
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতবনের কোনো এক কোণে দাঁড়িয়ে থাকা পুরোনো গাছটির কাণ্ডে ছোট্ট একটি গর্ত। বাইরে থেকে দেখলে মনে হতে পারে, গাছের শরীরে তৈরি হয়েছে সামান্য ক্ষত। কিন্তু একটু খোঁজ নিলেই দেখা যাবে, ওই গর্তের ভেতরেই গড়ে উঠেছে এক পাখির সংসার। এখানেই ডিম পাড়ে, ছানা ফোটায়, তাদের বড় করে তোলে। আশ্চর্যের বিষয়, নিজের হাতে গড়া সেই ঘরে শুধু নিজের পরিবারই নয়, জায়গা করে দেয় অন্য প্রাণীদেরও। কখনো বাদুড়, কখনো কাঠবিড়ালি- সবাই যেন এই ছোট্ট বাসার অতিথি। রঙিন চেহারা ও অদ্ভুত অতিথিপরায়ণতার জন্য পরিচিত এই পাখির নাম বড় বসন্ত বাউড়ি।
ইংরেজিতে লিনেটেড বারবেট নামে পরিচিত পাখিটির বৈজ্ঞানিক নাম সাইলোপোজন লিনেটাস। মাঝারি আকারের এই পাখি এশিয়ান বারবেট বা মেগালাইমিডি পরিবারের সদস্য। ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়াসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন বনে দেখা মেলে এর।
প্রথম দেখাতেই নজর কাড়ে পাখিটির বাহারি সাজ। সবুজ শরীরের সঙ্গে কপালে উজ্জ্বল লাল রং। মাথাজুড়ে কালো ও সাদা রেখার নকশা। প্রকৃতি যেন নিজের হাতে যত্ন করে এঁকে দিয়েছে তার শরীরের প্রতিটি রং। তবে, রূপের চেয়েও বেশি বিস্ময় লুকিয়ে আছে তার ঠোঁটে।
শক্তিশালী ঠোঁট দিয়ে গাছের কাণ্ড খুঁড়ে নিজের জন্য তৈরি করে নিরাপদ আবাস। এ ধরনের পাখিকে বলা হয় ক্যাভিটি নেস্টার। অর্থাৎ, যারা গাছের ভেতর গর্ত তৈরি করে বাসা বাঁধে। আর এই কঠিন কাজে একা নয়, সঙ্গীকে নিয়েই নামে বড় বসন্ত বাউড়ি। পুরুষ ও স্ত্রী পাখি পালা করে ঠোকর দিয়ে গাছের কাঠ সরায়। এভাবে ধীরে ধীরে তৈরি হয় তাদের স্বপ্নের সংসার।
তবে, গাছ বাছাইয়েও রয়েছে তাদের বিশেষ কৌশল। শক্ত, সতেজ কাণ্ডের বদলে নরম ও কিছুটা জীর্ণ গাছকেই বেশি পছন্দ করে তারা। কারণ, এমন গাছ খুঁড়ে গর্ত তৈরি করা তুলনামূলক সহজ। বাসা তৈরির জন্য উপযুক্ত সময়ও বেছে নেয় বেশ হিসাব করে।
সাধারণত মার্চ থেকে জুলাইয়ের মধ্যে শুরু হয় বাসা তৈরির ব্যস্ততা। গাছের কাণ্ডে প্রয়োজনীয় গভীরতার গর্ত তৈরি হয়ে গেলে সেখানে ডিম পাড়ে স্ত্রী পাখি। একেকবারে ডিমের সংখ্যা দুই থেকে চারটি। এরপর শুরু হয় মা-বাবার নতুন দায়িত্ব। প্রায় ১৪ থেকে ১৫ দিন দুজন পালা করে ডিমে তা দেয়। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে একসময় ডিমের খোলস ভেঙে বেরিয়ে আসে নতুন প্রাণ।
এরপর শুরু হয় ছানাদের বড় করে তোলার পালা। খাবারের সন্ধানে মা-বাবা দুজনই ছুটে বেড়ায় বনের এ প্রান্ত থেকে ও প্রান্তে। কখনো ঠোঁটে করে নিয়ে আসে ফল, কখনো পোকামাকড়। গাছের গভীর কোটরে নিরাপদে বেড়ে উঠতে থাকে ছোট্ট ছানাগুলো।
প্রায় ২৮ থেকে ৩০ দিন পর ছানারা একে একে বাসা ছাড়তে শুরু করে। তবে, সবাই একই সময়ে উড়তে শেখে না। কোনো ছানা বাসা ছেড়ে গেলেও ভেতরে যারা রয়ে যায়, তাদের ফেলে চলে যায় না মা-বাবা। আরও কয়েক সপ্তাহ ধরে চলে খাবার জোগানো ও পরিচর্যা। যত দিন না বাকি ছানাগুলো নিজেদের মতো চলতে শেখে, তত দিন তাদের দায়িত্ব পালন করে যায় দুজনেই।
বড় বসন্ত বাউড়ির সংসারের গল্প অবশ্য শুধু সন্তান লালন-পালনেই শেষ নয়। তাদের বাসারও রয়েছে দীর্ঘ ইতিহাস। একই গর্ত বছরের পর বছর ব্যবহার করতে পারে পাখিটি। আবার কোনো কোনো মৌসুমে নতুন করে গর্ত খুঁড়ে বাসা বানায়। কখনো অন্য পাখির তৈরি করা গর্ত দখল করেও সেখানে সংসার পাতে।
সবচেয়ে বিস্ময়কর বিষয়, নিজের জন্য তৈরি করা এই নিরাপদ আশ্রয় একসময় অন্য প্রাণীদেরও কাজে লাগে। বড় বসন্ত বাউড়ির পরিত্যক্ত বা খালি গর্তে আশ্রয় নেয় বাদুড় ও কাঠবিড়ালির মতো প্রাণী। অর্থাৎ যে গাছের কাণ্ডে একসময় ঠোঁটের আঘাতে নিজের ঘর তৈরি করেছিল পাখিটি, সেই ঘরই পরে হয়ে ওঠে অন্য প্রাণীর নিরাপদ ঠিকানা।
এ কারণেই বড় বসন্ত বাউড়িকে প্রকৃতির গুরুত্বপূর্ণ ‘বাস্তুতন্ত্র প্রকৌশলী’ বলা হয়। কারণ, শুধু নিজের আবাস তৈরি করেই থেমে থাকে না তারা; তাদের তৈরি করা গর্ত অন্য প্রাণীর বেঁচে থাকার সুযোগও তৈরি করে।
সময়ের আলো/এসএকে