সিকিম ভ্রমণে খরচ বাড়ছে কত

সময়ের আলো ডেস্ক

ফিচার

নীল পাহাড়ের বুক চিরে চলে গেছে আঁকাবাঁকা পথ। কোথাও মেঘের ভেলা এসে ছুঁয়ে যায় পাহাড়ের চূড়া, কোথাও বরফে ঢাকা পর্বতের

2026-11-26T21:05:54+00:00
2026-11-26T21:19:28+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ফিচার
সিকিম ভ্রমণে খরচ বাড়ছে কত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম  আপডেট: ২৬.১১.২০২৬ ৯:১৯ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
নীল পাহাড়ের বুক চিরে চলে গেছে আঁকাবাঁকা পথ। কোথাও মেঘের ভেলা এসে ছুঁয়ে যায় পাহাড়ের চূড়া, কোথাও বরফে ঢাকা পর্বতের পাশে ঝলমল করে হিমবাহের জল। প্রাচীন বৌদ্ধমঠ, পাহাড়ি লেক, ঘন বন আর বৈচিত্র্যময় সংস্কৃতির মেলবন্ধনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম পর্যটকদের কাছে এক স্বপ্নের গন্তব্য। গ্যাংটকের ব্যস্ত শহর থেকে ছাঙ্গু লেক, নাথুলা পাস কিংবা উত্তর সিকিমের নির্জন জনপদ—প্রতিটি জায়গাতেই প্রকৃতি মেলে ধরে তার ভিন্ন রূপ।

তবে সিকিম ভ্রমণের পরিকল্পনা থাকলে নতুন কিছু নিয়ম জেনে রাখা জরুরি। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে রাজ্যের নির্দিষ্ট সংরক্ষিত বনাঞ্চল, সুরক্ষিত ও সীমাবদ্ধ এলাকায় প্রবেশের ক্ষেত্রে পর্যটকবাহী যানবাহনের জন্য নতুন ফি ও অনুমতিপদ্ধতি কার্যকর হচ্ছে। গাড়ির ধরন, আসনসংখ্যা ও ভ্রমণ এলাকা অনুযায়ী ফি নির্ধারণ করেছে সিকিম সরকার। নতুন নিয়মে পর্যটকবাহী বাসের প্রবেশ ফি সর্বোচ্চ ১০ হাজার ভারতীয় রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ৫০০ টাকা।

যানবাহনভেদে প্রবেশ ফি

সিকিম সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, গ্যাংটক-পাকিয়ং ও মাঙ্গান জেলার নির্ধারিত সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশের জন্য আলাদা ফি দিতে হবে। নাথুলা-ছাঙ্গু লেক-বাবা মন্দির-জুলুক-লিংতাম সড়কপথ এবং মাঙ্গান বিভাগের সাংকালাং-তুং ও ফেদাং চেকপোস্টের পরবর্তী এলাকাগুলোতে এই ফি প্রযোজ্য হবে।

গ্যাংটক ও পাকিয়ং এলাকায় ১ হাজার সিসির বেশি ইঞ্জিনক্ষমতার পাঁচ আসনের ব্যক্তিগত গাড়ির প্রবেশ ফি ১ হাজার ৫০০ রুপি বা প্রায় ২ হাজার ২৫ টাকা। মাঙ্গানে একই গাড়ির জন্য দিতে হবে ১ হাজার ২০০ রুপি বা প্রায় ১ হাজার ৬২০ টাকা। ছয় থেকে ১০ আসনের গাড়ির ক্ষেত্রে গ্যাংটক-পাকিয়ংয়ে ফি ২ হাজার ৫০০ রুপি বা ৩ হাজার ৩৭৫ টাকা এবং মাঙ্গানে ১ হাজার ৫০০ রুপি বা ২ হাজার ২৫ টাকা।

১১ থেকে ১৫ আসনের ফোর্স বা টেম্পো ট্রাভেলারের জন্য গ্যাংটক-পাকিয়ংয়ে দিতে হবে ৪ হাজার ৫০০ রুপি বা প্রায় ৬ হাজার ৭৫ টাকা। মাঙ্গানে এই ফি ২ হাজার ৫০০ রুপি বা ৩ হাজার ৩৭৫ টাকা। ১৬ থেকে ২০ আসনের বাসের ক্ষেত্রে ফি যথাক্রমে ৬ হাজার ৫০০ ও ৩ হাজার ৫০০ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৭৭৫ ও ৪ হাজার ৭২৫ টাকা।

২১ থেকে ৩০ আসনের বাসের প্রবেশ ফি গ্যাংটক-পাকিয়ংয়ে ৭ হাজার ৫০০ রুপি বা ১০ হাজার ১২৫ টাকা এবং মাঙ্গানে ৫ হাজার ৫০০ রুপি বা ৭ হাজার ৪২৫ টাকা। ৩০ আসনের বেশি বাসের জন্য দিতে হবে যথাক্রমে ১০ হাজার ও ৭ হাজার ৫০০ রুপি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৩ হাজার ৫০০ ও ১০ হাজার ১২৫ টাকা।

ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য দুই এলাকাতেই ফি ৭৫০ রুপি বা প্রায় ১ হাজার ১৩ টাকা। মোটরসাইকেলের পেছনে থাকা আরোহীর জন্য অতিরিক্ত ৩৫০ রুপি বা প্রায় ৪৭৩ টাকা দিতে হবে। স্থানীয়ভাবে নিবন্ধিত মোটরসাইকেল ট্যাক্সির ফি ৩৫০ রুপি বা ৪৭৩ টাকা। এ ধরনের ট্যাক্সির পেছনের আরোহীর জন্য ফি ২৫০ রুপি বা প্রায় ৩৩৮ টাকা। তবে সব যানবাহনের আসনসংখ্যার মধ্যে চালকের আসনও অন্তর্ভুক্ত। নির্ধারিত ফির মধ্যেই পরিচালনা, ব্যবস্থাপনা ও লেনদেন-সংক্রান্ত চার্জ যুক্ত থাকবে।

অনুমতিপত্র দেবে যেসব দফতর 

নতুন নিয়মে অনুমতিপত্র ব্যবস্থার সমন্বয়কারী দফতর হিসেবে দায়িত্ব পালন করবে সিকিমের স্বরাষ্ট্র দপ্তর। পর্যটক ও অন্যান্য যোগ্য দর্শনার্থীর অনুমতিপত্র প্রক্রিয়া করবে পর্যটন ও বেসামরিক বিমান চলাচল দপ্তর। ভিআইপি, সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট অতিথিদের অনুমতিপত্র দেবে স্বরাষ্ট্র দপ্তর। সেনাবাহিনীর যানবাহন ও তাদের অতিথিদের অনুমতির বিষয়টি দেখবে সেনাবাহিনী।

সিকিমের বৈধ সাবজেক্ট সার্টিফিকেট, পরিচয়পত্র, আবাসিক সনদ কিংবা ভোটার পরিচয়পত্রধারী বাসিন্দারা যাচাই সাপেক্ষে অনুমতিপত্রের ফি থেকে অব্যাহতি পাবেন। সুরক্ষিত ও সীমাবদ্ধ এলাকায় বসবাসকারী যোগ্য বাসিন্দারা পুলিশি যাচাইয়ের পর বার্ষিক বিনা মূল্যের অনুমতিপত্রও পেতে পারেন। 

ডিজংকুতে হোমস্টে ভ্রমণে নেই অনুমতিপত্রের ফি

উত্তর সিকিমের ডিজংকু অঞ্চলও পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। সেখানকার পাহাড়, বন ও স্থানীয় সংস্কৃতির স্বাদ নিতে অনেকেই হোমস্টেতে থাকেন। সাংকালাং ও ফেদাংয়ের মতো পথ দিয়ে ডিজংকুতে হোমস্টে, দর্শনীয় স্থান কিংবা অনুমোদিত কাজে যেতে পর্যটকদের অনলাইনে অনুমতিপত্র নিতে হবে। তবে এ ক্ষেত্রে কোনো অনুমতিপত্র ফি বা সেবামূল্য দিতে হবে না।

