
হাফ বয়েল কিংবা ফুল বয়েল-দুই ধরনের ডিমেই প্রোটিনের পরিমাণ প্রায় সমান । ছবি : সংগৃহীত
হাফ বয়েল কিংবা ফুল বয়েল-দুই ধরনের ডিমেই প্রোটিনের পরিমাণ প্রায় সমান । ছবি : সংগৃহীতসকালের নাশতা থেকে রাতের খাবার-বিভিন্ন সময়ের খাদ্যতালিকায় ডিম রাখেন অনেকে। সহজলভ্য ও পুষ্টিকর এই খাবারটি শরীরের প্রোটিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ডিম খাওয়ার ধরনে রয়েছে ভিন্নতা। কেউ নরম কুসুমের হাফ বয়েল ডিম পছন্দ করেন, আবার কেউ খান পুরোপুরি সেদ্ধ ডিম। স্বাদ ও পছন্দের বাইরে স্বাস্থ্য সুরক্ষার বিবেচনায় কোনটি বেশি ভালো, তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।
পুষ্টিবিষয়ক তথ্য অনুযায়ী, মাঝারি আকারের একটি ডিমে প্রায় ৬ গ্রাম প্রোটিন থাকে। হাফ বয়েল কিংবা ফুল বয়েল-দুই ধরনের ডিমেই প্রোটিনের পরিমাণ প্রায় সমান। তবে জীবাণু সংক্রমণের ঝুঁকির কারণে রান্নার ধরনটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
হাফ বয়েল নাকি ফুল বয়েল
হাফ বয়েল ডিমের সাদা অংশ কিছুটা জমাট বাঁধলেও কুসুম নরম থাকে। অন্যদিকে ফুল বয়েল ডিমের সাদা অংশ ও কুসুম-দুটিই পুরোপুরি সেদ্ধ হয়।
ডিমের খোসা কিংবা ভেতরে সালমোনেলা নামের ব্যাকটেরিয়া থাকতে পারে। পর্যাপ্ত তাপে ডিম রান্না না হলে এই জীবাণু থেকে খাদ্যে বিষক্রিয়া হতে পারে। এতে ডায়রিয়া, বমি, পেটব্যথা ও জ্বরের মতো উপসর্গ দেখা দিতে পারে।
অন্যদিকে, ডিমের সাদা অংশ ও কুসুম ভালোভাবে সেদ্ধ হলে সালমোনেলা সংক্রমণের ঝুঁকি কমে যায়। তাই খাদ্যনিরাপত্তার দিক থেকে হাফ বয়েলের তুলনায় ফুল বয়েল ডিম বেশি নিরাপদ।
কাঁচা ডিমে প্রোটিন শোষণ কম
শরীরে দ্রুত পেশি গঠনের আশায় অনেকে কাঁচা ডিম খান। তবে এতে বাড়তি প্রোটিন সুবিধা পাওয়া যায় না। বরং কাঁচা ডিমের তুলনায় রান্না করা ডিমের প্রোটিন শরীর বেশি সহজে শোষণ করতে পারে।
‘দ্য জার্নাল অব নিউট্রিশন’-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, রান্না করা ডিমের প্রোটিন শরীর প্রায় ৯১ শতাংশ শোষণ করতে পারে। কাঁচা ডিমের ক্ষেত্রে এই হার প্রায় ৫১ শতাংশ। তাই প্রোটিনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ডিম রান্না করে খাওয়াই ভালো।
কাঁচা ডিমে বায়োটিন শোষণে বাধা
কাঁচা ডিমে অ্যাভিডিন নামের এক ধরনের প্রোটিন থাকে। এটি শরীরের প্রয়োজনীয় ভিটামিন বায়োটিনের সঙ্গে যুক্ত হয়ে এর শোষণে বাধা দিতে পারে। বায়োটিন চুল ও ত্বকের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখতে ভূমিকা রাখে। তবে ডিম রান্না করলে অ্যাভিডিনের এই প্রভাব কমে যায়।
ডিম খাওয়ার ক্ষেত্রে সতর্কতা
সেদ্ধ ডিমের পাশাপাশি পোচ বা ভাজা ডিমও খেতে পারেন। তবে রান্নার সময় অতিরিক্ত তেল ব্যবহার না করাই ভালো। জীবাণুর ঝুঁকি কমাতে ডিমের সাদা অংশ ও কুসুম ভালোভাবে জমাট বাঁধা পর্যন্ত রান্না করা উচিত।
সব মিলিয়ে, পুষ্টিগুণের দিক থেকে হাফ বয়েল ও ফুল বয়েল ডিমে বড় কোনো পার্থক্য না থাকলেও খাদ্যনিরাপত্তার বিবেচনায় পুরোপুরি সেদ্ধ ডিমই তুলনামূলক নিরাপদ। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী ও যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাদের আধা সেদ্ধ বা কাঁচা ডিম এড়িয়ে চলা উচিত।
সময়ের আলো/এসকে