
শেক্সপিয়ারের পারিবারিক জীবন রয়ে গেছে অনেকটা অন্ধকারে। ছবি : সংগৃহীত
শেক্সপিয়ারের পারিবারিক জীবন রয়ে গেছে অনেকটা অন্ধকারে। ছবি : সংগৃহীত বিশ্বসাহিত্যের ইতিহাসে উইলিয়াম শেক্সপিয়ার এক অনন্য নাম। তার লেখা নাটক ও কবিতা নিয়ে শত শত বছর ধরে গবেষণা চলছে। কিন্তু যার সৃষ্টিকর্ম বিশ্বজুড়ে সমাদৃত, তার নিজের পারিবারিক জীবনই রয়ে গেছে অনেকটা অন্ধকারে। স্ত্রী অ্যান হ্যাথাওয়ের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল? তাদের ছেলে হ্যামনেটের মৃত্যু কীভাবে হয়েছিল? সেই মৃত্যুর সঙ্গে শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘হ্যামলেট’-এর কোনো যোগসূত্র ছিল কি না- এসব প্রশ্নের নিশ্চিত উত্তর আজও মেলেনি।
প্রায় ৪০০ বছর পেরিয়ে গেলেও শেক্সপিয়ারের স্ত্রী ও সন্তানদের জীবন নিয়ে ইতিহাসের পাতায় রয়ে গেছে অসংখ্য ফাঁক। কিছু সরকারি নথি, উইল ও সমাধির তথ্য পাওয়া গেলেও তাদের ব্যক্তিগত অনুভূতি, সম্পর্ক কিংবা পারিবারিক জীবনের বিস্তারিত বিবরণ প্রায় অনুপস্থিত। ফলে শেক্সপিয়ারকে ঘিরে যতটা জানা যায়, তার পরিবারকে নিয়ে প্রশ্ন তারচেয়ে অনেক বেশি।
ঐতিহাসিক নথি অনুযায়ী, ১৫৮২ সালে মাত্র ১৮ বছর বয়সে উইলিয়াম শেক্সপিয়ার বিয়ে করেন ২৬ বছর বয়সী অ্যান হ্যাথাওয়েকে। বিয়ের সময় অ্যান তাদের প্রথম সন্তান সুজানাকে গর্ভে ধারণ করছিলেন। তিন বছর পর তাদের যমজ সন্তান জুডিথ ও হ্যামনেটের জন্ম হয়। তবে এই বিয়ের পেছনের গল্প কী ছিল, তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। তারা পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছিলেন, নাকি পরিস্থিতির চাপে তাদের বিয়ের সিদ্ধান্ত নিতে হয়েছিল, তা অজানা।
পরবর্তী সময়ে শেক্সপিয়ার দীর্ঘ সময় লন্ডনে কাটিয়েছেন। অন্যদিকে তার স্ত্রী ও সন্তানরা ছিলেন স্ট্র্যাটফোর্ডে। এই ভৌগোলিক দূরত্ব থেকেই অনেক জীবনীকার তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। কেউ কেউ মনে করেন, তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু এর পক্ষে সরাসরি কোনো চিঠি বা লিখিত প্রমাণ নেই।
শেক্সপিয়ারের স্ত্রীর পরিচয় নিয়েও রয়েছে অদ্ভুত এক বিভ্রান্তি। ইতিহাসে তিনি অ্যান হ্যাথাওয়ে নামে পরিচিত। কিন্তু তার বাবা রিচার্ড হ্যাথাওয়ের উইলে মেয়ের নাম লেখা হয়েছিল ‘অ্যাগনেস’।
লেখক ম্যাগি ও’ফ্যারেল তার গবেষণায় এই নামের বিষয়টি সামনে এনেছেন। তার যুক্তি, একজন বাবা নিজের মেয়ের নাম জানবেন- এটাই স্বাভাবিক। তাই তিনি অ্যানের পরিবর্তে অ্যাগনেস নামটি ব্যবহারের পক্ষে মত দিয়েছেন।
