
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতঅনেকেই মনে করেন, বয়স বাড়লেই মানুষ দুর্বল হয়ে পড়ে, কমে যায় স্মৃতিশক্তি ও কার্যক্ষমতা। কিন্তু বয়স নিয়ে এই নেতিবাচক চিন্তাভাবনা কি সত্যিই মানুষের আয়ু কমিয়ে দিতে পারে? গবেষণা বলছে, বার্ধক্য সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। এমনকি দীর্ঘায়ুর সঙ্গেও রয়েছে এর সম্পর্ক। মনোবিজ্ঞানে এ বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে ‘স্টেরিওটাইপ এমবডিমেন্ট থিওরি’র মাধ্যমে।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক ও মনোবিজ্ঞানী বেকা লেভি এই তত্ত্বটি তুলে ধরেন। তার গবেষণার মূল বিষয় ছিল বয়স সম্পর্কে সমাজের প্রচলিত ধারণা কীভাবে মানুষের নিজের বয়স সম্পর্কে চিন্তাভাবনা, আচরণ ও স্বাস্থ্যে প্রভাব ফেলে।
তার ব্যাখ্যা অনুযায়ী, মানুষ ছোটবেলা থেকেই বয়স্ক ব্যক্তিদের সম্পর্কে নানা ধারণা শুনে ও দেখে বড় হয়। যেমন- বয়স হলে স্মৃতিশক্তি কমে যায়, নতুন কিছু শেখা কঠিন হয়, শরীর দুর্বল হয়ে পড়ে কিংবা জীবনে নতুন কিছু শুরু করার আর সুযোগ থাকে না। এ ধরনের ধারণা বারবার শুনতে শুনতে একসময় মানুষের নিজের মধ্যেও বিশ্বাস তৈরি হতে পারে। তখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে নিজেকেও ওই ধারণার আলোকে দেখতে শুরু করে।
কীভাবে কাজ করে এই তত্ত্ব?
স্টেরিওটাইপ এমবডিমেন্ট থিওরি মূলত ৪টি বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি।
য়স সম্পর্কে মানুষের ধারণা একদিনে তৈরি হয় না। পরিবার, সমাজ, গণমাধ্যম ও চারপাশের মানুষের আচরণ দেখে শৈশব থেকেই এসব ধারণা গড়ে ওঠে। সময়ের সঙ্গে সেগুলো মানুষের নিজের বিশ্বাসে পরিণত হতে পারে।
মানুষ সব সময় বুঝতে পারে না যে, বয়স সম্পর্কে তার ধারণা নিজের আচরণকে নিয়ন্ত্রণ করছে। নেতিবাচক ধারণা অবচেতন মনেও কাজ করতে পারে। ফলে, বয়স বাড়ার পর সে নিজের সক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করে।
তরুণ বয়সে মানুষ বয়স্কদের নিয়ে প্রচলিত ধারণাকে নিজের সঙ্গে মিলিয়ে দেখে না। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ধারণাগুলো নিজের জীবনের সঙ্গে সম্পর্কিত মনে হতে শুরু করে। তখন এগুলোর প্রভাবও বাড়তে পারে।
বয়স সম্পর্কে নেতিবাচক বিশ্বাস মানুষের মানসিক অবস্থা, শারীরিক প্রতিক্রিয়া ও দৈনন্দিন আচরণে প্রভাব ফেলতে পারে। যেমন, নিজেকে দুর্বল মনে করলে কেউ শারীরিক কর্মকাণ্ড কমিয়ে দিতে পারেন। আবার নিজের স্মৃতিশক্তি নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হলে নতুন কিছু শেখার আগ্রহও কমে যেতে পারে।
নেতিবাচক ধারণা কীভাবে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে?
ধরা যাক, একজন ব্যক্তির বয়স ৬০ বছর। তার চারপাশের মানুষ বারবার বলছেন, এই বয়সে আর নতুন কিছু শেখা যায় না, শরীরচর্চা করে লাভ নেই কিংবা বয়স হলে অসুস্থ থাকাটাই স্বাভাবিক।
একসময় ওই ব্যক্তিও এসব কথা বিশ্বাস করতে শুরু করলেন। ফলে তিনি নতুন কিছু শেখার চেষ্টা বন্ধ করলেন, হাঁটাচলা কমিয়ে দিলেন এবং নিজের স্বাস্থ্য নিয়ে সচেতনতা হারালেন। এতে তার শারীরিক ও মানসিক সক্ষমতা আরও কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
বেকা লেভি ও তার সহকর্মীদের গবেষণায় বয়স সম্পর্কে ইতিবাচক ও নেতিবাচক ধারণার সঙ্গে মানুষের স্বাস্থ্য ও শারীরিক সক্ষমতার সম্পর্ক উঠে এসেছে।
একটি দীর্ঘমেয়াদি গবেষণায় ৫০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের দুই দশকেরও বেশি সময় পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা যায়, যারা নিজেদের বার্ধক্য সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করতেন, তাদের পরবর্তী সময়ে শারীরিক সক্ষমতা তুলনামূলক ভালো ছিল। একই গবেষণায় ইতিবাচক ধারণা পোষণকারীরা নেতিবাচক ধারণা পোষণকারীদের তুলনায় গড়ে ৭ দশমিক ৫ বছর বেশি বেঁচেছিলেন।
আরেকটি গবেষণায় দেখা গেছে, অপেক্ষাকৃত কম বয়সে যাদের মধ্যে বার্ধক্য নিয়ে নেতিবাচক ধারণা ছিল, পরবর্তী জীবনে তাদের হৃদ্রোগসংক্রান্ত জটিলতার ঝুঁকি বেশি ছিল।
এই তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, বয়স সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা সম্ভব। এ জন্য কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ-
বয়স বাড়লেও নতুন কিছু শেখার আগ্রহ ধরে রাখা।নিয়মিত হাঁটাচলা ও শারীরিক ব্যায়াম করা।পরিবার, বন্ধু ও সমাজের সঙ্গে যোগাযোগ বজায় রাখা।বয়সের কারণে নিজেকে অযোগ্য মনে না করা।স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে সেটিকে শুধু বয়সের স্বাভাবিক পরিণতি ভেবে অবহেলা না করা।বয়স্ক ব্যক্তিদের অভিজ্ঞতা, দক্ষতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে সম্মান করা।
তবে পরিবারে বয়স্কদের সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে, কর্মক্ষেত্রে তাদের কতটা সুযোগ দেওয়া হচ্ছে কিংবা গণমাধ্যমে তাদের কীভাবে উপস্থাপন করা হচ্ছে- এসব বিষয়ও বয়স সম্পর্কে মানুষের ধারণা তৈরিতে ভূমিকা রাখে।
বয়স বাড়ানো মানুষের হাতে নেই, কিন্তু বয়সকে কীভাবে দেখব, তা অনেকটাই আমাদের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। বার্ধক্য মানেই দুর্বলতা, অসহায়ত্ব কিংবা জীবনের সম্ভাবনা শেষ হয়ে যাওয়া নয়। বরং সঠিক জীবনযাপন, সামাজিক সহযোগিতা ও ইতিবাচক মনোভাব নিয়ে এই সময়ও সুন্দরভাবে কাটানো সম্ভব।
সময়ের আলো/এসএকে