
কিছু সহজ অভ্যাস গড়ে তুললে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বক্তব্য তুলে ধরা সম্ভব। ছবি : সংগৃহীত
কিছু সহজ অভ্যাস গড়ে তুললে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বক্তব্য তুলে ধরা সম্ভব। ছবি : সংগৃহীত কাজে দক্ষ হলেও অফিসের মিটিংয়ে অনেকেই নিজের মতামত প্রকাশ করতে দ্বিধা করেন। কী বলবেন, কখন বলবেন- এমন ভাবনায় অনেক সময় সুযোগও হাতছাড়া হয়। তবে, কিছু সহজ অভ্যাস গড়ে তুললে এই সংকোচ কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বক্তব্য তুলে ধরা সম্ভব।
কেন কথা বলতে দ্বিধা হয়, তা বুঝুন
মিটিংয়ে চুপ থাকার পেছনে একেকজনের কারণ একেক রকম। কেউ নিজের বক্তব্যকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করেন না। কেউ ভুল কিছু বলে ফেলতে পারেন ভেবে দ্বিধায় থাকেন। আবার কারও কথা গুছিয়ে বলতে সময় লাগে। এর মধ্যে আলোচনা অন্যদিকে মোড় নেয়।
কোন পরিস্থিতিতে কথা বলতে বেশি সংকোচ হয়, তা আগে খেয়াল করুন। পরিচিত সহকর্মীদের সঙ্গে ছোট মিটিংয়েও কি একই সমস্যা হয়, নাকি ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকলে বেশি অস্বস্তি লাগে? নিজের কাজের বিষয়ে বলতে পারেন, কিন্তু নতুন কোনো প্রস্তাব দিতে গিয়ে থেমে যান? কারণ বুঝতে পারলে তা কাটিয়ে ওঠার উপায় খুঁজে পাওয়া সহজ হবে।
বক্তব্যের জন্য আগেই প্রস্তুতি নিন
মিটিংয়ের আগে প্রয়োজনীয় নথি ও তথ্য প্রস্তুত রাখার পাশাপাশি কী বলতে চান, সেটিও ভেবে নিন। আলোচ্য বিষয় জানা থাকলে গুরুত্বপূর্ণ দুই-তিনটি পয়েন্ট লিখে রাখতে পারেন। কাজের অগ্রগতি, কোনো সমস্যা, প্রয়োজনীয় সিদ্ধান্ত কিংবা আপনার প্রস্তাব- বিষয়গুলো সংক্ষেপে নোট করুন।
পুরো বক্তব্য লিখে মুখস্থ করার প্রয়োজন নেই। কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ বা পয়েন্ট সামনে থাকলেই কথা শুরু করা সহজ হবে। এতে হঠাৎ মতামত জানতে চাইলেও অপ্রস্তুত হতে হবে না।
মিটিংয়ের শুরুতেই কথা বলুন
অনেকক্ষণ চুপ থাকার পর হঠাৎ আলোচনায় অংশ নেওয়া কঠিন মনে হতে পারে। তাই সুযোগ থাকলে মিটিংয়ের শুরুতেই অন্তত একবার কথা বলুন। নিজের কাজের সংক্ষিপ্ত অগ্রগতি জানাতে পারেন, আগের আলোচনায় কোনো তথ্য যোগ করতে পারেন কিংবা প্রয়োজনীয় প্রশ্ন করতে পারেন।
শুরুতে একবার কথা বলতে পারলে পরবর্তী আলোচনায় অংশ নেওয়ার আত্মবিশ্বাস বাড়তে পারে। নিখুঁত কোনো বক্তব্য দেওয়ার অপেক্ষায় থাকলে অনেক সময় পুরো মিটিংই নীরবে কেটে যায়।
বক্তব্য নিখুঁত করার অপেক্ষা করবেন না
কীভাবে কথাটি শুরু করবেন, কোন শব্দ ব্যবহার করবেন কিংবা অন্যরা কী ভাববেন- এসব চিন্তা করতে করতেই অনেক সময় বক্তব্য দেওয়ার সুযোগ চলে যায়। মনে রাখতে হবে, মিটিং কোনো লিখিত প্রতিবেদন নয়। সেখানে প্রতিটি বাক্য নিখুঁত হওয়া জরুরি নয়। বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরতে পারলেই যথেষ্ট।