তবে ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শেক্সপিয়ার গবেষক ডেভিড স্কট কাস্টান বলছেন, বাবার উইল ছাড়া অন্য সব নথিতে তার নাম অ্যান হিসেবেই পাওয়া যায়। তার ধারণা, জন্মের সময় নাম অ্যাগনেস হলেও পরিচিতি ছিল অ্যান নামে।
অ্যান হ্যাথাওয়ে সম্পর্কে সবচেয়ে কম জানা বিষয়গুলোর একটি হলো তার শিক্ষা ও ব্যক্তিগত জীবন। তিনি পড়তে কিংবা লিখতে পারতেন কি না, তা নিশ্চিত করার মতো কোনো তথ্য নেই। দীর্ঘদিন ধরে বিভিন্ন জীবনীতে তাকে অশিক্ষিত গ্রাম্য নারী হিসেবে উপস্থাপন করা হয়েছে। এমনকি কিছু লেখায় দাবি করা হয়েছে, তিনি শেক্সপিয়ারকে বিয়েতে বাধ্য করেছিলেন। স্বামী লন্ডনে চলে যাওয়ার পেছনেও তার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনকে দায়ী করা হয়েছে। তবে, এসব দাবির পক্ষেও নির্ভরযোগ্য প্রমাণ নেই।
ম্যাগি ও’ফ্যারেলের মতে, ইতিহাস ও জীবনীকারেরা শেক্সপিয়ারের স্ত্রীর প্রতি অবিচার করেছেন। তাকে শুধু বিখ্যাত নাট্যকারের স্ত্রী হিসেবে না দেখে স্বতন্ত্র একজন মানুষ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
ষোড়শ শতাব্দীতে নারীরা শুধু গৃহস্থালির কাজেই সীমাবদ্ধ ছিলেন না। অনেক নারী ভেষজ চিকিৎসা, বুনন এবং পারিবারিক ব্যবসার দায়িত্বও পালন করতেন। ফলে, অ্যানের জীবন সম্পর্কে প্রচলিত ধারণাগুলো নতুন করে পর্যালোচনা করার সুযোগ রয়েছে।
শেক্সপিয়ার পরিবারের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়- তাদের ছেলে হ্যামনেটের মৃত্যু। ১৫৯৬ সালে মাত্র ১১ বছর বয়সে মারা যায় সে। ওই বছরের ১১ আগস্ট তাকে সমাহিত করা হয়।
কিন্তু কী কারণে তার মৃত্যু হয়েছিল, তা আজও অজানা। সে সময় ইংল্যান্ডে প্লেগের প্রকোপ ছিল। তাই অনেক গবেষক মনে করেন, প্লেগে আক্রান্ত হয়েই হ্যামনেটের মৃত্যু হয়ে থাকতে পারে।
ছেলের মৃত্যুর সময় শেক্সপিয়ার কোথায় ছিলেন, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তখন তিনি নাট্যদলের সঙ্গে ভ্রমণে ছিলেন বলে জানা যায়। ফলে, ছেলের শেষকৃত্যে অংশ নিতে স্ট্র্যাটফোর্ডে ফিরে যাওয়া তার পক্ষে প্রায় অসম্ভব ছিল।
একজন বাবার জন্য ১১ বছর বয়সী সন্তানকে হারানোর বেদনা কতটা গভীর হতে পারে, তা সহজেই অনুমেয়। কিন্তু এই শোক শেক্সপিয়ারের জীবনে কী ধরনের পরিবর্তন এনেছিল, সে সম্পর্কে কোনো ব্যক্তিগত দলিল পাওয়া যায়নি।
হ্যামনেটের মৃত্যুর প্রায় ৪ বছর পর শেক্সপিয়ার লেখেন তার বিখ্যাত নাটক ‘হ্যামলেট’। দুই নামের মিলও গবেষকদের দীর্ঘদিনের কৌতূহলের বিষয়।
সে সময় হ্যামনেট ও হ্যামলেট নাম দুটি প্রায় একই অর্থে ব্যবহৃত হতো। ফলে অনেকের ধারণা, ছেলের মৃত্যু শেক্সপিয়ারকে এই নাটক রচনায় প্রভাবিত করেছিল।
