
কিশোর বয়সী ছেলেদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে শুধু শাসন কিংবা উপদেশ যথেষ্ট নয়, প্রয়োজন তাদের অনুভূতির প্রতি সম্মান ও বোঝাপড়া। ছবি : সংগৃহীত
কিশোর বয়সী ছেলেদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে শুধু শাসন কিংবা উপদেশ যথেষ্ট নয়, প্রয়োজন তাদের অনুভূতির প্রতি সম্মান ও বোঝাপড়া। ছবি : সংগৃহীত কৈশোর এমন এক সময়, যখন সন্তান ধীরে ধীরে নিজের আলাদা জগৎ তৈরি করতে শুরু করে। বাবা-মায়ের সঙ্গে আগের মতো সব কথা ভাগ করে নিতে চায় না, ছোটখাটো বিষয়েও বিরক্ত হয়, কখনো আবার একেবারেই চুপচাপ হয়ে যায়। এই পরিবর্তন অনেক অভিভাবকের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তবে সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পেছনে সব সময় তার আচরণ দায়ী নয়; বাবা-মায়ের কিছু কথাও অজান্তে সেই দূরত্ব বাড়িয়ে দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, কিশোর বয়সী ছেলেদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে শুধু শাসন কিংবা উপদেশ যথেষ্ট নয়, প্রয়োজন তাদের অনুভূতির প্রতি সম্মান ও বোঝাপড়া। বিশেষ করে কিছু কথা তাদের আত্মবিশ্বাসে আঘাত করতে পারে, ভেঙে দিতে পারে বাবা-মায়ের সঙ্গে গড়ে ওঠা বিশ্বাস। তাই এই বয়সে সন্তানের সঙ্গে কথা বলার সময় কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি।
অন্যের সঙ্গে তুলনা করে ছোট করবেন না
‘অমুকের ছেলে কত ভালো, তুমি কেন এমন হতে পারো না?’-এ ধরনের কথা অনেক অভিভাবকই সন্তানকে ভালো করার তাগিদে বলে থাকেন। কিন্তু এর প্রভাব হতে পারে উল্টো। অন্যের সঙ্গে তুলনা কিশোরের মনে নিজের যোগ্যতা নিয়ে সংশয় তৈরি করে। এতে বাবা-মায়ের প্রতি অভিমান ও ক্ষোভও জন্ম নিতে পারে।
প্রতিটি শিশুর বেড়ে ওঠা, দক্ষতা ও শেখার ধরন আলাদা। তাই অন্যের সাফল্যের উদাহরণ না টেনে সন্তানের নিজের অগ্রগতির দিকে নজর দিন। ছোট কোনো ভালো কাজ কিংবা আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করুন। এতে তার আত্মবিশ্বাস বাড়বে এবং নিজেকে আরও ভালো করার আগ্রহ তৈরি হবে।
কান্না বা আবেগ প্রকাশকে দুর্বলতা ভাববেন না
‘ছেলে মানুষ, কাঁদছ কেন?’ কিংবা ‘এতটুকুতে ভেঙে পড়লে চলবে?’-এ ধরনের মন্তব্য ছেলেদের আবেগ প্রকাশে নিরুৎসাহিত করে। ছোটবেলা থেকে এমন কথা শুনতে শুনতে অনেক কিশোর নিজের কষ্ট, ভয় কিংবা দুশ্চিন্তা লুকিয়ে রাখতে শেখে।
অথচ দুঃখ পাওয়া, ভয় পাওয়া কিংবা মানসিক চাপে ভোগা মানুষের স্বাভাবিক অনুভূতি। এগুলো প্রকাশ করতে পারা দুর্বলতা নয়। সন্তান মন খারাপের কথা বললে তাকে থামিয়ে দেবেন না, উপহাসও করবেন না। বরং মনোযোগ দিয়ে শুনুন। সব সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার প্রয়োজন নেই। অনেক সময় পাশে থেকে তার কথা শোনাটাই সবচেয়ে বড় সহায়তা।
তার বন্ধু ও ভালো লাগাকে তুচ্ছ করবেন না
কৈশোরে বন্ধুত্ব, পছন্দের মানুষ কিংবা নতুন কোনো শখ একজন কিশোরের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিষয়গুলো অভিভাবকের কাছে ছোট মনে হলেও সন্তানের কাছে সেগুলোর আবেগীয় মূল্য অনেক বেশি।
বন্ধুদের নিয়ে হাসাহাসি করা, তার পছন্দকে তুচ্ছ করা কিংবা ব্যক্তিগত কথা আত্মীয়স্বজনের সামনে প্রকাশ করে দেওয়া তাকে বিব্রত করতে পারে। এতে নিজের ব্যক্তিগত বিষয়গুলো বাবা-মায়ের কাছ থেকে আড়াল করার প্রবণতা তৈরি হয়।
সন্তানের বন্ধুদের সম্পর্কে জানতে চান, তার পছন্দের বিষয়গুলোতে আগ্রহ দেখান। কোনো বন্ধুকে নিয়ে উদ্বেগ থাকলে সরাসরি অপমান না করে আপনার আশঙ্কার কারণ ব্যাখ্যা করুন। তার ব্যক্তিগত কথার গোপনীয়তাও রক্ষা করুন। বিশ্বাস তৈরি হতে সময় লাগে, কিন্তু একটি অসতর্ক মন্তব্যেই তা নষ্ট হতে পারে।
পুরোনো ভুল বারবার মনে করিয়ে দেবেন না
পরীক্ষায় খারাপ ফল, খেলায় পরাজয় কিংবা কোনো ভুল সিদ্ধান্ত- কৈশোরে এমন অভিজ্ঞতা হতেই পারে। এসব নিয়ে সন্তানের সঙ্গে আলোচনা করা জরুরি। কিন্তু একই ভুল বারবার মনে করিয়ে দেওয়া কিংবা প্রতিটি ঝগড়ায় পুরোনো ব্যর্থতার প্রসঙ্গ টেনে আনা ঠিক নয়।
এতে কিশোরের মনে হতে পারে, বাবা-মায়ের চোখে সে সব সময়ই ব্যর্থ। নিজের ভুল সংশোধনের আগ্রহও কমে যেতে পারে। বরং কোথায় ভুল হয়েছে, কেন হয়েছে এবং পরবর্তী সময়ে কীভাবে ভালো করা যায়, তা নিয়ে কথা বলুন। ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দিন। তাকে বোঝান, একটি ব্যর্থতা তার পুরো পরিচয় নয়।
সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে শুধু কী বলছেন, তা নয়- কীভাবে বলছেন, সেটিও গুরুত্বপূর্ণ। কৈশোরে ছেলেরা স্বাধীনতা ও নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ চায়। একই সঙ্গে তাদের প্রয়োজন এমন একটি নিরাপদ পরিবেশ, যেখানে বিচার বা উপহাসের ভয় ছাড়াই মনের কথা বলা যায়। বাবা-মা যদি সন্তানের কথা মনোযোগ দিয়ে শোনেন, অনুভূতিকে গুরুত্ব দেন এবং ভুলের পরও পাশে থাকেন, তাহলে এই বয়সের মানসিক পরিবর্তন সামলানো সহজ হয়।
সময়ের আলো/মহু