প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৪:৩৭ এএম

গ্রাফিক : সময়ের আলো
গ্রাফিক : সময়ের আলো গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবন ও মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে প্রায় আধা ঘণ্টার ব্যবধানে দুটি স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ইউএনও নাহিদ ভূঞা জানান, রাত ১০টা ২২ মিনিটের দিকে তাঁর সরকারি বাসভবনের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় তিনি ভবনের দোতলায় ছিলেন। বিকট শব্দ শুনে বাইরে এসে বিস্ফোরণের বিষয়টি জানতে পারেন।
তিনি বলেন, বাসভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য দেখা গেছে। তবে ফুটেজে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।
এর কিছুক্ষণ পর রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর ওপর থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। সেতুর পূর্ব ও পশ্চিম পাশে পরপর দুটি বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ স্থানে সরে যান। রাত হওয়ায় ওই এলাকায় লোকজনের উপস্থিতি তুলনামূলক কম ছিল। ফলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল দুটি পরিদর্শন করেছে। ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
সময়ের আলো/জেডি