প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:১৯ পিএম

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিশৈশবে বন্যহাতির আক্রমণে হারিয়েছিলেন বাবা, মা ও নানাকে। একই ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া মো. সাহাব উদ্দিন প্রায় ২০ বছর পর আবারও হাতির আক্রমণের শিকার হয়েছেন। এবার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাতে প্রায় ১৪টি ছোট-বড় হাতির একটি পাল লোকালয়ে প্রবেশ করে। হাতি তাড়াতে স্থানীয়দের সঙ্গে যোগ দেন সাহাব উদ্দিন। এ সময় একটি হাতি দলছুট হয়ে তার দিকে তেড়ে আসে। হাতির ধাক্কায় সড়কে পড়ে গেলে শুঁড় দিয়ে তুলে দূরে ছুড়ে মারে তাকে। ২৫ বছর বয়সি সাহাব উদ্দিন আমুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামের মৃত বাচা মিয়ার ছেলে। তিনি পেশায় বাগান শ্রমিক।
স্থানীয় ইউপি সদস্য আবু জাফর জানান, প্রায় ২০ বছর আগে হাতির আক্রমণে সাহাব উদ্দিনের বাবা-মা ও নানা মারা যান। তখন তার বয়স ছিল পাঁচ বছর। সেবার খড়ের গাদায় পড়ে প্রাণে বেঁচেছিলেন তিনি।
সময়ের আলো/এনএন