প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ এএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলেন রেলকর্মীরা। ঘটনার সময় ট্রেনে কোনো যাত্রী ছিলেন না।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনটি তখন দেওয়ানহাটের ইয়ার্ড থেকে স্টেশনের দিকে যাচ্ছিল।
চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ট্রেনটি কদমতলী এলাকায় পৌঁছালে একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দুটি আসনে আগুন দেওয়া হয়। পরে দুই-এক মিনিটের মধ্যেই রেলকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। নির্ধারিত সময়েই ট্রেনটি ছেড়ে গেছে।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকাগামী মেইল ট্রেনটি রাত পৌনে ১২টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়।
এদিকে, ট্রেনের আসনে আগুন দেওয়ার খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা স্টেশন এলাকায় ট্রেনটি পরিদর্শন করেন।
সময়ের আলো/জেডি