নারীর যে জটিল রোগ সহজে শনাক্ত করা যায় না

সময়ের আলো ডেস্ক

ফিচার

কোষ্ঠকাঠিন্য, ঘন ঘন প্রস্রাব, মলদ্বারে ব্যথা কিংবা পাইলসের মতো উপসর্গকে সাধারণ সমস্যা ভেবে অনেক নারীই আলাদা আলাদা চিকিৎসা নেন। অথচ

2026-11-25T13:52:39+00:00
2026-11-25T13:53:33+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ফিচার
নারীর যে জটিল রোগ সহজে শনাক্ত করা যায় না
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:৫২ পিএম  আপডেট: ২৫.১১.২০২৬ ১:৫৩ পিএম
উপসর্গের ধরন ভিন্ন হওয়ায় রোগটি সহজে শনাক্ত হয় না। ছবি : সংগৃহীত
উপসর্গের ধরন ভিন্ন হওয়ায় রোগটি সহজে শনাক্ত হয় না। ছবি : সংগৃহীত
কোষ্ঠকাঠিন্য, ঘন ঘন প্রস্রাব, মলদ্বারে ব্যথা কিংবা পাইলসের মতো উপসর্গকে সাধারণ সমস্যা ভেবে অনেক নারীই আলাদা আলাদা চিকিৎসা নেন। অথচ এসব সমস্যার আড়ালে থাকতে পারে এন্ডোমেট্রিওসিসের মতো জটিল রোগ। উপসর্গের ধরন ভিন্ন হওয়ায় রোগটি সহজে শনাক্ত হয় না। 

সাধারণত ঋতুস্রাবের সময় তীব্র ব্যথা ও বন্ধ্যাত্বের সঙ্গে এন্ডোমেট্রিওসিসের সম্পর্কের কথা জানা যায়। তবে, এ রোগ অন্ত্র কিংবা মূত্রনালিতে ছড়িয়ে পড়লে উপসর্গের ধরন বদলে যেতে পারে। ঋতুচক্রের সঙ্গে এসব সমস্যার সম্পর্ক অনেক সময় চিকিৎসকদের নজরে আসে না। ফলে, রোগী একেকটি উপসর্গের জন্য আলাদাভাবে চিকিৎসা নিতে থাকেন। এতে সঠিক রোগ নির্ণয়ে বছরের পর বছর লেগে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এই বিলম্ব অন্ত্র ও কিডনির কার্যকারিতার জন্য ঝুঁকি তৈরি করে।

বিশেষজ্ঞদের মতে, অনেক নারী প্রথম উপসর্গ দেখা দেওয়ার সাত থেকে ১০ বছর পর এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পারেন। এর অন্যতম কারণ, রোগটি সাধারণত কোনো অঙ্গের বাইরের দিক থেকে ভেতরের স্তরের দিকে ছড়ায়। এ কারণে কোলোনোস্কোপি বা সিস্টোস্কোপির মতো পরীক্ষায় অনেক সময় রোগটি ধরা পড়ে না। কারণ এসব পরীক্ষায় অন্ত্র বা মূত্রাশয়ের ভেতরের আস্তরণ দেখা হয়, বাইরের দেয়ালে বেড়ে ওঠা এন্ডোমেট্রিওসিস নয়।


এন্ডোমেট্রিওসিস শনাক্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সতর্কসংকেত হলো- ঋতুস্রাবের সময় উপসর্গ বেড়ে যাওয়া। এ সময় মলত্যাগে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া ও পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে। কারও কারও পিরিয়ডের সময় মলদ্বার দিয়ে রক্তপাতও হতে পারে।

এ ছাড়া ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে জ্বালাপোড়া, এমনকি প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। কোনো কোনো নারী সহবাসের সময় ব্যথা এবং কোমর থেকে উরু পর্যন্ত ছড়িয়ে পড়া শ্রোণি অঞ্চলের ব্যথায়ও ভোগেন।

অন্ত্রের গভীরে এন্ডোমেট্রিওসিস ছড়িয়ে পড়লে অন্ত্রের কোনো অংশ সংকুচিত হয়ে যেতে পারে। এর ফলে কখনো অন্ত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়।

অন্যদিকে, কিডনি থেকে মূত্রাশয়ে প্রস্রাব বহনকারী নালি বা ইউরেটারে রোগটি ছড়িয়ে পড়লে প্রস্রাবের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। এতে হাইড্রোনেফ্রোসিস দেখা দিতে পারে। এ অবস্থায় প্রস্রাব জমে কিডনি ফুলে যায়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, স্পষ্ট কোনো উপসর্গ ছাড়াই কিডনির এই ক্ষতি বাড়তে পারে।

রোগ নির্ণয়ের ক্ষেত্রে রোগীর ঋতুচক্র, উপসর্গ এবং চিকিৎসার বিস্তারিত ইতিহাস জানা জরুরি। গভীর এন্ডোমেট্রিওসিস শনাক্ত করতে চিকিৎসক বিশেষ ধরনের ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড অথবা পেলভিক এমআরআই করার পরামর্শ দিতে পারেন। মূত্রনালি আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলে কিডনির অবস্থাও ইমেজিং পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করা প্রয়োজন।

এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা নির্ভর করে রোগটি কোথায় ছড়িয়েছে এবং এর তীব্রতা কতটা, তার ওপর। কোনো কোনো রোগীর ক্ষেত্রে গভীর ক্ষত অপসারণে অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। আবার ওষুধের মাধ্যমেও অনেকের উপসর্গ নিয়ন্ত্রণ করা সম্ভব।

তবে, রোগটি অন্ত্র বা মূত্রনালিতে ছড়িয়ে পড়লে চিকিৎসায় একাধিক বিশেষজ্ঞের অংশগ্রহণ জরুরি হয়ে ওঠে। এ ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস সার্জনের পাশাপাশি কোলোরেক্টাল সার্জন ও ইউরোলজিস্টকে সমন্বিতভাবে কাজ করতে হতে পারে। এতে আক্রান্ত অঙ্গগুলোর অবস্থা বিবেচনায় চিকিৎসার পরিকল্পনা করা এবং সম্ভব হলে সেগুলোর স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখা সহজ হয়।

সময়ের আলো/মহু
  বিষয়:   এন্ডোমেট্রিওসিস  নারী  রোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: