রেডিয়াম ও পোলোনিয়াম আবিষ্কারক মেরি কুরি

তাসলিমা নীলুু

ফিচার

প্রতিকূলতা, দারিদ্র্য আর সামাজিক বাধা পেরিয়ে বিজ্ঞানের ইতিহাসে নিজের নাম লিখিয়েছিলেন মেরি কুরি। তিনি শুধু প্রথম নারী নোবেলজয়ী নন, বিশ্বের

2026-11-25T04:20:55+00:00
2026-11-25T04:20:55+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ফিচার
রেডিয়াম ও পোলোনিয়াম আবিষ্কারক মেরি কুরি
তাসলিমা নীলুু
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:২০ এএম 
মেরি কুরি। ছবি : সংগৃহীত
মেরি কুরি। ছবি : সংগৃহীত
প্রতিকূলতা, দারিদ্র্য আর সামাজিক বাধা পেরিয়ে বিজ্ঞানের ইতিহাসে নিজের নাম লিখিয়েছিলেন মেরি কুরি। তিনি শুধু প্রথম নারী নোবেলজয়ী নন, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার অর্জন করেন। তার স্বামী ও মেয়েও পেয়েছেন নোবেল পুরস্কার। বিজ্ঞানের প্রতি ভালোবাসা, অধ্যবসায় ও অদম্য সাহসের এক অনন্য উদাহরণ মেরি কুরি। মেরি কুরির জন্ম ১৮৬৭ সালের ৭ নভেম্বর পোল্যান্ডের ওয়ারশ শহরে। তার পুরো নাম ছিল মারিয়া সেক্লাদোভস্কা। তার মা-বাবা দুজনই শিক্ষক ছিলেন। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার গভীর আগ্রহ ছিল। বিশেষ করে পদার্থবিজ্ঞান ও গণিতের প্রতি তার আকর্ষণ ছিল বেশি।

তবে সে সময় পোল্যান্ডে নারীদের উচ্চশিক্ষার সুযোগ খুব সীমিত ছিল। বিশ্ববিদ্যালয়ে পড়ার ক্ষেত্রেও নারীরা নানা বাধার মুখে পড়তেন। কিন্তু মেরি দমে যাননি। বড় বোন ব্রোনিয়ার সঙ্গে তিনি একটি পরিকল্পনা করেন। প্রথমে মেরি কাজ করে বোনের পড়াশোনার খরচ জোগান। পরে বোনও তাকে পড়াশোনায় সহযোগিতা করেন।

১৮৯১ সালে মাত্র ২৪ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য তিনি ফ্রান্সের প্যারিসে যান। সেখানে বিখ্যাত সরবোন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান ও গণিত নিয়ে পড়াশোনা শুরু করেন। আর্থিক সংকটের মধ্যেও কঠোর পরিশ্রম করে তিনি পড়াশোনা চালিয়ে যান। ১৮৯৩ সালে পদার্থবিজ্ঞানে এবং পরের বছর গণিতে ডিগ্রি অর্জন করেন।

প্যারিসে গবেষণার কাজ করতে গিয়ে মেরির পরিচয় হয় ফরাসি বিজ্ঞানী পিয়েরে কুরির সঙ্গে। পিয়েরেও পদার্থবিজ্ঞানের গবেষক ছিলেন।  ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এবং ১৮৯৫ সালে তারা বিয়ে করেন। মেরি কুরির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণার মধ্য দিয়ে। তেজস্ক্রিয়তা হলো এমন একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যেখানে কিছু পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে শক্তি ও বিকিরণ নির্গত হয়। তখন বিজ্ঞানীরা এ বিষয়ে খুব বেশি কিছু জানতেন না। মেরি এই অজানা বিষয়টি নিয়ে গবেষণায় মনোযোগ দেন। স্বামী পিয়েরে কুরিও তার সঙ্গে যোগ দেন। দুজন মিলে দীর্ঘদিন কঠোর পরিশ্রম করেন।

১৮৯৮ সালে তারা দুটি নতুন তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেন। একটি হলো পোলোনিয়াম, অন্যটি রেডিয়াম। মেরি তার জন্মভূমি পোল্যান্ডের নাম অনুসারে পোলোনিয়াম নামটি রাখেন। এই আবিষ্কার বিজ্ঞানজগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। রেডিয়াম নিয়ে তার গবেষণা পরবর্তী সময়ে চিকিৎসাবিজ্ঞানের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে ক্যানসারসহ বিভিন্ন রোগের চিকিৎসায় বিকিরণ ব্যবহারের গবেষণায় তার কাজ নতুন পথ তৈরি করে।


মেরি কুরির জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি আসে নোবেল পুরস্কারের মাধ্যমে। ১৯০৩ সালে তিনি, তার স্বামী পিয়েরে কুরি এবং বিজ্ঞানী অঁরি বেকেরেল যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। তেজস্ক্রিয়তা নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার স্বীকৃতি হিসেবে তাদের এই পুরস্কার দেওয়া হয়। মেরি কুরি ছিলেন ইতিহাসের প্রথম নারী যিনি নোবেল জয় করেন। এরপর ১৯১১ সালে তিনি আবারও নোবেল পুরস্কার পান। এবার রসায়নে। রেডিয়াম ও পোলোনিয়াম আবিষ্কার এবং রেডিয়াম 
পৃথকীকরণে অসামান্য অবদানের জন্য তাকে এই সম্মান দেওয়া হয়। এভাবে তিনি প্রথম ব্যক্তি হিসেবে দুটি ভিন্ন বৈজ্ঞানিক বিষয়ে নোবেল পুরস্কার অর্জন করেন। আজ পর্যন্ত তিনিই একমাত্র নারী, যিনি দুবার নোবেল পুরস্কার পেয়েছেন। তার এই অর্জন নারীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা।

১৯০৬ সালে এক দুর্ঘটনায় স্বামী পিয়েরে কুরি মারা যান। এতে মেরি গভীরভাবে ভেঙে পড়লেও গবেষণা বন্ধ করেননি। স্বামীর অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি তিনি সরবোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। তিনিই ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রথম নারী অধ্যাপক। তিনি ১৯৩৪ সালের ৪ জুলাই মারা যান।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   রেডিয়াম  পোলোনিয়াম  আবিষ্কারক  মেরি কুরি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: