মিসরীয়দের হাত ধরে যেভাবে শুরু হয়েছিল কেকের যাত্রা

সময়ের আলো ডেস্ক

ফিচার

সবার কাছেই কেক বেশ জনপ্রিয় খাবার। জন্মদিন, বিবাহবার্ষিকী, বড়দিন কিংবা যেকোনো বিশেষ আয়োজনে কেক ছাড়া যেন উদযাপন পূর্ণতা পায় না।

2026-11-25T17:48:59+00:00
2026-11-25T17:53:32+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ফিচার
আগামীকাল আন্তর্জাতিক কেক দিবস
মিসরীয়দের হাত ধরে যেভাবে শুরু হয়েছিল কেকের যাত্রা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৪৮ পিএম  আপডেট: ২৫.১১.২০২৬ ৫:৫৩ পিএম
বিশেষ আয়োজনে কেক ছাড়া যেন উদযাপন পূর্ণতা পায় না। ছবি : সংগৃহীত
বিশেষ আয়োজনে কেক ছাড়া যেন উদযাপন পূর্ণতা পায় না। ছবি : সংগৃহীত
সবার কাছেই কেক বেশ জনপ্রিয় খাবার। জন্মদিন, বিবাহবার্ষিকী, বড়দিন কিংবা যেকোনো বিশেষ আয়োজনে কেক ছাড়া যেন উদযাপন পূর্ণতা পায় না। আগামীকাল ২৬ নভেম্বর, আন্তর্জাতিক কেক দিবস। প্রতিবছর এ দিনে বিশ্বব্যাপী দিবসটি উদযাপন করা হয়।

কেক শব্দটির উৎপত্তি প্রাচীন নর্স শব্দ ‘কাকা’ থেকে। কেক মূলত ময়দা, চিনি ও বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি একধরনের বেক করা খাবার। তবে বর্তমানে আমরা যে ধরনের কেক দেখি, প্রাচীনকালে তার চেহারা ছিল অনেকটাই ভিন্ন। তখন কেকের আকৃতি ছিল অনেকটা রুটির মতো। গ্রিকরা ডিম, দুধ, বাদাম ও মধু দিয়ে কেক তৈরি করত। অন্যদিকে, রোমান শাসনামলে কেক পরিচিত ছিল ‘প্ল্যাসেন্টা’ নামে।


কেক তৈরির ইতিহাস কয়েক হাজার বছরের পুরোনো। ধারণা করা হয়, প্রাচীন মিসরীয়রাই প্রথম কেক তৈরির প্রচলন শুরু করে। প্রায় তিন থেকে পাঁচ হাজার বছর আগে তারা রুটির সঙ্গে মধু বা মিষ্টি সিরাপ খেত। পরবর্তী সময়ে রুটিকে মিষ্টি করতে এর সঙ্গে বিভিন্ন উপকরণ মেশানো শুরু হয়। গমের আটা, খামির, ডিম, দুধ ও মসলা দিয়ে তৈরি এসব খাবার মধু, ডুমুর কিংবা খেজুর দিয়ে মিষ্টি করা হতো। গরম পাথরের ওপর বসিয়ে সেগুলো সেঁকা হতো। বর্তমানে কেক তৈরিতে ওভেন ব্যবহার করা হয়।


প্রাচীনকালে গোলাকার ও মিষ্টি কেক ধর্মীয় উৎসব এবং বিভিন্ন উদযাপনের অংশ ছিল। দেবতাদের উদ্দেশ্যে কেক তৈরি করা হতো। এমনকি মৃত ব্যক্তিদের সঙ্গে সমাধিতেও মিষ্টি কেক রাখার প্রচলন ছিল। ইউরোপের অন্যান্য অঞ্চলে কেকের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে আরও পরে, বিশেষ করে ১৫ শতকের দিকে।

কেক তৈরির পদ্ধতিতেও সময়ের সঙ্গে এসেছে নানা পরিবর্তন। ১৫৭০ সালের দিকে ডিমের সাদা অংশ আলাদা করে ফেটিয়ে ফোম তৈরির মাধ্যমে কেক বানানোর পদ্ধতি জনপ্রিয় হতে শুরু করে। তখন হাতে ডিম ফেটিয়ে ফোম তৈরি করা ছিল বেশ শ্রমসাধ্য ও সময়সাপেক্ষ কাজ।


১৮ শতকের শেষদিকে ইতালির জেনোয়া অঞ্চলের এক পেস্ট্রি শেফ প্রথম স্পঞ্জ কেক তৈরি করেন বলে জানা যায়। রাজদরবারের ভোজসভার জন্য তৈরি ওই কেকে ব্যবহার করা হয়েছিল ডিম, চিনি ও ময়দা। ডিমের গন্ধ কমাতে সামান্য সুগন্ধিও যোগ করা হতো। তবে, স্পঞ্জ কেকের সঠিক স্বাদ ও গঠন পেতে উপকরণের পরিমাণ এবং ডিম ফেটানোর কৌশল ঠিক রাখা ছিল বেশ কঠিন।

১৮ ও ১৯ শতকে ফ্রান্সে কেক তৈরির রেসিপিতে আরও পরিমার্জন আসে। ১৭৮০ সালের দিকে ওভেনের ব্যবহার বেকিংয়ের কাজ সহজ করে তোলে। এর আগে প্রচলিত চুলায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হওয়ায় ভালো মানের কেক তৈরি ছিল বেশ চ্যালেঞ্জিং।


এরপর কেক তৈরির ইতিহাসে যুক্ত হয় আরও কিছু গুরুত্বপূর্ণ উদ্ভাবন। ১৮৫০ সালে বেকিং পাউডার আবিষ্কারের ফলে কেক ফোলানো সহজ হয়। ১৮৮৪ সালে যুক্তরাষ্ট্রের ওহাইওতে উইলিস জনসন নামের এক কৃষ্ণাঙ্গ উদ্ভাবক যান্ত্রিক ডিম ফেটানোর যন্ত্র তৈরি করেন। ঘূর্ণায়মান এই যন্ত্রের সাহায্যে সহজেই ডিম ফেটানো ও কেকের মিশ্রণ তৈরি করা সম্ভব হয়।

হাজার বছরের বিবর্তনে কেক আজ হয়ে উঠেছে বিশ্বজুড়ে মানুষের প্রিয় খাবার। আন্তর্জাতিক কেক দিবসে পরিবারের সদস্যদের সঙ্গে ঘরেই তৈরি করতে পারেন পছন্দের কেক। চাইলে প্রিয়জনদের নিয়ে কেক কেটে উদযাপন করতে পারেন দিনটি। অথবা বাইরে থেকে কিনে আনতে পারেন পছন্দের পেস্ট্রি।

সময়ের আলো/মহু
  বিষয়:   কেক  মিসর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: