প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:১০ পিএম আপডেট: ২৫.১১.২০২৬ ৪:২৩ পিএম

গাজরের জুস। ছবি : সংগৃহীত
গাজরের জুস। ছবি : সংগৃহীত ঋতু পরিবর্তনের সঙ্গে বাড়ে ঠান্ডা, সর্দি-কাশিসহ নানা অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি। বিশেষ করে শীতের শুরুতে বাতাস ঠান্ডা ও শুষ্ক হয়ে ওঠায় শরীরের প্রতি বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি।
ফল ও সবজিতে থাকা বিভিন্ন ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধব্যবস্থাকে কার্যকর রাখতে সহায়তা করে। তাই শীতের দিনে একাধিক ফল বা সবজি মিশিয়ে তৈরি জুস খেতে পারেন। শীতকালে পুষ্টির চাহিদা পূরণে খাদ্যতালিকায় রাখতে পারেন এমন ৭ ধরনের জুসের কথা জেনে নেওয়া যাক-
গাজরের জুস
গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। এটি ত্বক ও শ্বাসনালির শ্লৈষ্মিক ঝিল্লির স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি রোগ প্রতিরোধব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ টি-সেল তৈরিতেও ভূমিকা রাখে। ফলে, শরীরের সংক্রমণ প্রতিরোধের সক্ষমতা বজায় রাখতে সহায়তা করে গাজর।
কমলা ও আঙুরের জুস
ভিটামিন সি-এর ভালো উৎস কমলা ও আঙুর। এসব ফলে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। ভিটামিন সি শ্বেত রক্তকণিকা ও অ্যান্টিবডির স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখে। পাশাপাশি বিভিন্ন রোগজীবাণুর বিরুদ্ধে শরীরের প্রতিরোধব্যবস্থাকে সক্রিয় রাখতে সাহায্য করে। কম চিনিযুক্ত পানীয় পছন্দ হলে আঙুরের জুস বেছে নিতে পারেন।
টমেটোর জুস
টমেটোতে রয়েছে ভিটামিন এ ও সি, যা রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে। ‘আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন’-এ প্রকাশিত একটি গবেষণা নিবন্ধে বলা হয়েছে, টানা তিন সপ্তাহ টমেটোসমৃদ্ধ খাবার খেলে অসুস্থতার ঝুঁকি কিছুটা কমতে পারে।
মিষ্টি কুমড়ার জুস
মিষ্টি কুমড়া ভিটামিন এ-এর ভালো উৎস। জুস তৈরির সময় এর সঙ্গে কুমড়ার বিচিও মেশাতে পারেন। কুমড়ার বিচিতে রয়েছে জিংক, ভিটামিন ই ও ভিটামিন বি৬। জিংক রোগ প্রতিরোধক কোষের বৃদ্ধি এবং অ্যান্টিবডি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পালংশাকের জুস
রোগ প্রতিরোধব্যবস্থার কার্যকারিতা বজায় রাখতে পালংশাক উপকারী। এতে রয়েছে ভিটামিন বি৬, যা অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে। পাশাপাশি শরীরকে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা জোগায়।
আদার জুস
আদায় রয়েছে ব্যাকটেরিয়া ও ভাইরাসবিরোধী কিছু উপাদান। তাই ফল বা সবজির জুসের সঙ্গে সামান্য আদার রস মিশিয়ে খেতে পারেন। সাধারণ সর্দি-কাশি ও শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত অস্বস্তি কমাতে আদা উপকারী হতে পারে।
সূত্র : ইন্ডিয়া টাইমস
সময়ের আলো/মহু