে। ছবি : সংগৃহীত জন্মদিন মানেই আনন্দ, আয়োজন ও প্রিয়জনদের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটানো। বিশেষ দিনটিতে নতুন পোশাক, অতিথি আপ্যায়ন, উপহার আর কেক মিলিয়ে তৈরি হয় উৎসবের আবহ। তবে, জন্মদিনের আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় পর্ব সম্ভবত কেক কাটা।
কিন্তু জন্মদিনে কেক কাটার এই রীতি কোথা থেকে এল? কেনই বা কেকের ওপর মোমবাতি জ্বালানো হয়? আর যে গান ছাড়া জন্মদিনের আয়োজন অসম্পূর্ণ মনে হয় ‘হ্যাপি বার্থডে টু ইউ’, সেটিরই বা জন্ম হলো কীভাবে?
জন্মদিনে কেক কাটার প্রচলনের সঙ্গে প্রাচীন রোমানদের নাম জড়িয়ে আছে। তবে, তাদের কাছে কেক শুধু জন্মদিনের আনুষ্ঠানিক খাবার ছিল না। বিয়ে, অতিথি আপ্যায়নসহ বিভিন্ন উৎসবেও কেক পরিবেশন করা হতো। তখনকার কেক তৈরিতে ব্যবহার করা হতো মধু, বাদাম ও বিভিন্ন ধরনের ফল। অর্থাৎ, বর্তমান সময়ের আটা বা ময়দার কেকের সঙ্গে সেই কেকের উপকরণ ও প্রস্তুতপ্রণালিতে ছিল বেশ পার্থক্য।
প্রাচীন গ্রিকদের মধ্যেও কেক তৈরির প্রচলন ছিল। অন্যদিকে ভারতীয় উপমহাদেশে জন্মদিনের আয়োজন হতো পায়সাম, ক্ষীর, জামুনসহ বিভিন্ন ঐতিহ্যবাহী মিষ্টি দিয়ে। তবে, সে সময় সাধারণ মানুষের মধ্যে জন্মদিন পালনের রীতি খুব একটা প্রচলিত ছিল না। মূলত রাজা-মহারাজাদের জন্মদিন উদ্যাপনের আয়োজন করা হতো।
তখন জন্মদিন পালনের পেছনে ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসও কাজ করত। অনেকের ধারণা ছিল, জন্মদিন উদ্যাপন করলে অশুভ আত্মা ও অপশক্তির প্রভাব থেকে দূরে থাকা যায়।
জন্মদিনে কেক কাটার আয়োজনকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জার্মানদের। পঞ্চদশ শতাব্দীতে তারা এক স্তরবিশিষ্ট কেক তৈরি করে বাজারে নিয়ে আসে। শিশুদের জন্মদিন উদ্যাপনের এই আয়োজনের নাম দেওয়া হয় ‘কিন্ডার ফেস্ট’। জার্মান ভাষায় এর অর্থ শিশুদের উৎসব।
তবে বর্তমানে আমরা যে ধরনের কেক দেখে অভ্যস্ত, তার প্রচলন শুরু হয় আরও পরে। সপ্তদশ শতাব্দীতে আধুনিক ধরনের কেক বাজারে এলেও তা কেনার সামর্থ্য ছিল মূলত ধনী পরিবারগুলোর। কারণ, তখন কেক তৈরি করা ছিল বেশ ব্যয়বহুল। সাধারণ মানুষের নাগালে এই আয়োজন পৌঁছাতে অপেক্ষা করতে হয় আরও প্রায় ২০০ বছর। উনিশ শতকের মাঝামাঝি সময়ে জন্মদিনে কেক কাটার রীতি সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে।
জন্মদিনের কেকের ওপর মোমবাতি বসানোর পেছনেও রয়েছে প্রাচীন গ্রিকদের একটি বিশ্বাস। তাদের চন্দ্রদেবী ছিলেন আর্টেমিস। তাকে সন্তুষ্ট করতে চাঁদের আদলে গোলাকার কেক তৈরি করা হতো। কেকের ওপর মোমবাতি জ্বালিয়ে সেটিকে চাঁদের মতো উজ্জ্বল করে তোলার চেষ্টা করা হতো।