এ ক্ষেত্রে সহজ একটি কাঠামো অনুসরণ করতে পারেন। প্রথমে মূল সমস্যা বা বিষয়টি তুলে ধরুন। এরপর প্রয়োজনীয় তথ্য বা কারণ ব্যাখ্যা করুন। সবশেষে নিজের প্রস্তাব বা সমাধানের কথা বলুন। এতে বক্তব্য সংক্ষিপ্ত ও গোছানো থাকবে।
অন্যের বক্তব্যের সূত্র ধরে কথা শুরু করুন
নিজে থেকে নতুন কোনো প্রসঙ্গ তুলতে অস্বস্তি হলে সহকর্মীর বক্তব্যের সূত্র ধরে নিজের মতামত দিতে পারেন। কেউ কোনো সমস্যা তুলে ধরলে তার সঙ্গে প্রাসঙ্গিক তথ্য যোগ করুন। আবার কারও প্রস্তাবের সঙ্গে একমত হলে সেটির পক্ষে যুক্তি দিতে পারেন। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে প্রশ্নও করতে পারেন।
মিটিংয়ে অংশগ্রহণের অর্থ সব সময় নতুন বা অভিনব ধারণা দেওয়া নয়। প্রয়োজনীয় তথ্য যোগ করা, ভালো প্রশ্ন করা কিংবা আলোচনার কোনো বিষয় পরিষ্কার করাও গুরুত্বপূর্ণ অবদান।
কথা বলার সুযোগ নিজেই তৈরি করুন
বিশেষ করে বড় মিটিংয়ে কেউ আপনাকে কথা বলার জন্য আমন্ত্রণ জানাবেন, এমন অপেক্ষায় থাকলে সুযোগ নাও আসতে পারে। অনেক সময় কয়েকজনই আলোচনায় বেশি সক্রিয় থাকেন। তাই অন্যের বক্তব্য শেষ হলে ছোট বিরতি কাজে লাগিয়ে নিজের কথা বলুন। অনলাইন মিটিংয়ে হাত তোলার সুবিধা থাকলে সেটিও ব্যবহার করতে পারেন।
কেউ আপনার আগে একই বিষয় নিয়ে কথা বলে ফেললে হতাশ হবেন না। প্রয়োজন হলে তার বক্তব্যের সঙ্গে নতুন কোনো তথ্য বা ভিন্ন দৃষ্টিভঙ্গি যোগ করুন।
প্রয়োজনীয় প্রশ্ন করতে ভয় পাবেন না
মিটিংয়ে প্রশ্ন করলে অন্যরা আপনাকে অদক্ষ ভাববেন- এমন আশঙ্কা অনেকের মধ্যে থাকে। কিন্তু দায়িত্ব, কাজের সময়সীমা কিংবা প্রত্যাশা সম্পর্কে অস্পষ্টতা থাকলে প্রশ্ন করে নিশ্চিত হওয়া জরুরি। এতে পরবর্তী সময়ে ভুল বোঝাবুঝি ও কাজের জটিলতা কমে।
আপনার কোনো প্রশ্ন অন্য সহকর্মীদের মনেও থাকতে পারে। তবে আগে থেকেই জানানো হয়েছে বা সহজে খুঁজে পাওয়া সম্ভব, এমন তথ্য বারবার জানতে না চেয়ে মিটিংয়ের আগে প্রস্তুতি নেওয়া ভালো।
প্রতিটি মিটিং শেষে নিজের অগ্রগতি যাচাই করুন
মিটিংয়ে প্রত্যাশামতো কথা বলতে না পারলে নিজেকে দোষারোপ না করে কী করতে পেরেছেন, তা মূল্যায়ন করুন। অন্তত একটি প্রশ্ন করেছেন কি না, কাজের অগ্রগতি জানিয়েছেন কি না কিংবা আলোচনায় কোনো মতামত যোগ করেছেন কি না, সেদিকে নজর দিন।
পরবর্তী মিটিংয়ের জন্য ছোট লক্ষ্য নির্ধারণ করতে পারেন। যেমন, অন্তত একবার কথা বলবেন। অভ্যাস তৈরি হলে ধীরে ধীরে আলোচনায় অংশ নেওয়ার পরিমাণ বাড়ান। একদিনে সব সংকোচ কাটানোর চেষ্টা না করে নিয়মিত চর্চা করাই কার্যকর।
নিজের কাজের দক্ষতা ও চিন্তাভাবনা অন্যদের সামনে তুলে ধরতে পারা পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই নিখুঁত বক্তব্যের অপেক্ষায় না থেকে প্রয়োজনীয় সময়ে নিজের মতামত জানানোর অভ্যাস গড়ে তুলুন। এতে আত্মবিশ্বাস বাড়ার পাশাপাশি কর্মক্ষেত্রেও আপনার অবদান স্পষ্ট হবে।
সময়ের আলো/মহু