শেক্সপিয়ার গবেষক স্টিফেন গ্রিনব্লাট মনে করেন, হ্যামনেটের মৃত্যুর সঙ্গে ‘হ্যামলেট’ নাটকের যোগসূত্র রয়েছে। লেখক ম্যাগি ও’ফ্যারেলও এই ধারণার প্রতি সমর্থন জানিয়েছেন।
তবে, এ বিষয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। ডেভিড স্কট কাস্টানের মতে, ছেলের মৃত্যু শেক্সপিয়ারের জীবনে নিশ্চয়ই বড় আঘাত ছিল। কিন্তু সেই শোক সরাসরি নাটকের মধ্যে কীভাবে প্রতিফলিত হয়েছে, তা জানার উপায় নেই।
এমনকি শেক্সপিয়ার নিজেই ‘হ্যামলেট’ নাটকে বাবার ভূতের চরিত্রে অভিনয় করতেন বলে প্রচলিত রয়েছে। কিন্তু এই তথ্যের সঙ্গে ছেলের মৃত্যুর কোনো সম্পর্ক ছিল কি না, তা প্রমাণিত নয়।
শেক্সপিয়ারের ব্যক্তিগত জীবন নিয়ে গবেষণার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো তার পারিবারিক চিঠিপত্রের অনুপস্থিতি। স্ত্রী বা সন্তানদের সম্পর্কে তিনি কী ভাবতেন, তাদের সঙ্গে সম্পর্ক কেমন ছিল কিংবা সন্তানদের মৃত্যু তাকে কতটা প্রভাবিত করেছিল- এসব বিষয়ে তার নিজের কোনো লিখিত বক্তব্য পাওয়া যায়নি। এমনকি অ্যান হ্যাথাওয়ের সঙ্গে তার সম্পর্কের প্রকৃতি বোঝার মতো একটি ব্যক্তিগত চিঠিও এখন পর্যন্ত সামনে আসেনি।
তবে, ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাথু স্টেগল লন্ডনে ‘মিসেস শেক্সপিয়ার’ নামে একটি চিঠির সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন। চিঠিটি যদি অ্যান হ্যাথাওয়ের উদ্দেশে লেখা হয়ে থাকে, তাহলে ১৬০০ থেকে ১৬১০ সালের মধ্যে তিনি স্বামীর সঙ্গে লন্ডনে ছিলেন বলে ধারণা পাওয়া যেতে পারে।
একই সঙ্গে এটি অ্যানের স্বাক্ষরজ্ঞান সম্পর্কেও নতুন তথ্য দিতে পারে। তবে, স্টেগল নিজেই বিষয়টিকে সম্ভাবনা হিসেবে উল্লেখ করেছেন। এখনো নিশ্চিত হওয়ার মতো প্রমাণ পাওয়া যায়নি।
শেক্সপিয়ারের সাহিত্যকর্ম যতটা সমৃদ্ধ, তার পারিবারিক জীবনের ইতিহাস ততটাই অসম্পূর্ণ। স্ত্রী অ্যানের প্রকৃত নাম, শিক্ষা, স্বামীর সঙ্গে সম্পর্ক এবং ছেলে হ্যামনেটের মৃত্যুর কারণ- কোনোটিরই পূর্ণাঙ্গ উত্তর নেই।
সময়ের সঙ্গে নতুন দলিল সামনে আসতে পারে, বদলে যেতে পারে এত দিনের ধারণা। হয়ত কোনো পুরোনো চিঠি কিংবা অজানা নথি একদিন শেক্সপিয়ারের পারিবারিক জীবনের নতুন দরজা খুলে দেবে। তত দিন পর্যন্ত বিশ্বসাহিত্যের এই মহান নাট্যকারের ব্যক্তিগত জীবন ঘিরে থেকে যাবে ৪ শতাব্দীর পুরোনো এক রহস্য। যে মানুষটি মানবজীবনের প্রেম, বিরহ, শোক ও বেদনা নিয়ে অসংখ্য কালজয়ী সৃষ্টি রেখে গেছেন, তার নিজের জীবনের সবচেয়ে কাছের মানুষদের গল্পই আজও অনেকটা অজানা।
সূত্র : বিবিসি
সময়ের আলো/মহু