গ্রিকদের বিশ্বাস ছিল, কেকের এই আলো দেবী আর্টেমিসের দৃষ্টি আকর্ষণ করবে। মোমবাতির ধোঁয়ার মাধ্যমে তাদের প্রার্থনা ও আকাঙ্ক্ষা দেবীর কাছে পৌঁছে যাবে। তাই প্রার্থনা শেষে সবাই একসঙ্গে ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে দিতেন।
এ নিয়ে প্রচলিত ছিল আরও একটি বিশ্বাস। কেউ যদি একবারে ফুঁ দিয়ে সব মোমবাতি নিভিয়ে দিতে পারতেন, তাহলে তার মনের গোপন ইচ্ছা পূরণ হতো। তবে শর্ত ছিল, সেই ইচ্ছার কথা কাউকে বলা যাবে না। কারণ, বিশ্বাস করা হতো, মনের কথা প্রকাশ করলে ইচ্ছা পূরণের সম্ভাবনা নষ্ট হয়ে যায়।
জন্মদিনের কেকের মোমবাতির সংখ্যার সঙ্গেও জড়িয়ে আছে বিশেষ রীতি। প্রচলিত নিয়ম অনুযায়ী, জন্মদিনের ব্যক্তির বয়সের সমান মোমবাতির পাশাপাশি একটি অতিরিক্ত মোমবাতি রাখা হতো। অতিরিক্ত মোমবাতিটি নতুন জীবনের আরেকটি বছরের প্রতীক হিসেবে বিবেচিত হতো। এটি অন্যগুলোর তুলনায় কিছুটা বড় রাখা হতো। আমাদের দেশেও বয়স অনুযায়ী কেকের ওপর মোমবাতি সাজানোর প্রচলন এখনো দেখা যায়।
জন্মদিনের কেক কাটার সময় যে গানটি ছাড়া আয়োজন পূর্ণতা পায় না, সেটির শুরু কিন্তু জন্মদিনকে ঘিরে নয়। ‘হ্যাপি বার্থডে টু ইউ’ গানটির আদি সংস্করণের নাম ছিল ‘গুড মর্নিং টু অল’।
১৮৯৩ সালে যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের দুই শিক্ষিকা প্যাটি হিল ও মিল্ড্রেড জে হিল গানটি রচনা করেন। দুই বোন তাদের শিক্ষার্থীদের জন্য গানটি তৈরি করেছিলেন। তাদের লেখা গান প্রথম প্রকাশিত হয় শিশুদের একটি গানের বইয়ে। স্কুলের শিক্ষার্থীরা প্রতিদিন সকালে শ্রেণিকক্ষে প্রবেশ করে গানটি গাইত।
গানটির মূল কথায় ছিল সবাইকে শুভ সকাল জানানোর বার্তা। পরবর্তী সময়ে এর সুর ও কথার সামান্য পরিবর্তন ঘটে। ১৯২৪ সালে রবার্ট কোলম্যান ‘গুড মর্নিং টু অল’-এর কথাগুলো বদলে ‘হ্যাপি বার্থডে টু ইউ’ নামে প্রকাশ করেন। এরপর ধীরে ধীরে জন্মদিনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে গানটি।
গানটির জনপ্রিয়তার পাশাপাশি তৈরি হয় স্বত্ব নিয়ে বাণিজ্যিক ইতিহাসও। ১৯৩৫ সালে গানটি কপিরাইটের আওতায় আসে। ১৯৮৮ সালে প্রায় আড়াই কোটি মার্কিন ডলারে এর স্বত্ব কিনে নেয় ওয়ার্নার চ্যাপেল মিউজিক কোম্পানি। কপিরাইটের মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত থাকার কথা উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে গানটি ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা গানগুলোর একটি হিসেবে পরিচিতি পায়। এর মাধ্যমে বছরে প্রায় ২০ লাখ মার্কিন ডলার আয় হতো। সেই আয়ের একটি অংশ পেতেন দুই বোনের পরিবারের সদস্যরা।
সময়ের সঙ্গে বদলেছে আয়োজন, বদলেছে কেকের ধরন। তবে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার উপলক্ষ হিসেবে জন্মদিনের আবেদন এখনো একই রকম রয়ে গেছে।
সময়ের আলো/মহু