একই সুবিধা প্রযোজ্য হবে অনুমোদিত গেস্ট হাউস, সরকারি গেস্ট হাউস, সরকারি সফর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত অন্যান্য ভ্রমণের ক্ষেত্রেও।

ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলেও লাগবে অনুমতি

বাণিজ্যিক পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন আগের মতোই নির্ধারিত চেকপোস্টের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে পারস্পরিক চুক্তির আওতায় চলাচলকারী বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে চুক্তিতে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত কোনো চার্জ নেওয়া হবে না।

ব্যক্তিগত গাড়ি—এমনকি ১ হাজার সিসির বেশি ইঞ্জিনক্ষমতার গাড়ি—এবং মোটরসাইকেলও নির্ধারিত চেকপোস্ট দিয়ে প্রবেশ করতে পারবে। তবে প্রয়োজনীয় অনুমতিপত্র নিতে হবে এবং প্রযোজ্য ফি পরিশোধ করতে হবে। ১৫০ সিসির বেশি ব্যক্তিগত মোটরসাইকেলের অনুমতিপত্র নিবন্ধিত মালিকের নামে ইস্যু করতে হবে।

এ ছাড়া সীমাবদ্ধ প্রবেশাধিকার এলাকায় কোনো সরকারি দফতর, সংস্থা, গ্রাম পঞ্চায়েত বা অন্য কোনো কর্তৃপক্ষ নতুন করে অতিরিক্ত কিংবা অননুমোদিত ফি আরোপ করতে পারবে না। 

প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় কড়াকড়ি

সিকিমের পাহাড়ি পরিবেশ ও জীববৈচিত্র্য অত্যন্ত সংবেদনশীল। অতিরিক্ত পর্যটক ও যানবাহনের চাপ পাহাড়ি সড়ক, বনভূমি এবং বন্যপ্রাণীর আবাসস্থলের ওপর প্রভাব ফেলতে পারে। নতুন নিয়মের অন্যতম উদ্দেশ্য হলো পর্যটকের চাপ নিয়ন্ত্রণ, যানবাহনের চলাচলের হিসাব রাখা এবং পরিবেশ সুরক্ষার পাশাপাশি পর্যটন ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা।


বন, পরিবেশ কিংবা বন্যপ্রাণী-সংক্রান্ত অপরাধে জড়িত পর্যটক, ট্যুর অপারেটর ও গাড়িচালকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বনভূমিতে কোনো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ১৯৮০ সালের বন সংরক্ষণ আইন এবং জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য, সংরক্ষণ এলাকা ও হিমালয়ান জুলজিক্যাল পার্কের ক্ষেত্রে ১৯৭২ সালের বন্যপ্রাণী সুরক্ষা আইন কার্যকর থাকবে।

সরকারি দায়িত্বে নিয়মিত চলাচলকারী সরকারি যানবাহনের জন্য আগাম অনুমতিপত্র নেওয়ার বাধ্যবাধকতা থাকবে না। তবে অনলাইন ব্যবস্থায় তাদের চলাচলের তথ্য নথিভুক্ত করতে হবে। প্রয়োজন মনে করলে স্বরাষ্ট্র দপ্তর অন্য কোনো যানবাহন বা ব্যক্তিকেও ফি ও অনুমতির বাধ্যবাধকতা থেকে ছাড় দিতে পারবে।

সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে তাই ভ্রমণ পরিকল্পনার পাশাপাশি নতুন নিয়মগুলোও জেনে নেওয়া প্রয়োজন। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেলে যাওয়ার ক্ষেত্রে কোন পথে প্রবেশ করবেন, কী ধরনের অনুমতি লাগবে এবং কত টাকা ফি দিতে হবে—এসব আগে থেকে হিসাব করে রাখলে ভ্রমণে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়ানো সহজ হবে।

*১ ভারতীয় রুপি = আনুমানিক ১.৩৫ বাংলাদেশি টাকা ধরে হিসাব করা হয়েছে। বিনিময় হার পরিবর্তনশীল। 

সূত্র : ট্র্যাভেল ট্রেড জার্নাল 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সিকিম ভ্রমণ  খরচ  বাড়ছে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: